ভালো নেই খিলগাঁও কর্মজীবী হোস্টেলের নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলের সিট ভাড়া গত মাস থেকে গড়ে ৩০০ টাকা বাড়ানো হয়েছে। একসঙ্গে এত টাকা বাড়ানো এবং বিদ্যমান নানান অব্যবস্থাপনার প্রতিবাদে বোর্ডারদের (হোস্টেলের বাসিন্দা) অধিকাংশই নভেম্বরের সিট ভাড়া দেননি। ফলে খিলগাঁওয়ের এই হোস্টেলের কর্মচারীদের দুই মাসের বেতন আটকে আছে। বোর্ডার ও হোস্টেল কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় হোস্টেলে এখন অস্থিরতা বিরাজ করছে। নারীরা অভিযোগ করেছেন, ভাড়া বাড়ানোর প্রতিবাদ করার অপরাধে সিট ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে হোস্টেল কর্তৃপক্ষ। হোস্টেলের সাবেক সহকারী হোস্টেল সুপার ও হিসাবরক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাঁদের অন্য জায়গায় বদলি করা হয়েছে। এ ছাড়া সাবেক সহকারী হোস্টেল সুপারের অফিসকক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। হোস্টেলের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, গ্যাস বিল ছয় লাখ টাকা ও পানির বিল দুই লাখ টাকা বকেয়া আছে। বোর্ডাররা অভিযোগ করেন, হোস্টেল কর্তৃপক্ষ তাঁদের অনিয়ম ঢাকার কৌশল হিসেবে অযৌক্তিকভাবে সিট ভাড়া বাড়িয়েছেন।মহিলাবিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই হোস্টেলের নারী বাসিন্দারা ভালো নেই। হোস্টেল কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা ও হোস্টেল-কর্মীদের অসদাচরণ দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বোর্ডাররা।হোস্টেলটিতে তৃতীয়, চতুর্থ শ্রেণীসহ যেকোনো স্তরের কর্মজীবী নারী থাকার জন্য আবেদন করতে পারেন। চারতলা ভবনের হোস্টেলটিতে ২০৬ জন কর্মজীবী নারী থাকেন। এর মধ্যে ১৫ জন চার বছরের জায়গায় ছয় বছরেরও বেশি সময় ধরে আছেন। হোস্টেলটিতে ছাত্রীরাও থাকছেন।হোস্টেল সুপার নাজমা আক্তার বলেন, মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে হোস্টেলে থাকা নারীরা আন্দোলনে নেমেছেন। তাঁরাই অন্যদের আন্দোলনে টানার চেষ্টা চালাচ্ছেন।অর্থ আত্মসাতের অভিযোগঅর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সহকারী হোস্টেল সুপার লতিফা আকতার বলেন, ‘হোস্টেলের সিট ভাড়া বাড়ানোর পর মেয়েদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বর্তমান হোস্টেল সুপার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।’ ২১ অক্টোবর হোস্টেলের হিসাবসংক্রান্ত (রেজিস্টার) খাতা হারানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। লতিফা ৯ নভেম্বর মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষ থেকে জারি করা কারণ দর্শানোর নোটিশের জবাবে বলেন, ‘হিসাবের খাতা হারানো, আমার রুমে তল্লাশি করে না পাওয়া এবং পরবর্তী সময়ে আমার অনুপস্থিতিতে আলমারির নিচ থেকে তা খুঁজে পাওয়া—সবই পূর্বপরিকল্পিত। আমাকে ফাঁসানোর জন্যই এভাবে ঘটনা সাজানো হয়েছে।’হোস্টেল সূত্র জানায়, এর আগে দায়িত্ব পালন করতেন একজন অতিরিক্ত সুপার। হোস্টেলের মূল দায়িত্ব পালন করতেন সহকারী সুপার।নাজমা আক্তার বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর বোর্ডাররা সহকারী হোস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ছাড়া নারীদের ভর্তি রসিদ ও অন্যান্য বিষয়ে খাতায় গরমিল পাওয়া যায়। বর্তমানে সহকারী হোস্টেল সুপার ও হিসাবরক্ষকের ব্যাপারে তদন্ত চলছে। তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে।