ভালো প্রস্তাব থাকলে সংসদে এসে বলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ভালো কোনো প্রস্তাব থাকলে তা গ্রহণ করা হবে। তবে তা পল্টনে না বলে সংসদে এসে বলতে হবে। গতকাল বিএনপির মহাসমাবেশ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের কাছে এ কথা বলেন।সন্ধ্যার পর সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে হানিফ বলেন, ‘চারদলীয় জোটের মহাসমাবেশে জনসমাগম কম হওয়ায় এবং মানুষ আনতে ব্যর্থ হওয়ায় বিরোধীদলীয় নেতা বেসামাল হয়ে অসত্য তথ্য দিয়েছেন। আমরা তাঁর মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।’তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিরোধী দলের সময় বেঁধে দেওয়া এবং ২৯ মার্চের হরতাল আহ্বান সম্পর্কে হানিফ বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। নির্দলীয় সরকার সম্পর্কে অন্য কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে তুলে ধরতে হবে।হানিফ আরও বলেন, কার জন্য এই হরতাল, জনগণ তা জানতে চায়। আজ সমাবেশ করা হয়েছে যুদ্ধাপরাধীদের বাঁচাতে। এই সমাবেশ জনগণ প্রত্যাখ্যান করেছে। যুদ্ধাপরাধীদের বাঁচানোর হরতাল জনগণ পালন করতে দেবে না।খালেদা জিয়া সমাবেশে বলেছেন, ফখরুদ্দীন-মইন কি তাহলে শেখ হাসিনাকে ২০০৮ সালে ক্ষমতায় বসিয়েছিলেন? খালেদা জিয়ার এ বক্তব্যের প্রতিবাদ করে হানিফ বলেন, নয়জনকে ডিঙিয়ে খালেদা জিয়া মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিলেন। আর বিশ্বব্যাংক থেকে ফখরুদ্দীনকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিলেন। খালেদা জিয়া নীলনকশা বাস্তবায়নের জন্য এ কাজ করেছিলেন। কিন্তু তাঁর নীলনকশা ব্যর্থ হওয়ায় তিনি ফখরুদ্দীন ও মইনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। হানিফ বলেন, খালেদা জিয়া ’৯১ সালে একাত্তরের পরাজিত শক্তির টাকায় নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিলেন। বিএনপির সমাবেশ চলাকালে তিনটি চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হওয়ার বিষয়ে হানিফ বলেন, সরকার কোনো চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি। সরকারি কোনো নিষেধাজ্ঞাও ছিল না।