ভালোবাসা এই মেঘ, এই রোদ্দুর
চোখের দেখা, ক্ষণিক ভালো লাগা, অভিসার আর শারীরিক সম্পর্ক তৈরির পর শেষ হয়ে যাচ্ছে ভালোবাসার এক অধ্যায়। এ-সম্পর্কে মনের কোনো যোগ নেই। নতুন প্রজন্মের এই ভালো লাগা-ভালোবাসা সম্পর্কের নতুন এক সংজ্ঞা দাঁড় করাচ্ছে। সম্প্রতি আমাদের পাশের দেশ ভারতের নতুন প্রজন্মের এই ভালো লাগা-ভালোবাসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘ইনডিয়া টুডে’।১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেনটাইন ডে বা ভালোবাসা দিবস। দিনটি ঘিরে অনেক তরুণ-তরুণীর মধ্যে এখন ‘সাময়িক’ ভালো লাগা জন্ম নেয়। সাময়িক এই ভালো লাগার বিষয়টি ঘিরে অনেকেই এখন রঙিন স্বপ্ন বোনেন, আবার সাময়িক ভালোবাসায় মনের সংস্পর্শ না থাকায় অনেকেই বিষয়টি দেখছেন নেতিবাচক হিসেবে।অনেক তরুণ-তরুণীর কাছে ১৪ ফেব্রুয়ারি হচ্ছে নতুন সঙ্গী বাছাইয়ের দিন, নতুন সম্পর্কের বাঁধনে জড়ানো আর উদযাপনের দিন। দিনটিকে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ভাষ্য, ‘১৪ ফেব্রুয়ারি আমরা নাইট ক্লাবে যাই, আনন্দ-ফুর্তি করি, ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। অনেক সময় দেখা যায়, কারও সঙ্গে ঘনিষ্ঠতাও হয়ে যায়। কিন্তু তার নাম আর তার অনুভূতির কথা জানা হয়ে ওঠে না।’ নতুন প্রজন্ম, তাঁদের নতুন একটা যুগ। এ যুগটাকে মনস্তত্ত্ববিদেরা বলছেন, সাময়িক ভালো লাগা আর সম্পর্কের দ্রুত ইতি টানার যুগ। এ যুগে ‘ডেট’ বা সাক্ষাত্ মানে পার্টিতে আনন্দ করার পর সবকিছু ভুলে যাওয়া।এখন আর কোনো ছেলে-মেয়ে সাবেকি প্রেমে পড়েন না। তাঁরা কেবল একটা সম্পর্কে জড়ান, অভিসারে যান। যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন তাঁদের ফেসবুক স্ট্যাটাসে বা মন্তব্যে দেখা যায় ‘ইন আ রিলেশনশিপ’। আর যখনই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, তখন ফেসবুক স্ট্যাটাসে ওঠে ‘কমপ্লিকেটেড’। সম্পর্ক ভেঙে গেলে শুধু স্ট্যাটাসটা বদলে আবার ‘সিঙ্গেল’ হয়ে যায়। হৃদয় ভাঙার সঙ্গে এ-সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা থাকে না।সম্পর্ক তৈরির ক্ষেত্রে নতুন নতুন অনেক সুযোগ তৈরির ফলে এখন মফস্বলের অনেক তরুণ-তরুণীই সম্পর্ক ভাঙা-গড়ার পরীক্ষা চালিয়ে দেখছেন। যখন কেউ শুনছেন যে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী কোনো রকম সম্পর্কে না জড়িয়েই অভিসারে গেছেন, তাঁর কাছে বিষয়টি মোটেও আর অবাক করা কিছু মনে হচ্ছে না। অথচ একটা সময় ছিল, যখন বিয়ে ছাড়া এ ধরনের সম্পর্কের কথা ভাবাও যেত না। কার্ড ছাপানো থেকে শুরু করে নানা অনুষ্ঠান আর উপচারে বিয়ে হতো আর তারপর হতো ছেলেমেয়ের জানাশোনা। কোনো মেয়েকে পছন্দ হলে ছেলে হয়তো মেয়েটির বাড়ির সামনে ঘোরাফেরা করত। এ সময়ে ‘ভালোবাসা’ ছিল কঠিন বিশ্বাস আর ভালো লাগা-ভালোবাসায় মোড়ানো।বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে ভালোবাসার সংজ্ঞা দাঁড়িয়েছে, ‘যতক্ষণ পর্যন্ত পছন্দের ব্যক্তিটিকে যথেষ্ট জানা-বোঝা না যাচ্ছে, ততক্ষণ তাঁকে মনের ঘরে বসানো যাবে না।’