ভালো ফলাফল করার উপায় হলো পাঠ্যবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এসইএসডিপি, এনসিটিবিআগামী ৪ নভেম্বর থেকে ২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র, সাধারণ গণিত ছাড়াও অবশিষ্ট বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে হবে। দেশে ২০১০ সাল থেকে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে জেএসসি পরীক্ষা হয়ে আসছে। বিগত ২০১০ ও ২০১১ সালের জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও শিক্ষার্থীদের কৃতিত্ব দেখে সর্বমহলে সৃজনশীল প্রশ্নপদ্ধতি অভিনন্দিত হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে আগে প্রচলিত সংক্ষিপ্ত উত্তর, রচনামূলক কিংবা নৈর্ব্যক্তিক প্রশ্নের তুলনায় শিক্ষার্থীরা সৃজনশীল পদ্ধতির বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করছে। অনেক অখ্যাত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা তালিকার শীর্ষে নিজেদের অবস্থান করে নিচ্ছে। এর পরও সৃজনশীল পদ্ধতির প্রশ্নের ধরন, এর আদর্শ উত্তর এবং পরীক্ষায় ভালো ফল অর্জনের উপায় বা বাহন/অবলম্বন নিয়ে কিছু ভ্রান্তি এবং সংশয় পরিলক্ষিত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সবার বিশেষ করে জেএসসি পরীক্ষার্থীদের সংশয় দূরীকরণে নিচে কয়েকটি প্রসঙ্গের অবতারণা এবং প্রয়োজনীয় পরামর্শদানে অগ্রসর হচ্ছি। প্রশ্ন কমন পাওয়া-না পাওয়া: বিগত ২০১০ ও ২০১১ সালের জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায় যে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে গৃহীত বিষয়সমূহের কোনো প্রশ্নই পাঠ্যবই, গাইডবই, নোটবই কিংবা টেস্টপেপারে নেই। অর্থাত্ প্রশ্ন কমন পড়েনি। তবে সব প্রশ্নই পাঠ্যবইয়ের কোনো না কোনো অধ্যায়/অনুচ্ছেদের বিষয়বস্তুর অবলম্বনে রচিত হয়েছে। কোনো অধ্যায় বা পরিচ্ছেদ বাদ দেওয়া: জেএসসি এবং এসএসসি পরীক্ষার বিগত দিনের অভিজ্ঞতায় দেখা যায় যে আগের বছর যে অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন করা হয়েছে এ বছর ওই অধ্যায় থেকে নতুন আরেকটি প্রশ্ন করা হয়েছে। সুতরাং কোনো অধ্যায় বাদ দিয়ে বা কম গুরুত্ব দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করলে বিপদের আশঙ্কা আছে।সৃজনশীল প্রশ্নের কোন অংশের উত্তর কতটা দীর্ঘ হবে: সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে পরিমিতি বোধ সৃষ্টির লক্ষ্যে সরকার কোন অংশের উত্তর সর্বোচ্চ কয়টি বাক্যের মধ্যে লিখতে হবে এর একটি নির্দেশনা জারি করেছে। সুতরাং ওই নির্দেশনা মেনে চলা বাঞ্ছনীয়।দৃশ্যকল্প/উদ্দীপকে প্রশ্নের উত্তর/উত্তরের ইঙ্গিত থাকা বা না থাকা: সৃজনশীল প্রশ্নপদ্ধতির অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের শুরুতে কোনো অনুচ্ছেদ/সারণি/লেখচিত্র/চিত্র/ছবি/কবিতাংশ/পেপার কাটিং ইত্যাদি আকারে উদ্দীপক অংশ যুক্ত থাকে। এর কোনোটিতেই সৃজনশীল প্রশ্নের কোনো অংশের উত্তর কিংবা উত্তরের ইঙ্গিত থাকে না। তবে দৃশ্যকল্প/উদ্দীপক অংশ ভালোভাবে পড়লে বা পর্যবেক্ষণ করলে শিক্ষার্থীরা তার পাঠ্যবইয়ের কোন অধ্যায়ের বিষয়বস্তু অবলম্বনে উদ্দীপক রচিত হয়েছে এবং এর অন্তর্নিহিত ভাববস্তু বা বক্তব্য তার পঠিত পাঠ্যবস্তুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিংবা বৈসাদৃশ্যপূর্ণ কি না, সেটা সহজে বুঝতে পারে। অর্থাত্ দৃশ্যকল্প বা উদ্দীপক শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নের উত্তর লেখার উদ্দীপনা সৃষ্টি করে। জেএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জরুরি কথা: ১. পরীক্ষায় ভালো ফলের জন্য দরকার পাঠ্যবইয়ের পরিপূর্ণ অনুশীলন। কোনো বিশেষ অধ্যায়ের প্রতি বেশি জোর আর কোনো অধ্যায় পরিত্যাজ্য হবে না। ২. প্রশ্ন কমন পাওয়ার চিন্তা পরিত্যাগ করতে হবে। পরীক্ষার কোনো প্রশ্নই পাঠ্যবইয়ের বিষয়বস্তুর বহির্ভূত হবে না। তবে প্রশ্নের উত্তর রেডি মেইড পাওয়া যাবে না। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর নির্দিষ্ট সময়ের ভেতর নিজের চিন্তা-ভাবনা থেকে প্রশ্নের উত্তর সজ্জিত করে এবং ঘটনার নির্দিষ্টক্রম বা ধারাবাহিকতা রক্ষা করে উত্তর লিখতে হবে। অতএব আগে থেকে এ কাজের যত বেশি অনুশীলন করবে, তত বেশি নম্বর পাবে। ৩. শুধু মুখস্থবিদ্যা দিয়ে পরীক্ষায় ভালো ফল করা যাবে না। কারণ হিসেবে বলা যায়, সৃজনশীল প্রশ্নের ক এবং খ অংশের উত্তর কোনো বিশেষ তথ্য-উপাত্ত কিংবা ঘটনা জানা থাকলে এবং বুঝতে পারলে লেখা সম্ভব। কিন্তু গ এবং ঘ অংশ যেহেতু পরিপূর্ণভাবে উদ্দীপক-নির্ভর এবং উদ্দীপকে কোনো নতুন পরিস্থিতি যুক্ত থাকে। শিক্ষার্থীকে ওই নতুন পরিস্থিতির সঙ্গে তার পাঠ্যবই থেকে আহরিক বিধি, তত্ত্ব, সূত্র বা ঘটনার সম্পর্ক নির্ণয় করে তা নিজের ভাষায় ব্যাখ্যা করতে হয়। ঘ অংশের ক্ষেত্রে সম্পর্ক বা উপাদান কিংবা ফলাফল নির্ণয়ের পর তা সমর্থন বা পরিত্যাগ করে এর যৌক্তিক কারণ বিশ্লেষণ করা, কখনো কখনো নিজস্ব মতামত প্রদান করা অথবা সিদ্ধান্ত দানের মতো উচ্চতর বুদ্ধিবৃত্তিক দক্ষতার পরিচয় দিতে হয়।সুতরাং পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক প্রশ্ন বাছাই করে নিজের জ্ঞানবুদ্ধি কাজে লাগিয়ে উত্তর লেখার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারলে ভালো ফল অর্জন সম্ভব।