মোদের গরব মোদের আশা: ২১ ফেব্রুয়ারি বায়ান্নর ভাষা আন্দোলন যে আগুন ছড়িয়েছিল, তা এনে দিয়েছিল স্বাধীনতা। মাতৃভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোতে ভাষার সংকট, সম্ভাবনা ও বৈচিত্র্য নিয়ে লিখছেন এম এ মোমেন
ভালো বাংলা জানা প্রার্থীর অগ্রাধিকার কোথায়!
চাকরি পাওয়ার জন্যই হোক কি সমাজ-গবেষণার জন্য বা অফুরান সময় কাটানোর জন্য, যাঁরা সংবাদপত্রের কর্মখালি বিজ্ঞাপন নিয়মিত পড়ে থাকেন, তাঁদের চোখে কখনো কি পড়েছে—ভালো বাংলা জানা প্রার্থী চাকরিতে অগ্রাধিকার পাবেন? পড়েননি। দাপ্তরিক চাকরিতে তো নয়ই, এমনকি বাংলা ভাষার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতেও এ রকম কোনো বাক্য চোখে পড়ে না। কিন্তু ইংরেজি এমনকি এই ভাষাশহীদের দেশ বাংলাদেশেও ঈর্ষণীয় অগ্রাধিকার পেয়ে আসছে। যেকোনো চাকরিতেই প্রার্থী যদি ইংরেজি জানেন, সেটি কেবল তাঁর সামনে অগ্রাধিকারের রাজপথই খুলে দেয় না, আর সব অযোগ্যতাকেও ঢেকে দেয়। অনুগত ইংরেজ উপনিবেশ হওয়ার কারণে ইংরেজির বাড়তি সম্মান বরাবরই মেনে নেওয়া হয়েছে। পোষ মানাতে ও বশ্যতা স্বীকার করাতে হয়তো ইংরেজিই উত্তম হাতিয়ার। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি পেয়ে প্রমথনাথ বিশি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিলেন। চাকরির আবেদন করবেন। বাংলায় এমএ শুনে চাকরিদাতা বোর্ডের প্রধান অট্টহাসিতে ফেটে পড়লেন এবং প্রমথনাথ বিশিকে পরামর্শ দিলেন—ইংরেজিতে বিএ পর্যন্ত করলেই হলো। পরেরটুকু আর দরকার নেই। সরকার থেকে শুরু করে করপোরেট কর্তৃপক্ষের বাছাই কমিটি, সবাই ইংরেজি জানা প্রার্থীকে বাড়তি খাতির করে থাকে, অগ্রাধিকার তাঁরই।২০১০-এর আগস্ট মাসে দ্য ডেইলি স্টার পত্রিকায় একটি কর্মখালির বিজ্ঞাপনে ইংরেজি নয়, হিন্দি জানা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিজ্ঞাপনদাতা হয়তো ধরেই নিয়েছেন, বাংলাদেশের হিন্দি জানা চাকরিপ্রার্থী ইংরেজি তো জানবেনই। বিশ্বায়নী ঝোড়ো বাতাসে হিন্দিকেও স্বাগতম। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের বাণিজ্যিক কার্যক্রম যতটা না বাংলায়, তার চেয়ে ঢের বেশি হিন্দিতে। বিনিয়োগকারী বরাবর একটি ঊর্ধ্বহাতের অধিকারী হয়ে থাকেন। সুতরাং সে হাতের জোরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি বিনিয়োগকারী তাঁর নিজের ভাষাটি একটু একটু করে চাপিয়ে দিতেও পারেন। না চাপালেও মূলধনের নিজস্ব যে ভার, তারও তো গুরুত্ব কম নয়। ইংরেজির মতো আগ্রাসী ভাষার দেশগুলোতেও যখন তেলের দেশের উদ্বৃত্ত অর্থের বিনিয়োগ ঘটল, সাহেবদেরও কেউ কেউ ‘কিফিয়া’ বাঁধলেন মাথায়, গায়ে চাপালেন মাটিছোঁয়া আলখাল্লা। চীন দেশের আগ্রাসী বাণিজ্যের ফলে যুক্তরাষ্ট্র ছেয়ে গেছে চীনা পণ্যে; চীনা ভাষা শিক্ষার ধূম পড়ে গেছে স্কুলে এবং সান্ধ্যকালীন শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হয়েছে চীনা ভাষা শিক্ষা কোর্স। রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাণী ও প্রার্থনা আমাদের ঘিরে আছে: ‘বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা/ সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।’ আমাদের ভাষাটি সত্য হয়েই আছে, অর্থকরী হয়ে উঠেনি। ভাষার বিকাশে ভাষার আর্থিক গুরুত্বই প্রধান প্রণোদনা। ভাষার বিনাশে সেই ভাষার ক্রমহ্রাসমান আর্থিক গুরুত্বই মুখ্য ভূমিকা পালন করে থাকে। হিন্দির আর্থিক গুরুত্ব বেড়েছে বলেই বিনিয়োগ বেড়ে চলেছে এবং সেই বিনিয়োগ অপরিকল্পিতভাবে হলেও স্বয়ংক্রিয় সাংস্কৃতিক আগ্রাসনে পরিণত হয়েছে। ঢাকাসহ বড় শহরগুলোর টেলিভিশন দর্শকদের ওপর একটি বিস্তৃত সমীক্ষা চালালে হয়তো দেখা যেত, দেশে এত উপভোগ্য আকাশ-চ্যানেল থাকার পরও অর্ধেকেরও বেশিসংখ্যক দর্শকের দৃষ্টি নিবদ্ধ থাকে হিন্দি চ্যানেলগুলোয়। হিন্দি সিরিয়ালের গুণগত মান নিয়ে যত নিন্দাজ্ঞাপনই করা হোক না কেন, বাঙালি জীবনে এর প্রবেশ্যতা নিয়ে সন্দেহ নেই।বিদেশি ভাষা জানা অবশ্যই গৌরবের। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন (১৭০৬-১৭৭০) রায় দিয়েই গেছেন, ‘যারা বিদেশি ভাষার কমবেশি কিছু জানে না, তারা নিজেদেরটাও জানে না।’ বাংলাদেশে আমরা ইংরেজি শিখছি, কিন্তু পূর্ণোদ্যমে নয়। আর্থিক গুরুত্ব কম হওয়ায় বাংলাতেও মন লাগাচ্ছি না। ফ্রান্সের রাজা চার্লস (১৩৩৮-১৩৮০), চার্লস দ্য ওয়াইজ নামে যিনি অধিক খ্যাত, বহু ভাষা জানতেন, তাঁরই কথা: ‘আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি স্পেনীয় ভাষায়, নারীর সঙ্গে ইতালীয়, পুরুষের সঙ্গে ফরাসি, আর আমার ঘোড়ার সঙ্গে জার্মান ভাষায়।’আমরা যে ভাষায় যাঁর সঙ্গেই কথা বলি না কেন, অর্থ উপার্জনের মুখ্য ভাষা যদি বাংলা না হয়, তাহলে বাংলাকে ধরে রাখার মৌল শক্তি ক্রমেই হ্রাস পেতে থাকবে, আর তার পরিণতি ভালো হওয়ার কোনো কারণ নেই। নতুন সহস্রাব্দের নতুন শতকে এটাই হোক প্রধান দাবি—বাংলা হোক অর্থ উপার্জনের ভাষা।