ভালো নেই খালগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলায় বিভিন্ন নদীর প্রশাখা বেড়িয়ে সাতটি খাল বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। খালগুলো হচ্ছে মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের রণ খাল, একই ইউনিয়নের বাজিতপুর খাল, কুলবাড়িয়া গ্রামের বিলকুলা খাল, কুতুবপুর গ্রামের ফরিদখাল, আশরাফপুর খাল, ভবানন্দপুর খাল, মুজিবনগরের কেদারগঞ্জ গ্রামের সরস্বতী খাল ও হরিরামপুর গ্রামের হামকুড়ার খাল।মুজিবনগর কেদারগঞ্জ বাজারে সরস্বতী খালের পাড় দখল করে গড়ে উঠেছে দোকান ও মার্কেট। গ্রামবাসী সূত্রে জানা যায়, এলাকার ফিয়াজ মল্লিক, আক্কাস আলী, নুরু মণ্ডলসহ কয়েকজন খালের পাড় দখল করে শতাধিক দোকান বানিয়েছেন। ক্লিন হার্ট অপারেশনের সময় জেলা পরিষদ কর্তৃপক্ষ সেনাবাহিনীর সহায়তায় এই খাল পারের জায়গা দখলমুক্ত করলেও আবার তা দখল হয়ে গেছে। এই খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন এলাকার প্রভাবশালী কয়েক ব্যক্তি ও ক্লাব সংগঠন।গাংনীর তিরাইল ভরাট গ্রামে গিয়ে দেখা গেছে, জিয়া খালের জায়গা দুই পারের ব্যক্তিরা নিজেদের দাবি করে এখন একসময়ের সুপ্রশস্ত খালকে সরু করে ফেলেছে। এসব উন্মুক্ত জলমহাল দিনে দিনে দখল হয়ে যাওয়ায় প্রাকৃতিক মাছের আহরণ বা মানুষের গোসল-সুবিধা বন্ধ হয়ে গেছে। একই দশা অন্য খালগুলোর।বর্তমান সরকার খালগুলো রক্ষার জন্য আবার লিজ প্রথা চালু করেছে। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের চাপের কারণে খালগুলো এখন লিজ দেওয়া যাচ্ছে না। তথ্য সংগ্রহকালে দেখা গেল, জেলায় সরকারি খাল কয়টি এবং কোথায়, তা জানে না সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। জেলা ভূমি অফিসের একাধিক কর্মকর্তার কাছে জেলায় কয়টি খাল আছে জানতে চাইলে পরিসংখ্যান জানাতে পারেননি।সরকারি পুকুরগুলোর কী হাল?: তথ্য অনুসন্ধানে জানা গেল, মেহেরপুর শহরে মৎস্য বিভাগের মৎস্য প্রজননের জন্য আটটি পুকুর রয়েছে। আট পুকুর নামেই স্থানটি পরিচিত। রক্ষণাবেক্ষণের অভাবে এবং একশ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতির কারণে এখানকার আটটি পুকুরই শুকিয়ে গেছে। একসময় পুকুরগুলোতে প্রতিবছর কয়েক লাখ টাকার মাছের পোনা উৎপাদিত হতো। আবার ইজারা দিয়েও কয়েক লাখ টাকা সরকার আয় করত। কিন্তু এখন পুকুরগুলো ইজারা দেওয়া হয় না। এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্য বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, গাংনী উপজেলায়ও সরকারি এমন প্রকল্প ও সম্পদ আছে। সেখানে ছয়টি পুকুর রয়েছে। সেগুলোও নষ্ট হচ্ছে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে। বাকি পুকুরগুলো ইজারা দেওয়া হচ্ছে বলে তাঁরা জানান।