এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত বেশ কটি নাটক ও টেলিছবি বিটিভিসহ একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত হবে। এ ছাড়া আজ এটিএন বাংলায় প্রচারিত হবে হাতের রেখা কথা বলে নাটকটি। এ নাটকেও অভিনয় করেছেন তিনি। ঈদের কাজ ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে কথা হলো জাহিদ হাসানের সঙ্গে।শুনলাম, ওমরাহ পালন করতে গিয়েছিলেন?হ্যাঁ। এ মাসের প্রথম দিকে পরিবারের সবাইকে নিয়ে ওমরাহ পালন করতে গিয়েছিলাম। এবারই প্রথম ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলাম। ওমরাহ পালন শেষে ২০ তারিখে দেশে ফিরেছি।তাহলে কি আপাতত শুটিং করছেন না?দেশে ফেরার পর কয়েক দিন বিশ্রামে ছিলাম। আজ (বৃহস্পতিবার) নাটকের শুটিং শুরু করেছি। এখন আমি মিমির (আফসানা মিমি) পৌষ ফাগুনের পালা নাটকে কাজ করছি।ঈদের নাটকের শুটিংও তো তাহলে সেভাবে করতে পারেননি।ওমরাহ পালনের জন্য প্রায় ১২ দিন সৌদি আরবে ছিলাম। তাই সেভাবে ঈদের নাটকের শুটিং করতে পারিনি। আরমান ভাই সিরিজ নিয়ে টেলিছবি এবং জনৈক জাহিদ হাসান নামের একটি নাটকসহ কয়েকটি নাটকের শুটিং করেছি। শুনেছি, এগুলোর মধ্যে চার-পাঁচটি নাটক প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে। অন্যবার নাটক পরিচালনা করলেও এবারের ঈদে সেটা করতে পারিনি।‘হাতের রেখা কথা বলে’ নাটকটি প্রচারিত হচ্ছে।নাটকটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি পরিচালনা করে আসলে সেভাবে মজা পাচ্ছিলাম না। তাই ৮০ পর্বে নাটকটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির নতুন ধারাবাহিকের কাজ শুরু করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভালো মানের স্ক্রিপ্টের খুবই অভাব। বলতে পারেন, বর্তমানে স্ক্রিপ্ট খুঁজছি।‘গাড়ি চলে না’ নামের আরেকটি নাটক প্রচারিত হচ্ছে?এই নাটকের ন্যূনতম একটা মান রয়েছে। এটি একটি সামাজিক সচেতনতামূলক কাজ। কাজটি করে ভালো লেগেছে। অনিমেষ আইচের সঙ্গে এটা আমার প্রথম ধারাবাহিক। এর আগে তাঁর সঙ্গে প্রেম ও ঘামের গল্প নামের এক ঘণ্টার একটি নাটকে কাজ করেছিলাম।মাঝে শুনেছিলাম নতুন একটি চলচ্চিত্রে কাজ করবেন?মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস দুষ্ট ছেলের দল অবলম্বনে আবীর শ্রেষ্ঠ একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। চলচ্চিত্রটির নামও দুষ্ট ছেলের দল। বেশ কিছুদিন আগে নির্মাতা আমার সঙ্গে কথা বলেছিলেন। মাঝে আর যোগাযোগ হয়নি। তাই আপাতত কিছু বলতে পারছি না। সামনে আমার নতুন চলচ্চিত্র প্রজাপতি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এরই মধ্যে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রজাপতি চলচ্চিত্রে আমার সহশিল্পী মৌসুমী।