ভালো নেই ফুলতলার গামছা-তাঁতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার আলকা ও দামোদর গ্রাম দুটিতে প্রবেশ করলেই কানে আসে খুটখাট শব্দ। প্রায় প্রতিটি বাড়ির বারান্দায় ছোট ছোট তাঁত। নানা নকশার গামছা বুননে ব্যস্ত তাঁতিরা। মানে সেরা বলে বিভিন্ন স্থানের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এই গামছা কেনেন।তবে বর্তমানে গামছা-তাঁতিরা ভালো নেই। দিন দিন সুতার দাম বাড়লেও তাঁদের গামছার দাম তেমন বাড়েনি। লাভ আগের মতো না থাকায় শতাধিক কারিগর তাঁত বন্ধ করে দিনমজুরি, রিকশা-ভ্যান চালানোসহ আশপাশের বিভিন্ন পাটকলে যোগ দিয়েছেন। যাঁরা আছেন, তাঁরা দিন বদলের আশায় কোনোমতে গামছা বুনে যাচ্ছেন।সম্প্রতি আলকা ও দামোদর গ্রামে গিয়ে দেখা যায়, সাংসারিক কাজের পাশাপাশি গৃহবধূরা গামছা তৈরি করছেন। বাড়ির আঙিনায় চরকায় রং-বেরঙের সুতা গুটিতে গুছিয়ে দিচ্ছে শিশু ও বৃদ্ধারা।তাঁতিরা বললেন, দু-তিন বছর আগেও দুই গ্রামের প্রায় ৪৫০ কারিগর গামছা তৈরি করতেন। বর্তমানে প্রায় ৩০০ কারিগর গামছা তৈরি করছেন। প্রতি রবি ও বুধবার ফুলতলা বাজারে বসে গামছার হাট। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে ওই গামছা কেনেন। অনেকে গামছা কিনতে সরাসরি তাঁতিদের বাড়িতে আসেন।‘গামছা তৈরির কাজ বাপ সিহিলো দাদার কাছেরতে। দাদা তার বাপের কাছেরতে। আমি শিহিছি বাপের কাছেরতে। আমার ছাওয়াল মাইয়েগুলোও গামছা বুনতি পারে।’ বলছিলেন আলকা গ্রামের রহিম বিশ্বাস (৭০)। দামোদর গ্রামের বৃদ্ধ রমজান হোসেন বলেন, আলকা ও দামোদরে তৈরি গামছার মান উন্নত। এখানকার কারিগরেরা বুননে ফাঁকি দেন না। প্রতিটি গামছার সুতা, রং ও মাপ সঠিক থাকে। এ কারণে সারা দেশে এখানকার গামছার কদর রয়েছে। বিদেশেও এখানকার গামছা বিক্রি হয়।ফুলতলার চুকনাগরের জামান হোসেন বলেন, ‘আমি এখন থেকে ২৮ বছর আগে চাকরির সুবাদে ফুলতলায় এসেছিলাম। তখন থেকে এখানকার গামছা ব্যবহার করি। এই গামছার বিশেষত্ব হলো, সুতা ও বুনন; যা দেশের অন্য কোনো স্থানের গামছায় পাওয়া যায় না। এই গামছা খুব মসৃণ। ব্যবহার করে খুব আরাম।’দীর্ঘদিন ধরে আলকা ও দামোদর গ্রামে গামছা কিনতে আসেন বরিশালের গামছা ব্যবসায়ী কামরুল শেখ। তিনি বলেন, ‘আমার অনেক ক্রেতা আছেন, যাঁরা ফুলতলার গামছা ছাড়া অন্য গামছা কিনতে চান না। মানে ভালো বলে ফুলতলার গামছা একটু বেশি দামে বিক্রি করা যায়।’ গামছা-তাঁতিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন-চার বছর আগে এক ‘মুড়া’ (২৮১ গ্রাম) সুতার দাম ছিল ২০ টাকা। রঙের দামও ছিল অনেক কম। এক মুড়া সুতা দিয়ে এক জোড়া গামছা বুনা যায়। তখন এক জোড়া গামছার পাইকারি দাম ছিল ১২০-১৩০ টাকা। অর্থাৎ প্রতি জোড়া গামছায় গড়ে লাভ ছিল ১০০ টাকা। সংসারে নারী, পুরুষ ও বৃদ্ধরা মিলে প্রতি তাঁতে ছয় থেকে সাতটি গামছা বুনতে পারতেন।তাঁতিরা বললেন, বর্তমানে এক মুড়া সুতার দামই ১১০ টাকা। এক জোড়া গামছা তৈরিতে রং লাগে আরও ২০ টাকার। ব্যবসায়ীদের কাছে পাইকারি দামে ওই গামছা বিক্রি করা যায় ১৭০ টাকায়। অর্থাৎ প্রতি জোড়া গামছায় গড়ে লাভ মাত্র ৪০ টাকা। একটি তাঁতি-পরিবার সারা দিন গামছা বুনলেও পাবে ১২০ থেকে ১৪০ টাকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বর্তমানে ওই টাকা দিয়ে তাঁদের সংসার চালানো খুব কষ্টকর।অথচ তাঁতিরা এলাকার পাটকলগুলোতে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত অস্থায়ী শ্রমিকের কাজ করলেও দৈনিক ৩০০ টাকা করে মজুরি পান। দিনমজুরি করলেও একই পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন।এ ব্যাপারে তাঁতি ফিরোজ বিশ্বাস (৪২) বলেন, ‘গামছার সুতো ও রঙের দাম বেশি। কিন্তু বেচতি অয় কম দামে। এহন সংসার চালাতি এক বেলা ভ্যানগাড়ি চালাতি হয়।’গৃহবধূ রহিমা খাতুন (৪০) কুঁড়েঘরের বারান্দায় গামছা বুনছিলেন। বললেন, ‘আগে স্বামী তাঁত চালায়ে গামছা বুনত। লাভ কমে যাওয়ায় স্বামী পাটকলে চাকরি নিছে। আমি গামছা বুনছি।’ন্যায্য দাম না পাওয়ার পরও গামছা বুননের কাজ ছাড়তে পারছেন না তরিকুল মোল্লার (৩৫) মতো কারিগরেরা। তরিকুল বলেন, ‘বাপ-দাদার পেশা ছাড়তে পারছি না। সরকার যদি সুতার দাম কমাত এবং গামছার ন্যায্যমূল্য নিশ্চিত করার ব্যবস্থা নিত তাহলে এই শিল্পটা টিকে থাকত। নইলে অল্প কয়েক বছরের মধ্যেই গামছা তৈরি বন্ধ হয়ে যাবে।’ফুলতলার গামছার ব্যাপারে কথা হয় বিএল কলেজের অধ্যক্ষ শফিউল্লাহ সরদারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার জানা মতে, আড়াই শ বছরেরও বেশি সময় ধরে ফুলতলায় গামছা বোনার কাজ চলছে। এই গামছার সুনাম দেশজোড়া। দেশের বিভিন্ন বিভাগের ব্যবসায়ীরা এখানে গামছা কিনতে আসেন।’গামছা-তাঁতিদের সহায়তায় কী করা হয়েছে, জানতে চাইলে খুলনা তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার বেলায়েত হোসেন সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েক মাস হলো এখানে যোগ দিয়েছি। এই সময়ে কোনো ঋণ দেওয়া হয়নি। এর আগে কিছু ঋণ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।’ এ ব্যাপারে আর কিছু বলতে তিনি রাজি হননি।