ভালো হোক বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় সরকারি চাকরির জন্য বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। এটি হচ্ছে ৩১তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষা। যেটিতে তীব্র প্রতিযোগিতা করেই টিকতে হবে। এ পরীক্ষার মাধ্যমে এবার জেনারেল বা সাধারণ, প্রফেশনাল অথবা টেকনিক্যাল এবং শিক্ষা ক্যাডার মিলিয়ে মোট দুই হাজার ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সুতরাং হাজার হাজার প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে কাঙ্ক্ষিত নিশ্চয়তা ও মর্যাদাপূর্ণ এই চাকরি পেতে হলে ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় দুর্দান্ত ফল বয়ে আনতে হবে। এ জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং নিতে হবে ভালো প্রস্তুতি। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী বলেন, বিসিএসের লিখিত পরীক্ষা একটি কঠিন প্রক্রিয়া। মৌলিক ধারণা থাকলে এ পরীক্ষায় ভালো করা যায়। তবে এ জন্য প্রথম থেকেই একটু পরিকল্পনা থাকা দরকার।লিখিত পরীক্ষার খুঁটিনাটি: বিসিএস পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া প্রতিযোগীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। এর মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১০০ করে ২০০ নম্বর; ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১০০ করে ২০০ নম্বর; সাধারণ জ্ঞানে বাংলাদেশবিষয়ক প্রথম ও দ্বিতীয় পত্রে ১০০ করে ২০০ নম্বর; আন্তর্জাতিক বিষয়ে ১০০ নম্বর; গণিত ও মানসিক দক্ষতায় ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে ৫০ করে ১০০ নম্বর রয়েছে। তবে যাঁরা শিক্ষা ক্যাডার কিংবা টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে পরীক্ষা দিতে চান, তাঁদের আলাদা করে বিষয়ভিত্তিক ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। সে জন্য তাঁদের অবশ্য বাংলা দ্বিতীয় পত্রের ১০০ নম্বর এবং বিজ্ঞান ও প্রযুক্তির ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে না।কেমন হবে লিখিত পরীক্ষার প্রস্তুতি: ইতিপূর্বে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কয়েকজন বলেন, এ প্রতিযোগিতায় প্রতিটি বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া উচিত। ২৭তম বিসিএসে এএসপি (পুলিশ) হওয়া মোহাম্মাদ রাশেদ আহম্মেদ বলেন, ‘প্রিলিমিনারি পরীক্ষাকে খসড়া বাছাই বলা যেতে পারে। কিন্তু মূল যাচাই-বাছাই হয় লিখিত পরীক্ষার মাধ্যমে। কেবল হঠাৎ করে বই নিয়ে বসেই বিসিএস পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে পড়াশোনা করতে হয়। পড়তে হবে অনেক বই। তবে পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য বিষয়েও মৌলিক কিছু ধারণা থাকা জরুরি। নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা পড়তে হবে। আর সাহিত্যের বই আগেভাগে পড়ে নেওয়াই ভালো।বাংলা বিষয়ে প্রশ্নের ধারা: ২৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ মোহাম্মাদ মোরশেদুর রহমান জানান, গত কয়েক বছরের প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায়, এখন আর নিছক বিখ্যাত লেখকদের বইয়ের নাম ও উল্লেখযোগ্য রচনা বিষয়ে প্রশ্ন আসে না। বরং বিখ্যাত কোনো লেখকের গল্প বা উপন্যাসের কোনো বিশেষ চরিত্র সম্পর্কে আলোচনা আসতে পারে। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য সম্পর্কে যেকোনো ধরনের ছোট প্রশ্ন আসতে পারে। বিভিন্ন সময়ের প্রেক্ষাপটের আলোকে সাহিত্যের উল্লেখযোগ্য চরিত্র এবং সময়ের বিবর্তনে সাহিত্যে যে পরিবর্তন এসেছে, তা নিয়েও প্রশ্ন হতে পারে। এ ছাড়া প্রথম পত্রের ব্যাকরণের অংশটা ভালো করে পড়তে হবে। কেননা ব্যাকরণ অংশে ভালো নম্বর পাওয়া সম্ভব। অন্যদিকে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য ভাবসম্প্রসারণ, সারাংশ, চিঠি, প্রবন্ধ ও দুটি রচনা ভালোভাবে লিখতে পারলে অনেক নম্বর তোলা সম্ভব।