বর্তমানে মেধাবীদের সঙ্গে নীতিনৈতিকতার বিস্তর তফাত সৃষ্টি হচ্ছে। নীতিনৈতিকতা ও মূল্যবোধবিবর্জিত মেধাবীরা জাতির জন্য গর্বের সম্পদ হতে পারে না। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। একাগ্রতা, সুনির্দিষ্ট লক্ষ্য ও অধ্যবসায় থাকলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও ভালো ফলাফল করতে পারে। ঠাকুরগাঁও ও খাগড়াছড়িতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার অংশ হিসেবে গতকাল রোববার ওই দুই জেলায় এ আয়োজন করা হয়।ঠাকুরগাঁও: জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেলা ১১টায় প্রথম আলো বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির ছন্দে ছন্দে কৃতী শিক্ষার্থীরা অতিথি ও অভিভাবকদের প্রদীপ জ্বালিয়ে দেশের কল্যাণে তাদের মেধা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে। এরপর মাদকের কুফল তুলে ধরে কৃতী শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথ করান বন্ধুসভার সভাপতি তোছাদ্দেক আলম। আলোচনা পর্বে বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান খান। তিনি বলেন, বর্তমানে মেধাবীদের সঙ্গে নীতিনৈতিকতার বিস্তর তফাত সৃষ্টি হচ্ছে। নীতিনৈতিকতা ও মূল্যবোধবিবর্জিত মেধাবীরা জাতির গর্বের সম্পদ হিসেবে গণ্য হতে পারে না। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের আঞ্চলিক ব্যবস্থাপক এস কে মাসুম কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সাফল্যের স্বীকৃতি জানাতে টেলিটক উপহার দিচ্ছে একটি সিম কার্ড। তোমরা যেখানেই থাকবে, দৃষ্টিভঙ্গি সব সময় ইতিবাচক রাখবে।’ ঠাকুরগাঁও সরকারি বণিক বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন বলেন, কৃতী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার ঘোষ বলেন, ‘তোমাদের আলো দিগিদগন্তে ছড়িয়ে দিয়ে গোটা দেশকে আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা।’ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, ভালো ফল করা আর ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা এক কথা নয়। নিজেকে সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। ঠাকুরগাঁওয়ের শিক্ষানুরাগী অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, ‘যাঁরা দেশের নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা মেধাবী ও বিদ্বান হলেও তাঁদের মধ্যে প্রকৃত শিক্ষা নেই। তাই তাঁরা দুর্নীতি ও অসততার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। আমরা যদি নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলি, তবে এ দেশের সমস্যার সমাধান শুধু সময়ের ব্যাপার মাত্র।’ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া কৃতী ছাত্র মো. ইসাহাক আলী ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী নূরী মারজান তাদের অনুভূতি তুলে ধরে। অনুষ্ঠানে জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান—ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার নারী সম্পাদিকা সাজিয়া আফরিন মুক্তি। খাগড়াছড়ি: বেলা ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশিত জাতীয় সংগীতের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, পেরাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, খাগড়াছড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা ও তাইন্দং উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম। কৃতী ছাত্র খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজের মো. মঈন তার প্রতিক্রিয়া জানিয়ে বলে, এসএসসিতে তার সাফল্যের পেছনে সে মা-বাবা ও স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। তাইন্দং উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী মঞ্জুরুল হক বলে, ‘আমাদের বিদ্যালয়টি এমন এক জায়গায় অবস্থিত, যেখান থেকে উপজেলা সদরের দূরত্ব ৪৫ কিলোমিটার। লেখাপড়ার সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত। তবু বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ, দিকনির্দেশনা ও আন্তরিক তত্ত্বাবধান আমাদের ভালো ফলাফলে সহায়ক হয়েছে। কাজেই সুযোগের সীমাবদ্ধতা শিক্ষা গ্রহণে বাধা নয়। একাগ্রতা ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করলে ভালো ফলাফল অবশ্যই করা সম্ভব।’খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার বলেন, এ সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। আরও বহু দূর যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টেলিটকের কর্মকর্তা কাজী ফরিদ, শুভাশীষ তালুকদার, টিআইবির আঞ্চলিক কর্মকর্তা এজিএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন খাগড়াছড়ি বন্ধুসভার সভাপতি দুলাল হোসেন। অনুষ্ঠানে জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান—তাইন্দং উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় ও খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে সম্মাননা জনানো হয়।আজ ২৬ আগস্ট সোমবারনেত্রকোনাস্থান: পাবলিক হল মিলনায়তন মোক্তারপাড়াসময়: সকাল ১০টাপঞ্চগড়স্থান: শিল্পকলা একাডেমীসময়: সকাল ১০টাআগামীকাল ২৭ আগস্ট মঙ্গলবারকুড়িগ্রামস্থান: কুড়িগ্রাম পৌরসভা চত্বরসময়: সকাল ১০টা