অধ্যাপক, নটর ডেম কলেজ, ঢাকাজীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের ওপর লেখা থাকবে—‘একটি প্রশ্নের সবগুলো অংশের উত্তর শেষ করে অপর প্রশ্নের উত্তর দিতে হবে।’ এর অর্থ হচ্ছে, যেকোনো একটি প্রশ্নের সবগুলো অংশের উত্তর আগে শেষ করে নেবে, তারপর নতুন প্রশ্নে হাত দেবে। মনে করো একটি প্রশ্নের তিনটি অংশ আছে—(ক), (খ) ও (গ)। তুমি প্রথমে (ক) ও (গ) অংশ উত্তর দিয়ে অন্য প্রশ্নে চলে গেলে। তারপর শেষ দিকে (খ) অংশ দিলে। এ ক্ষেত্রে (খ) অংশের উত্তরে তোমাকে কোনো নম্বরই দেওয়া হবে না। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। কিছু অধ্যায় আছে, যেখান থেকে উত্তর করলে শতভাগ নম্বরই পাওয়া যায়। যেমন উদ্ভিদজগতের শ্রেণী বিন্যাস, কোষ বিভাজন এবং উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া। চেষ্টা করবে এসব অধ্যায় থেকে উত্তর দিতে এবং সম্ভব হলে প্রথমেই এ কাজটি করে ফেলবে। এতে তোমার প্রতি ভালো ধারণা হবে। জিনতত্ত্বের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথম পত্রে উদ্ভিদ দিয়ে উদাহরণ দিতে হবে।উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রে ছকের মাধ্যমে প্রাকৃতিক অথবা আধুনিক শ্রেণী বিন্যাস দেখাতে বলা হয়। এ ক্ষেত্রে ছকের মধ্যেই প্রতিটি গ্রুপের প্রধান তিনটি বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ দিতে হবে। উদাহরণ অবশ্যই বৈজ্ঞানিক নাম হতে হবে এবং দুটি অংশের নিচে আলাদাভাবে দুটি দাগ দিতে হবে। যেমন—Mangifera indica (আম)।তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, চারটি অধ্যায় উদ্ভিদবিজ্ঞান বিষয়ের মধ্যেই রয়েছে। এগুলো হচ্ছে—কোষ, জিনতত্ত্ব, বায়োটেকনোলজি এবং ইকোলজি। এসব অধ্যায়ের খুঁটিনাটি সবই পড়বে।