ভালো নেই গণরুমের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পুনম। বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিকে হলে ওঠা নিয়ে দারুণ একটা উত্তেজনা ছিল তাঁর মধ্যে। তবে হলে ওঠার প্রথম ধাপ যে গণরুম, সেটা আগে আঁচ করতে পারেননি তিনি। ফজিলাতুন্নেছা মুজিব হলের গণরুম ‘মোহনা’তে উঠেই তিনি কিছুটা আঁতকে উঠেছিলেন। সেই অভিজ্ঞতার কথা পুনম জানান এভাবে, মোহনার একতলা ও দোতলা খাট মিলিয়ে ১৪টি বিছানায় ৩৭ জন শিক্ষার্থীকে থাকতে হচ্ছে। দোতলা খাটের ওপরে একজন, আর নিচে দুজনের থাকার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে একজনের একতলা খাটে দুজন করে থাকতে হচ্ছে। নেই কোনো পড়ার টেবিল কিংবা আলমারি।মোহনার আরেক বাসিন্দা লীনার অভিযোগ, তাঁদের হাঁটার জায়গা পর্যন্ত নেই। গাদাগাদির কষ্ট থেকে বাঁচতে অনেকে খোঁজেন ভিন্ন পথ। এ বিষয়ে অন্য এক বাসিন্দা নাজনিন বলেন, ‘গরমের কারণে আগে মাঝেমধ্যে নামাজের রুমে কিংবা টিভিরুমে ঘুমাতে যেতাম। তবে পরিচ্ছন্নতা ও নিয়মের দোহাই দিয়ে এখন সেসব জায়গায় থাকার ব্যবস্থাও বন্ধ।’গণরুম মোহনায় ৩৭ জন শিক্ষার্থীর জন্য গোসলখানা দুটি। ঘুম ও গোসলের কষ্টের মধ্যে মোহনার মেয়েদের একটাই আনন্দ; তা হচ্ছে, সবাই একই শিক্ষাবর্ষের হওয়ায় জ্যেষ্ঠ-কনিষ্ঠ বিভাজন নেই এখানে।বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে মোহনা ছাড়াও নিচতলায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামের আরও চারটি গণরুম আছে। এই গণরুমগুলোর চিত্র মোহনার তুলনায় ভালো। সুরমার বাসিন্দা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী কবিতা বলেন, ‘গণরুমে থাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এখানে পড়াশোনার জন্য টেবিলের কোনো ব্যবস্থা নেই। পড়ার ঘর থাকলেও সেখানে পড়ার জায়গা মেলে না। খাটের দোতলায় বিছানার ওপর বসে আমরা পড়ি। আর নিচতলার বিছানায় বসে খাওয়াদাওয়া করি।’বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রতিবেশী হল ‘বাংলাদেশ কুয়েত মৈত্রী’ হলে আছে তিনটি গণরুম। তিন গণরুমে ১৫ জন করে মোট ৪৫ জন শিক্ষার্থী থাকছেন। গণরুমের শিক্ষার্থী শাবনাজ জাহান বলেন, ‘গণরুমে কিছু সমস্যা তো আছেই। রুমে একটিমাত্র সিলিং ফ্যান—এটা থেকে সব বিছানায় বাতাস যায় না। গরমের সময় ঘুমানো যায় না।’তিনি আরও জানান, নিজের টেবিল ফ্যান ব্যবহারেও ঝামেলা আছে। একটি খাটে একটির বেশি টেবিল ফ্যান ব্যবহার করা যায় না। এতে কেউ যদি দোতলা বিছানার ওপরের বিছানায় ফ্যান ব্যবহারের অনুমোদন পান, তবে নিচের বিছানায় যে দুজন থাকছেন, তাঁরা ফ্যান আনার অনুমতি পান না।ফ্যানের সংকট আছে শামসুন নাহার হলের গণরুমগুলোতেও। এ হলের অনার্স ভবনে গণরুম আছে চারটি এবং মাস্টার্স ভবনে পাঁচটি। প্রতিটি গণরুমের আটটি খাটে ১৬ জন শিক্ষার্থী থাকেন। রুমে ফ্যানের সংকট থাকায় সব খাটে বাতাস পৌঁছায় না। গরম থেকে বাঁচতে অনেক সময় মেঝেতেই বিছানা পেতে ঘুমানোর আয়োজন করি। বলছিলেন মাস্টার্স ভবনের তৃতীয় তলার গণরুমের বাসিন্দা শিক্ষার্থী ফৌজিয়া আক্তার। একই গণরুমের দর্শন বিভাগের শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, ‘গণরুমের জন্য আলাদা কোনো বাথরুম নেই। সাধারণ রুমের শিক্ষার্থীদের বাথরুম আমাদের ব্যবহার করতে হয়। এতে বাথরুম নোংরা হলে কিংবা বাথরুমের সিরিয়াল পেতে দেরি হলেই সেরেছে। সব দোষ গণরুমের মেয়েদের! আর রান্না করার জন্য গণরুমের মেয়েদের জন্য নেই কোনো চুলার ব্যবস্থা। তাই ডাইনিংয়ের খাবারের ওপরই নির্ভর করতে হয় আমাদের।’এদিকে রোকেয়া হলে আছে ‘সিই-ওয়ান’ ও ‘সিই-টু’ নামের দুটি গণরুম। সিই-ওয়ানে ১৭টি খাটে ৩৪ জন আর সিই-টুতে সাতটি খাটে ১৪ জন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে। দিন কয়েক আগে সিই-ওয়ান গণরুমে উঠেছেন শাহরিন ইভা। তিনি বলেন, ‘এখনো সবাই না ওঠায় কিছুটা শান্তিতে আছি। তবে কয়েক দিন পরই পুরো রুম ভরে যাবে। তখন হাঁটার জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। জানি না, কবে রুমে উঠতে পারব।’কর্তৃপক্ষের ভাষ্যগণরুমের মেয়েদের দুর্ভোগ নিয়ে কথা হয় রোকেয়া হলের দায়িত্বপ্রাপ্ত প্রাধ্যক্ষ নাজমা শাহিন জামানের সঙ্গে। তিনি বলেন, ‘কয়েক দিন হলো দায়িত্ব পেয়েছি। তাই আগে সমস্যাগুলো বুঝতে হবে। তারপর যত দ্রুত সম্ভব সেগুলো সমাধানের চেষ্টা করব।’ বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দায়িত্বরত শিক্ষকও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।গণরুমের মেয়েরা সাধারণ কক্ষের আবাসিক শিক্ষার্থীদের তুলনায় বেশি সমস্যায় থাকেন—এ কথা স্বীকার করেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ফরিদা বেগম। তিনি জানান, গণরুমের মেয়েরা বাইরের পরিবেশ থেকে বেশ খানিক নিরাপদে থাকেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই গণরুম করা হয়েছে। হলের নতুন ভবন শিগগিরই চালু হবে। এই ভবন চালু হলে সমস্যা অনেকটাই কমবে বলে তিনি আশা করছেন।