ভালো নেই কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা
সকাল সাড়ে নয়টায় স্কুলে আসেন খাদিজা, আর বাড়ি ফেরেন বিকেল চারটায়। মধ্যখানে সামান্য টিফিন ছাড়া একটানা ক্লাস নিতে হয় তাঁকে। ছোট ছোট বাচ্চাকে সামলাতে তাঁকে বেশ বেগ পেতেও হয়। সারা দিন এভাবে পরিশ্রম করলেও উপযুক্ত পারিশ্রমিক মেলে না। কারণ, তিনি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। খাদিজার মতো একই অবস্থা ঝিনাইদহ জেলার ৩৭টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১১৯ জন শিক্ষকের। কমিউনিটি স্কুলগুলোর অবকাঠামোর অবস্থাও খুবই নাজুক। ১৯৯১ সালের পর কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠিত কমিউনিটি বিদ্যালয়গুলোতে দুটি করে কক্ষ আর একটি করে বাথরুম নির্মাণ করে দিয়েছে সরকার। দীর্ঘ ১৫-২০ বছরে স্কুলগুলোর কী অবস্থা, তা কেউ খোঁজ নেয়নি। অথচ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা চলছে এই স্কুলগুলোতে। জেলার মোট শিশুর মধ্যে প্রায় ছয় হাজার এসব স্কুলে পড়ালেখা করছে। সদর উপজেলায় ছয়টি, কালীগঞ্জে ছয়টি, মহেশপুরে ১০টি, শৈলকুপায় ১১টি, কোটচাঁদপুরে তিনটি ও হরিণাকুণ্ডু উপজেলায় একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।সরেজমিনে কয়েকটি কমিউনিটি বিদ্যালয়ে দেখা যায়, সেখানেও অন্য সব প্রাথমিক বিদ্যালয়ের মতো শিশুরা চেঁচামেচি করছে। ক্লাসে শিক্ষক শিশুদের পড়া বুঝিয়ে দিচ্ছেন। দেয়ালে অঙ্ক লিখে শেখাচ্ছেন। কিন্তু এদের ঠিকমতো বসার জায়গা নেই। কোথাও চাটাই দিয়ে অতিরিক্ত ক্লাসরুম তৈরি করা হয়েছে, আবার কোথাও ঠাসাঠাসি করে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। সদর উপজেলার চেউনিয়া-খেদাপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের দুটি রুমে শিক্ষকেরা ক্লাস করাচ্ছেন। একটি রুম ক্লাসের পাশাপাশি শিক্ষকেরা অফিস হিসেবে ব্যবহার করেন। পাশে চাটাই দিয়ে গ্রামবাসী একটি রুম তৈরি করে দিয়েছেন। সেখানেও পাঠদান করেন শিক্ষকেরা। এই স্কুলে ২২০ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, বর্তমানে তাঁরা চারজন শিক্ষক এখানে কর্মরত। হালিমা খাতুন, সাহানুর রহমান ও মায়া রানী নামে তাঁর আরও তিনজন সহকর্মী রয়েছেন। ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১৬ বছর তাঁরা নামমাত্র পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। তাঁরাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সব দায়িত্ব পালন করেন। কমিউনিটি স্কুলগুলোর শিক্ষার্থীদের পাসের হারও সরকারি স্কুলের চেয়ে কম নয়। অথচ তাঁদের তিন ভাগের এক ভাগ বেতনও দেওয়া হয় না।কালীগঞ্জ উপজেলার হাজীপুর-বুজুরুক মুন্দিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ক্লাসরুম আছে। তাঁরাও চাটাই দিয়ে অতিরিক্ত একটি ক্লাসরুম তৈরি করে নিয়েছেন। শিক্ষকদের বসার অফিস রুম নেই। বারান্দায় চেয়ার পেতে দাপ্তরিক কাজ করেন। এই বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন চারজন। প্রধান শিক্ষক কহিনুর মঞ্জুর জরিপের কাজে বাইরে ছিলেন। খাদিজাতুল কোবরা, মাহমুদা খাতুন ও হাসিনা খাতুন নামের অন্য তিন শিক্ষক ক্লাস নিচ্ছেন। খাদিজাতুল কোবরা জানান, ১৯৯৬ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে তিনি এখানে চাকরি করছেন। সরকার প্রথম দিকে দুটি রুম ও একটি বাথরুম করে দেয়। এর পর আর কোনো ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে তারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করছেন। শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেড়েছে। ফলে তাঁদের পাঠদানে অসুবিধা হচ্ছে। সদর উপজেলার কেশবপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান সর্দার জানান, তাঁদের বিদ্যালয় থেকে এবার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৩০ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘এই স্কুলগুলোর বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। স্থানীয়ভাবে আমাদের করার কিছু নেই।’