এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে সরাসরি গানের অনুষ্ঠান মিউজিক ইউফোনি। অনুষ্ঠানে আজ গান করবেন শিল্পী মেহ্রীন ও সুমন। আজ কথোপকথনে থাকছেন মেহ্রীন। আজ ‘মিউজিক ইউফোনি’তে আপনি কোন কোন গান গাইবেন?আমার নিজেরই গান গাইব। এর মধ্যে ‘তুমি আছ বলে’, ‘জ্বলে নেভে’, ‘আনাড়ি’, ‘দেখা হবে’, ‘রাজকুমার’ গানগুলো করার ইচ্ছে আছে। এ ছাড়া সুমনের সঙ্গে একটি দ্বৈত ইংরেজি গান গাইতে পারি। দর্শকের অনুরোধ তো আছেই। তবে সময় বেঁধে দেওয়া অনুষ্ঠান বলেই বেশি গান গাওয়ার সুযোগ নেই। তাহলে তো নিশ্চয়ই নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন?এখনো শুরু করিনি। তবে নতুন অ্যালবাম নিয়ে পরিকল্পনা করে ফেলেছি। আগামী মাসেই নতুন গান বাঁধার কাজ শুরু হবে। পাশাপাশি আমার মিউজিশিয়ান ভাইদের নিয়েও গানগুলোর অনুশীলন চলবে। আপনি কি মনে করেন, একজন শিল্পী মঞ্চে যন্ত্রশিল্পীনির্ভর?অবশ্যই। একটা গান কথা, সুর ও যন্ত্রানুষঙ্গে সুন্দর হয়ে ওঠে। সেই যন্ত্রানুষঙ্গে যাঁরা সংগত করেন, তাঁদের সমর্থন ছাড়া একজন শিল্পী পরিপূর্ণ নন। আমি খুশিমনে এই পরিবারের ওপর নির্ভরশীল। একসময় আপনি ইংরেজি খবর পাঠের পাশাপাশি উপস্থাপনাও করতেন। এখন আর করছেন না কেন?একসময় একুশে টিভিতে সফল যারা কেমন তারা অনুষ্ঠানটি উপস্থাপনা করতাম। বিটিভির ঈদের আনন্দ মেলাও একবার উপস্থাপনা করেছিলাম। ১০ বছর আগেই খবর পাঠ এবং উপস্থাপনা—দুই জায়গা থেকে বিরতি নিয়েছি। কারণ, উপস্থাপনা ও খবর পাঠ—দুটোই আমার আত্মার জায়গা নয়। আমার ভালো লাগার জায়গা হচ্ছে গান। প্রতিদিন নতুন উদ্যমে গান নিয়ে এগিয়ে যেতে চাই।