ভাড়া নিয়ে বাড়াবাড়িহোস্টেলের ভর্তি ফি ছিল ৪০০ টাকা, বর্তমানে তা হয়েছে এক হাজার টাকা। তিন সিটের রুমে এক হাজারের জায়গায় এক হাজার ৩০০ টাকা, চার সিটের রুমে ৬০০ টাকার জায়গায় ৯০০ টাকা, ছয় সিটের রুমে ৫০০ টাকার জায়গায় ৮০০ টাকা, দুই সিটের রুমে এক হাজার ২০০ টাকার বদলে এক হাজার ৫০০ টাকা করা হয়েছে। কম্পিউটার ব্যবহারকারী একজন বললেন, ‘ডিজিটাল সরকারের আমলে কম্পিউটার ব্যবহারের জন্য অতিরিক্ত ৩০০ টাকা দিতে হচ্ছে। অথচ সারা দিন বাইরে কাজ করে এসে কত সময়ই বা এটি ব্যবহারের সুযোগ পাই।’ আগে এ খাতে ১০০ টাকা দিতে হতো। এ প্রসঙ্গে হোস্টেলের স্টোরকিপার রাজেমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘কম্পিউটার ব্যবহার নিরুৎসাহিত করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’কোনো অতিথি রাখতে চাইলে প্রতি রাতের জন্য অতিরিক্ত ১০০ টাকা দিতে হয়। তবে এ টাকার কোনো হিসাব নেই। বিনোদনের জন্য ২০ টাকা দিতে হলেও হোস্টেলটিতে আছে মাত্র একটি টেলিভিশন আর একটি দৈনিক পত্রিকা। বোর্ডাররা অভিযোগ করেন, আগে মাসের ১০ তারিখের মধ্যে সিট ভাড়া না দিলে এক টাকা করে জরিমানা দিতে হতো। বর্তমানে তা ১১ টাকা করার কথা হোস্টেল কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়ে দিয়েছে। তবে কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। হোস্টেল সুপার নাজমা আক্তার বলেন, এখানে থাকতে ন্যূনতম পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতে হয়। হোস্টেলটি স্ব-অর্থায়নে পরিচালিত। তিনি বলেন, বোর্ডাররা সব মাসে সিট ভাড়া দেন না, ফলে প্রতি মাসে ঘাটতি থাকে। আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় করার জন্যই সিট ভাড়া বাড়ানো হয়েছে। বকেয়ার সঙ্গে সিট ভাড়া বাড়ানোর কোনো সম্পর্ক নেই। মন্ত্রণালয় থেকে বকেয়া পরিশোধের প্রক্রিয়া চলছে। আছে নানা অব্যবস্থাপনাহোস্টেলের প্রতি তলায় একটি করে রান্নাঘর ছিল। বর্তমানে এটি আছে শুধু নিচতলায়। অন্যগুলোতে নারীরা থাকেন। নারীরা অভিযোগ করেন, হোস্টেলে সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের থাকার ঘরটিও বোর্ডারদের কাছে ভাড়া দেওয়া হয়েছে।সরেজমিনে দেখা যায়, হোস্টেলের খাটগুলো বাংকার সিস্টেমের (একটি খাটের ওপরে ও নিচে একসঙ্গে থাকার ব্যবস্থা) ছিল। আন্দোলনের মুখে এটি বন্ধ হয়ে যায়। খাবারের জন্য নারীরা মাসিক ৩০০ টাকার কুপন কেনেন। কিন্তু খাবারের মান খুবই নিম্ন। ডাইনিংয়ে একসময় ফুটানো পানি থাকত। বর্তমানে তা বন্ধ। নারীরা রান্নাঘরের চুলায় পানি ফুটিয়ে খান। ডাইনিংয়ে পানির জগ এমনকি গ্লাস, প্লেটও নেই। এ প্রসঙ্গে হোস্টেলের স্টোরকিপার রাজেমা খাতুন বলেন, ‘মেয়েরা চুরি করে, তাই এসব রাখা হয় না।’হোস্টেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্যোগে ‘হেলথ এডুকেশন রিসোর্স সেন্টার’ নামে একটি সেন্টার করা হয়েছিল। ওই কর্মকর্তা বদলি হওয়ায় সেই কার্যক্রম আর এগোয়নি। একটি আলমারিতে স্বাস্থ্যবিষয়ক কয়েকটি বই থাকলেও আলমারিটি সব সময় বন্ধ থাকায় বোর্ডাররা সেগুলো পড়ার সুযোগ পান না। বোর্ডাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হোস্টেলের খাবারের যে অবস্থা, তাতে সারা বছরই অসুস্থ থাকতে হয়। স্বাস্থ্যবিষয়ক বই পড়ে কী হবে?’টয়লেটের ওপর দিয়ে পানি পড়ে। লাইট না থাকায় নারীরা মোবাইলের লাইট জ্বালিয়ে টয়লেটে যান। রুমের লাইট, ফ্যান নষ্ট হলে নিজ খরচে ঠিক করতে হয়। রাতে হোস্টেলে দায়িত্বপ্রাপ্ত কেউ থাকেন না। হোস্টেলের নিজস্ব কোনো ইলেকট্রিশিয়ানও নেই।দুই মাস আগে যোগ দেওয়া হোস্টেল সুপার নাজমা আক্তার এ ধরনের অব্যবস্থাপনার বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আগে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের আমলে অনেক অনিয়ম হয়েছে।’