প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, উচ্চতর গণিত বিষয়ে এ+ পেতে হলে প্রয়োজন নিয়মিত অনুশীলন, মনোযোগ ও সতর্কতা। ১ নম্বর প্রশ্ন (সেট): সেটের চিহ্ন না দিলে নম্বর কাটা যাবে। পাওয়ার সেটের বেলায় দ্বিতীয় বন্ধনীর ভেতর উপাদানগুলো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে। অন্যথায় নম্বর কাটা যাবে। যথাস্থানে ‘=’ বা/অথবা না লিখলে ১ নম্বর কাটা যাবে। ২ নম্বর প্রশ্ন: বীজগণিতীয় রাশি: আংশিক ভগ্নাংশের সময় অভেদের চিহ্ন (=) ব্যবহার করবে। উৎপাদকের অঙ্কগুলো ভ্যানিশিং নিয়মে না করলে অনেক সময় নম্বর কমে যাবে। ৩ নম্বর প্রশ্ন: গাণিতিক আরোহ পদ্ধতি: অঙ্কগুলো করার সময় n=1 হলে প্রথম পদ লিখবে, না হলে নম্বর কাটা যাবে। ৪ নম্বর প্রশ্ন: সূচক লগারিদম: লগের অঙ্কে ধনাত্মক সংখ্যা ও ভিত্তি সঠিক করে লিখবে। অন্যথায় নম্বর কাটা যাবে। সূচকসংক্রান্ত অঙ্কে সূচক চিহ্নটি স্পষ্টভাবে লিখবে, অন্যথায় নম্বর কাটা যাবে। ৫ নম্বর প্রশ্ন: অঙ্কগুলোর ক্ষেত্রে অর্ধেক করতে পারলেই অর্ধেক নম্বর পাবে। ডোমেন রেঞ্জ লেখার সময় দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। না হলে নম্বর কাটা যাবে। ৬ নম্বর প্রশ্ন: উত্তর নির্ভুল, কিন্তু সমাধানের যেকোনো স্তরে ভুল থাকলে কোনো নম্বর পাবে না। সমাধান স্তর সঠিক লিখিত হলে উত্তরে ভুল থাকলেও ১ নম্বর কাটা যাবে। ৭ নম্বর প্রশ্ন: ক্রমজোড়ের মাধ্যমে উত্তর দিলে প্রথম বন্ধনী দিতে হবে। না হলে নম্বর কাটা যাবে। ৮ নম্বর প্রশ্ন: সঠিক সূত্র প্রয়োগ না করলে কোনো নম্বর পাবে না। ৬ নম্বর প্রশ্নের উত্তর ভগ্নাংশে রাখতে হবে, অন্যথায় কোনো নম্বর পাবে না। ৯ নম্বর প্রশ্ন: জ্যামিতিতে চিত্র ব্যতিরেকে বা ভুল চিত্রের সাহায্যে বর্ণনা বা প্রমাণ লিখলে অথবা বর্ণনা বা প্রমাণের সঙ্গে কোনো মিল না থাকলে কোনো নম্বর পাবে না। উপপাদ্যের বিশেষ নির্বাচনের পর চিত্র দিলে কোনো নম্বর পাবে না। বিশেষ নির্বাচন বা প্রমাণ সঠিক না হলে শুধু চিত্রের জন্য কোনো নম্বর পাবে না। ১০ নম্বর প্রশ্ন: উপপাদ্যের বিশেষ নির্বাচন ভুল হলে কোনো নম্বর পাবে না। ১১ নম্বর প্রশ্ন: সম্পাদ্য ও উপপাদ্যে সাধারণ নির্বাচন না লিখলে কোনো নম্বর কাটা যাবে না। যেকোনো যুক্তিযুক্ত জ্যামিতিক প্রমাণ বা অঙ্কন গ্রহণযোগ্য এবং পূর্ণ নম্বর পাবে। সম্পাদ্যের চিত্র অঙ্কন না করলে বা ভুল করলে অথবা অঙ্কনের প্রয়োজন না থাকলে শুধু লেখার জন্য কোনো নম্বর পাবে না। সম্পাদ্যে শুধু চিহ্নসহ চিত্র আঁকলে অর্ধেক নম্বর পাবে। শুধু বিবরণের জন্য কোনো নম্বর পাবে না। ১২ নম্বর প্রশ্ন: যথাস্থানে ভেক্টরের চিহ্ন দিতে হবে, অন্যথায় নম্বর কাটা যাবে। ১৩ নম্বর প্রশ্ন: উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে অথবা আসন্ন উত্তরে প্রায় অথবা আসন্ন না লিখলে ১ নম্বর কাটা যাবে। প্রয়োজনীয় চিত্র এঁকে সমাধান করলে পূর্ণ নম্বর পাওয়ার নিশ্চয়তা থাকবে। ১৪ নম্বর প্রশ্ন: ত্রিকোণমিতি: কোণের ডিগ্রির পরিমাপগুলো স্পষ্ট করে লিখতে হবে, অন্যথায় নম্বর কাটা যাবে। ডিগ্রি চিহ্ন না দিলে ১ নম্বর কাটা যাবে। ১৫ নম্বর প্রশ্ন: সারণির পর সূত্র লিখে অঙ্ক করবে। আসন্ন উত্তরে প্রায় না লিখলে ১ নম্বর কাটা যাবে।