ইংরেজিতে ভালো দখল থাকতে হবে: ইংরেজি যেহেতু বিদেশি ভাষা, সেহেতু এটি আয়ত্ত করতে সময় লাগে। তাই চেষ্টা চালাতে হয় আগে থেকেই। ২৯তম বিসিএসে এএসপি (পুলিশ) হওয়া আবদুল্লাহিল কাফি বলেন, ‘ইংরেজি দুই পত্রে ভালো করতে দরকার শব্দভান্ডার সমৃদ্ধ করা। কেননা শব্দভান্ডার সমৃদ্ধ হলেই শূন্যস্থান পূরণ, ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করাটা অনেক সহজ হয়ে যায়। ইংরেজির জন্য অ্যাম্পলিফিকেশন, সাবস্ট্যান্স রাইটিং, গ্রুপ ভার্ব, ফ্রেজ, ইডিয়মস, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সেনট্যান্স কারেকশন, প্রিপোজিশন—এসবে ভালো দখল থাকতে হবে। ইংরেজি প্রথম পত্রে ব্যাকরণের ২৫ নম্বরের সঠিক উত্তর দিতে পারলেই ভালো নম্বর চলে আসে। ইংরেজি দ্বিতীয় পত্রে প্যাসেজ, লেটার ও রচনা লেখায় জোর দিতে হবে। তবে শিক্ষার্থীর যদি ফ্রি-হ্যান্ড রাইটিং দক্ষতা ভালো থাকে, তবে তিনি ইংরেজিতে ভালো করবেন। বাংলাদেশ প্রসঙ্গ: সাধারণ জ্ঞানের বড় অংশজুড়েই রয়েছে বাংলাদেশ বিষয়াবলি। এতে খুব ভালো নম্বর তোলা সম্ভব বলে মনে করেন অতীতে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। ২৮তম বিসিএসে কর ও ২৯তম বিসিএসে কাস্টমস ক্যাডারের জন্য মনোনীত আবদুল আলিম বলেন, সাধারণ জ্ঞানের প্রথম পত্রে বাংলাদেশ বিষয়াবলির জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, নৃতাত্ত্বিক পরিচয়, খনিজ সম্পদের বিবরণ, পানি ও বনজ সম্পদ এবং জলবায়ুর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হতে পারে ইত্যাদি বিষয়ে প্রশ্ন হতে পারে। দ্বিতীয় পত্রের জন্য বাংলাদেশের সংবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বাংলাদেশের শাসন ও বিচার বিভাগ এবং আইন বিভাগসহ বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কার্যক্রম, স্থানীয় সরকার, সামরিক-বেসামরিক বিষয়, নারীর ক্ষমতায়ন, এনজিও এবং বিদেশি দাতাগোষ্ঠী ও সংস্থা প্রভৃতি বিষয়ে প্রশ্ন হতে পারে।আন্তর্জাতিক বিষয়াবলি: ২৮তম বিসিএসে কর ও ২৯তম বিসিএসে ফরেন অ্যাফেয়ার্সে নিয়োগপ্রাপ্ত নিয়াজ মোরশেদ বলেন, আন্তর্জাতিক বিষয়ে অনেক বেশি নম্বর পাওয়া সম্ভব। কেননা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ও টীকা মিলিয়ে মোট ৪০ নম্বর রয়েছে। সহজেই এই নম্বর তোলা যায়। এ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রাব্যবস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম, আন্তর্জাতিক দিবসগুলো, বিভিন্ন পুরস্কার, বিখ্যাত ব্যক্তিত্ব, সাগর, আকাশসীমা, জাতীয় শক্তি, ক্ষমতার ভারসাম্য, কূটনীতি, পররাষ্ট্রনীতি, জাতিসংঘের কার্যক্রম, বিভিন্ন চুক্তি ও সনদ, খেলাধুলা, আন্তর্জাতিক সম্মেলন এবং সাম্প্রতিককালের আলোড়ন সৃষ্টি করা আন্তর্জাতিক ঘটনাবলি ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসতে পারে।গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা: সাধারণ ও প্রফেশনাল উভয় ক্যাডারের জন্যই গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার ওপর প্রশ্ন আসে। নিয়াজ মোরশেদ জানান, পরীক্ষার্থীদের গাণিতিক যুক্তির জন্য দুই ঘণ্টা এবং মানসিক দক্ষতার জন্য এক ঘণ্টা বরাদ্দ থাকার কথা মাথায়রেখেই উত্তর দেওয়া উচিত। পাটিগণিত থেকে গড়, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি ও সমানুপাত—এসব নিয়ে প্রশ্ন আসতে পারে। মানসিক দক্ষতা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মানসিক দক্ষতা, বুদ্ধিমত্তা, জ্ঞানের গভীরতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি যাচাই করা হয়। তাই এ বিষয়টি বেশি করে চর্চা করতে হবে।সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি: ২৭তম বিসিএসে কর ক্যাডারে মনোনীত সুধাংশু কুমার সাহা জানান, সাধারণ বিজ্ঞানে পরীক্ষা খুব কঠিন কিছু নয়। বিজ্ঞানের মৌলিক বিষয় থেকেই সাধারণত প্রশ্ন আসে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন থাকে। সাধারণত দৈনন্দিন বিজ্ঞান, আলো, শব্দ, চুম্বক, রোগ, স্বাস্থ্য ও পরিবেশ ইত্যাদি বিষয়ে বিজ্ঞান অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। প্রযুক্তি অংশে রয়েছে কম্পিউটার প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, তড়িৎ কৌশল ও ইলেকট্রনিক প্রযুক্তি ইত্যাদি। এ ক্ষেত্রে অষ্টম ও নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই পড়া যেতে পারে।