রাজধানী ঢাকার আধুনিক অভিজাত এলাকা হলো গুলশান-বারিধারা। আর এই গুলশান-বারিধারার পাশেই অবস্থিত ভাটারা ইউনিয়ন। ভাটারা, ভাটারার মোড়, ছোলমাইদ, খন্দকারবাড়ি, হাতিবাড়ী, মিয়াবাড়ি হলো এই ইউনিয়নের উল্লেখযোগ্য এলাকা। এখানে বসবাস করে মধ্য ও নিম্নমধ্য-আয়ের হাজার হাজার মানুষ। দিন দিন এখানে যেন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভিড়। কিন্তু বাড়ছে না শুধু কোনো প্রকার নাগরিক সুবিধা। ভাটারা ঢাকা সিটি করপোরেশনের বাইরে হলেও ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের মানুষের আনাগোনা রয়েছে এখানে। অর্থাৎ হাজার মানুষের পদভারে মুখরিত থাকে এই এলাকার রাস্তা, বাজার ও দোকানপাট। মানুষের ভিড়ে এই ভাটারা দিন দিন হয়ে পড়ছে বসবাসের অযোগ্য। এমন কোনো সমস্যা নেই যে তার দুর্ভোগের হাত থেকে আমরা রেহাই পাচ্ছি। বরং সব ধরনের সমস্যাই যেন এখন আমাদের সঙ্গী। যেমন—মশার উপদ্রব, বিশুদ্ধপানির সমস্যা, বিদ্যুৎ-সমস্যা, গ্যাস-সমস্যা ও যানজটসহ নানা সমস্যায় জর্জরিত আমরা। এতেই আমরা দিন দিন অভ্যস্ত হয়ে পড়ছি। ভাটারা ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা। নতুন বাজার থেকে একটি সরু রাস্তার মাধ্যমে এই এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে। প্রতিনিয়ত চলে অটোরিকশা-রিকশা। এ ছাড়া দেখা যায়, প্রাইভেটকার, প্রাইভেট কোম্পানির বড় বড় গাড়িও এই সরু রাস্তার মাধ্যমে এলাকায় প্রবেশ করে। ফলে লেগে যায় এই রাস্তায় দীর্ঘক্ষণের যানজট। এতে সাধারণ যাত্রীরা তো হয়রানি হয়ই, এমনকি পথচারীরাও হাঁটতে পারে না। রাস্তাটি সম্পূর্ণ খানাখন্দে ভরা, সামান্য বৃষ্টি হলে সেই পানি জমে থাকে দীর্ঘ দিন, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বৃষ্টির পানি জমে রাস্তা নদীর রূপ ধারণ করে। তখন অটোরিকশা-রিকশা চলাচল বন্ধ হয়ে যায়। খানাখন্দ ও জলাবদ্ধতার জন্য সাধারণ পথচারীরা হাঁটতে খুব সমস্যার সমুখীন হয়। রাস্তার দুই পাশে প্রচুর দোকানপাট কিন্তু কোনো ফুটপাতও নেই। দোকানিরাও অনেক সময় নানা পচনশীল-অপচনশীল দ্রব্য রাস্তার মধ্যে ফেলে রাখে, যা জমাকৃত পানির মধ্যে পচে দুর্গন্ধ ছড়ায়। তখন এই রাস্তায় চলাফেরা করা জনসাধারণের জন্য দুরূহ ব্যাপার হয়ে পড়ে। ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে বেশ কয়েক মাস পার হয়ে গেলেও নির্বাচিতদের কোনো পদক্ষেপ বা উন্নয়নের ছোঁয়া এলাকার কোথাও লাগেনি, কবে লাগবে তাও এলাকাবাসী জানে না। এ বিষয়ে নজর দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল। সেই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও অনুরোধ রইল হাজার হাজার মানুষের এই সমস্যা লাঘবের জন্য যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।হেলাল আহমেদহাতিবাড়ী, ভাটারা, গুলশান, ঢাকা।