ভালো নেই পঞ্চগড় শিশু পরিবারের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এতিম শিশুরা। নিত্যপণ্যের দাম বাড়ার মাশুল দিতে হচ্ছে কোমলমতি ওই সব ছোট্ট শিশুকে। অভিভাককহীন এসব শিশুকে লেখাপড়ার ফাঁকে অন্যান্য কাজের পাশাপাশি সারতে হচ্ছে বাবুর্চির কাজটিও। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগ পদ শূন্য থাকায় অফিসের পিয়নের কাজ থেকে শুরু করে পানির পাম্প পরিচালনাসহ যাবতীয় কাজ করতে হয় তাদের।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, পঞ্চগড় শহরের অদূরে পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কসংলগ্ন মোলানীপাড়ায় ১৯৮৪ সালের ১১ এপ্রিল শিশুসদনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালের ১৮ আগস্ট এটি শিশু পরিবারে রূপান্তরিত হয়। প্রায় ২ দশমিক ৯২ একর জমিতে প্রতিষ্ঠিত শিশুসদনে একটি অফিস ভবন, একটি বিদ্যালয় কাম প্রশিক্ষণকেন্দ্র, চারতলাবিশিষ্ট একটি ডরমেটরি, দুটি স্টাফ কোয়ার্টার রয়েছে। শিশু পরিবার সূত্রে জানা গেছে, এখানে ১০০ জন শিশুর থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে আছে ৭৪ জন শিশু। এখানে পাঁচ থেকে নয় বছর বয়সী পিতৃ-মাতৃহারা শিশুদের ভর্তি করা হয়। ১৮ বছর পূর্ণ হলে এদের চলে যেতে হয়। বর্তমানে শিশুসদনে তত্ত্বাবধায়ক, সহকারী তত্ত্বাবধায়ক, একজন কারিগরি প্রশিক্ষক, মেট্রোন কাম নার্স ও এমএলএসএসের চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। খোঁজ নিয়ে জানা যায়, শিশুসদনের শিশুরা তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার পাশাপাশি খেলাধুলা ও চিত্তবিনোদনের সুবিধা থেকে বঞ্চিত। বনভোজন, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রমসহ কোনো ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রম পালন করা হয় না এখানে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার মাশুল দিতে হচ্ছে ওই সব কোমলমতি ছোট্ট শিশুদের।১ এপ্রিল সকালে সদনটি পরিদর্শন করে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে শিশুদের বিভিন্ন সমস্যা ও তাদের মানবেতর জীবন যাপনের কথা জানা গেছে। শিশুরা জানায়, এখানে বসবাসরত শিশুদের খাওয়া-দাওয়ার ক্ষেত্রে মারাত্মক অসুবিধায় পড়তে হয়। শিশুদের নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া হয়। এসব খাবার চাহিদার তুলনায় পর্যাপ্ত নয় বলে তারা অভিযোগ করে। এখানে কোনো বাবুর্চি নেই। রান্নার কাজটি সদনের শিশুদের পালাক্রমে করতে হয়।সপ্তম শ্রেণীর আপেল মাহমুদ, দ্বিতীয় শ্রেণীর শাকিল, শাহ আলম, মুন্না ও প্রথম শ্রেণীর মো. মুন্না রান্নার কাজ করে। প্রতিদিন পাঁচজন করে শিশু এই রান্নার কাজ করে। বড় ভাইয়া আবু আওয়াল এই রান্নার কাজ তদারক করেন বলে শিশুরা জানায়। আপেল মাহমুদ বলে, ‘ভাত-তরকারি রানতে হয় হামাগেই। বড় বড় গামলা-পাতিল হামাগেরই ওঠানামা করতে হয়। অনেক সুময় গরম পানি, ভাতের মার গায়ে পড়ে। ভয় লাগে হামাগের। কিন্তু দেখার তো কেউ নাই।’শিশুসদন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কোনো সুইপার বা ঝাড়ুদার নেই। আবাসিক ভবন, সদন কমপ্লেক্স ও টয়লেট শিশুদেরই পরিষ্কার করতে হয়। এ ছাড়া অধিকাংশ পানির লাইন, বেসিন নষ্ট। পরিদর্শনকালে দেখা গেল দ্বিতীয় শ্রেণীর ফরিদ ও স্বপনকে ঝাড়ু দিতে। প্রথম শ্রেণীর বাঁধন ও ফিরোজকে গোসলখানা পরিষ্কার করতে দেখা গেল। তারা জানায়, পালা করে তারা এ রকম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে।