ভালো যদি করতে চাও, জেনে রাখো এগুলো
সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি নির্ধারণ করা হবে। কাজেই প্রতিটি বিষয়ের প্রতি সমান গুরুত্ব দেবে। জেনে নাও পরীক্ষার আগের বাকি দিনগুলোতে এবং পরীক্ষার সময় কী করণীয়। বেশি রাত জেগে পড়বে না। অকারণে দৌড়ঝাঁপ করবে না। সময়মতো বিশ্রাম নেবে। যে ধরনের কলম দিয়ে লিখে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, সে ধরনের বেশ কয়েকটি কলম কিনে এখন থেকে শুধু সেই কলম ব্যবহার করবে। কলমগুলো গতিশীল করে পরীক্ষার জন্য প্রস্তুত রাখবে। কারণ, নতুন কলমে লেখা ভালো হয় না। লেখার গতিও কমে যায়। পরীক্ষক তোমাকে নয়, বরং তোমার উত্তরপত্র দেখে মূল্যায়ন করবেন। তাই হাতের লেখা স্পষ্ট ও পরিচ্ছন্ন হতে হবে। বানান ভুলের জন্য নম্বর কমে যায়। তাই জটিল ও কঠিন বানানগুলো বারবার অনুশীলন করবে। সাধু ও চলিত ভাষার মিশ্রণ করবে না। বাংলা বিষয়ে সবগুলো প্রশ্নের উত্তর নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। অযথা অপ্রাসঙ্গিক কথা লিখে উত্তর বড় করে লিখতে গিয়ে কোনো প্রশ্ন বাদ দেওয়া ঠিক হবে না। গণিত মুখস্থ করার বিষয় নয়। তাই গণিতের সমস্যাগুলো বুঝে যথাযথ নিয়ম বজায় রেখে নিয়মিত অনুশীলন করতে হবে। জ্যামিতির চিত্র, বিজ্ঞানের প্রাসঙ্গিক চিত্র, সমাজের মানচিত্র পেনসিল দিয়ে নিয়মিত অনুশীলন করবে। উত্তরপত্রের মার্জিন টানতেও পেনসিল ব্যবহার করবে। পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান ও ধর্ম বিষয়ের নৈর্ব্যক্তিক অংশের জন্য পাঠ্যবইয়ের অনুশীলনীতে প্রদত্ত নৈর্ব্যক্তিক ছাড়াও পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের তথ্যবহুল বাক্যগুলো আত্মস্থ করতে হবে। পরীক্ষার আগের দিন বিকেলে অথবা সন্ধ্যায় প্রবেশপত্র, কলম, পেনসিল, স্কেল, কম্পাস ও রাবারসহ প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে রাখবে। পরীক্ষা শুরুর অন্তত ২০ থেকে ৩০ মিনিট আগেই কেন্দ্রে পৌঁছার চেষ্টা করবে। পরীক্ষার কক্ষে প্রবেশের আগে প্রয়োজনে টয়লেট সেরে নেবে। উত্তর লেখার আগে অবশ্যই প্রশ্নপত্রটি ভালোভাবে পড়বে। সব কটি প্রশ্নের উত্তর ভালোভাবে জানা থাকলে ধারাবাহিকতা রক্ষা করাই ভালো। যে প্রশ্নের উত্তর ভালো জানা রয়েছে, সেগুলোই আগে লিখবে। লক্ষ রাখবে, সংক্ষেপে উত্তরের মধ্যে যেন রচনামূলক প্রশ্ন কিংবা রচনামূলক উত্তরে সংক্ষেপে উত্তর লেখা না হয়। উল্লেখ্য, প্রশ্নপত্র পড়ার জন্য ৫ মিনিট এবং পরীক্ষা শেষে রিভিশনের জন্য ১০ মিনিট অর্থাৎ (৫+১০)=১৫ মিনিট সময় বাদ দিয়ে ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে সবগুলো উত্তর লেখার চেষ্টা করবে। অতিরিক্ত লুজশিট নেওয়ার সঙ্গে সঙ্গে পৃষ্ঠা নম্বর দেবে। উত্তরপত্র জমা দেওয়ার আগে লুজশিটের নম্বর অনুযায়ী সাজিয়ে মূল খাতার সঙ্গে স্টাপলার পিন দিয়ে আটকে দেবে বা সুুঁই ও সুতা দিয়ে সেলাই করে দেবে।