ভালো নম্বরের জন্য পড়ো পাঠ্যবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ২০১১ সালের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, পরীক্ষার রুটিন পেয়ে গেছ। নিজেদের সঠিকভাবে প্রস্তুত করছ ভালোমতো পরীক্ষাটি সম্পন্ন করার জন্য। এত দিন তোমরা নিশ্চয়ই প্রতিটি বিষয়ের ওপর নির্ধারিত সিলেবাস শেষ করেছ। এখন এগুলোই ঠান্ডা মাথায় অনুশীলন করতে হবে। কোচিং সেন্টার বা অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে ঘরে বসে বিষয়গুলো রুটিন করে রিভিশন দেবে।বাংলা প্রথম পত্রের প্রতিটি গল্প ও কবিতা ভালোমতো পড়বে এবং প্রতিটি লাইনের অর্থ বুঝতে চেষ্টা করবে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তা বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে গিয়ে বুঝে নেবে। বহুনির্বাচনী প্রশ্নোত্তরের জন্য কোনো কিছুই বাদ দিয়ে পড়া যাবে না। শব্দার্থ, টীকা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি—সবকিছু মন দিয়ে পড়তে হবে। তোমরা জানো, একটা উদ্দীপক থেকে চারটি সৃজনশীল প্রশ্নোত্তর লিখতে হয়। ক নম্বর প্রশ্নের উত্তর জ্ঞানমূূলক। এটি বইয়ের মধ্যেই নির্দিষ্ট করে দেওয়া থাকে। তাই বানান ঠিক রেখে সঠিকভাবে উত্তরটি লিখবে। খ নম্বর প্রশ্নের উত্তর অনুধাবনমূলক। এখানে ‘কেন বলা হয়েছে’, ‘কী বোঝানো হয়েছে’, ‘কথাটির অর্থ কী’ ইত্যাদি ভাষায় প্রশ্নের উত্তর চাওয়া হয়। উত্তরটি লেখার জন্য পাঠ্যবই ভালোমতো আত্মস্থ করতে হবে। বেশি ভূমিকা না টেনে, সরাসরি প্রশ্নে যা চাওয়া হয়েছে, ঠিক সেই উত্তরটুকু স্পষ্ট করে লিখতে পারলে ২-এর মধ্যে ২ নম্বর পাওয়া যাবে। গ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সঙ্গে পাঠ্যবইয়ের কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ, তা খুঁজে বের করতে হবে। তারপর দুটো বিষয়ের ওপর ধারণা রেখে উত্তর লিখবে। এখানে উদ্দীপকের সঙ্গে মিল, অমিল বা তুলনা যা-ই থাক, পাঠ্যবইয়ের বিষয়টি বেশি করে ফুটিয়ে তুলতে হবে এবং শেষে একটা যুক্তিসংগত উপসংহার টানতে হবে। ঘ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। এ প্রশ্নে সাধারণত বিশ্লেষণ, মূল্যায়ন, আলোচনা, যৌক্তিকতা নিরূপণ ইত্যাদি করতে বলা হয়। অর্থাৎ উদ্দীপকের আলোকে পাঠ্য বিষয়ের মূল ভাব বা আংশিক বিষয়কে বুঝিয়ে দিতে বলা হয়। এখানে ভূমিকা লিখে তারপর মূল বক্তব্য এবং শেষে উপসংহার টেনে তিনটি প্যারায় সুন্দর করে উত্তরটি লিখবে। তবে কোনো শিরোনাম বা পয়েন্টের নাম উল্লেখ করে লেখার দরকার নেই। তোমাদের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরামর্শ হলো, ছয়টি প্রশ্নের উত্তরই যাতে সম্পূর্ণ করতে পার, সেভাবে সময় ভাগ করে লিখবে। কোনোটি বেশি বড় ও ভালো করে লিখতে গিয়ে অন্য প্রশ্ন ছেড়ে দিয়ে আসবে না। তাহলে নম্বর কমে যাবে এবং সে ক্ষেত্রে আশানুরূপ ফল করাটা দুরূহ হবে। অযথা কাটাকাটি করবে না। কবিতা, গল্প বা লেখকের নামের বানানের প্রতি সতর্ক থাকবে। খাতায় নিয়মানুযায়ী মার্জিন টানবে এবং হাতের লেখা খুব ভালো না হলেও অবশ্যই যেন লেখাটি পরিচ্ছন্ন হয়।রিভিশন: পরীক্ষার পুরো খাতা রিভিশন দেওয়ার জন্য অবশ্যই আলাদা সময় রাখবে। রিভিশন দিলে হঠাৎ করে ফেলা ভুলগুলো শুদ্ধ করতে পারবে, নম্বরও বেশি আসবে।