দশম শ্রেণীর ছাত্র জিল্লুর রহমান জানায়, শিশুসদনে বসবাসরত শিশুদের অনেক দূরের বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করতে হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কোচিংয়ের ব্যবস্থা থাকলেও মাধ্যমিক স্তরের ছেলেদের কোচিংয়ের ব্যবস্থা নেই। এখানে কোনো কম্পিউটার ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও নেই।শিশুদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সন্ধ্যার পর সদনের মূল গেটে তালা দেওয়া হয়। কিন্তু সদনের অভ্যন্তরে সার্চলাইটগুলো নষ্ট। এ কারণে রাতের বেলা পুরো সদন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ ছাড়া শিশুদের আবাসিক ভবনের প্রতিটি কক্ষের অভ্যন্তরে বিদ্যুতের লাইন ও সুইচবোর্ডগুলোর করুণ অবস্থা। অধিকাংশ বোর্ডই ঝুলন্ত অবস্থায় রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এখানে জেনারেটরেরও কোনো ব্যবস্থা নেই। সরেজমিনে দেখা গেছে, আবাসিক ভবনের প্রতিটি জানালার কাচই ভাঙা। জানালা ভাঙা থাকায় হুহু করে বাতাস ঢুকছে। শিশুরা জানায়, এতে শীতকালে তাদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়।টেন্ডারের মাধ্যমে শিশুদের পোশাক কেনা হয়। শিশুরা অভিযোগ করে, প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় শিশুরা মারাত্মক দুর্ভোগ পোহালেও গত শীতে তাদের সোয়েটার দেওয়া হয়নি। সদনের দশম শ্রেণীর ছাত্র শাহীনুর জানায়, তাদের দেওয়া পোশাকগুলো খুব নিম্নমানের। কয়েকজন শিশু জানায়, প্রায় পাঁচ বছর ধরে তাদের শীতবস্ত্র দেওয়া হয় না। এ ছাড়া শিশুদের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে মাঠে শরীরচর্চার জন্য ছাড়া অন্য কোনো সময় জুতা-মোজা দেওয়া হয় না। শিশুরা জানায়, মাসে একটা কাপড়কাঁচার সাবান, একটা লাইফবয় সাবান ও এক ছটাক সরিষার তেল দেওয়া হয় তাদের প্রত্যেককে। তা দিয়ে এক মাস চলে না। ঈদে একটা করে শার্ট, প্যান্ট, লুঙ্গি ও পায়জামা দেওয়া হয় বছরে দুবার। স্কুলড্রেস বছরে এক সেট। খাবারের পরিমাণ খুবই কম। তাতে পেট ভরে না। আগে বিকেলে টিফিন দেওয়া হলেও এখন দেওয়া হচ্ছে না।এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী খলিলুর রহমান বলেন, ‘১০-১১ বছর থেকে এই এতিমখানায় আছি। এখানে আমরাই রান্নাবান্না করি। লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষক দরকার। কিন্তু সেই সুুযোগ নেই। বিশ্বকাপ খেলা দেখার জন্য দুধ না খেয়ে আমরা সবাই মিলে একটি টেলিভিশন কিনেছিলাম। সেটাও বর্তমানে নষ্ট। একটি ফুটবল ছাড়া আমাদের খেলাধুলার কোনো সরঞ্জাম নেই।’ সদনের বড় ভাইয়া (সার্বিক দেখাশোনার দায়িত্বে নিয়োজিত) মো. আবু আওয়াল বলেন, ‘বরাদ্দ অনুযায়ী বাজারদর না কুলানোয় খাওয়া-দাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে সত্যি। তা ছাড়া সদন ভবনটির সংস্কারও দরকার। আমাদের স্টোররুম ও লাইব্রেরি নেই। বিনোদনের কোনো কক্ষ নেই। নানা সমস্যার মধ্যেই আছি।’ শিশুসদনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুল হক বলেন, অল্প বাজেট দিয়ে সবকিছুর ব্যবস্থা করতে হচ্ছে। দ্রব্যমূল্য বাড়লেও মাথাপিছু বরাদ্দ বাড়েনি। শিশুদের চাহিদা পূরণ করতে হলে বরাদ্দের পরিমাণ বাড়ানো প্রয়োজন।এখানকার শিশুদের জন্য মাথাপিছু সরকারি বরাদ্দ মাসে এক হাজার ৫০০ টাকা। বর্তমান বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে সমন্বয় করতে হচ্ছে। এগুলো দেখার জন্য যার থাকার কথা, সেই পদেও লোক নেই। বাধ্য হয়ে আমাকেই দেখতে হচ্ছে। তা ছাড়া এত বড় সদন, কিন্তু বাবুর্চির পদ রাখা হয়নি। এমএলএসএস দিয়ে কাজ চালানো যেত, কিন্তু সেখানেও পাঁচজনের জায়গায় আছে মাত্র একজন। লোকের সংকট থাকায় বাধ্য হয়ে শিশুদেরই রান্নার কাজ করতে হয়।’