ভালোবাসা দিবসে আসছে ন্যান্সির অ্যালবাম
ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম। প্রায় তিন বছর পর প্রকাশিত হচ্ছে ন্যান্সির দ্বিতীয় একক। সবকটি গানের সুর ও সংগীতায়োজন করছেন হাবিব ওয়াহিদ। জানা গেছে, এরই মধ্যে সবকটি গানের সুর ও সংগীতায়োজনের কাজ শেষ হয়েছে। দুটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। বাকিগুলোর কাজ শিগগিরই শেষ হবে।ন্যান্সির দ্বিতীয় অ্যালবামে মোট গান থাকবে আটটি। এর মধ্যে ছয়টি একক এবং দুটি দ্বৈত কণ্ঠের গান। দ্বৈত কণ্ঠের গানে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দেবেন হাবিব ওয়াহিদ।ন্যান্সি বলেন, ‘প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ কিছু একটা বুঝে ওঠার আগেই তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় অ্যালবামটি অনেক সময় নিয়ে করছি। তাই দ্বিতীয় একক অ্যালবাম প্রথমটির চেয়ে অনেক ভালো মানের হবে বলে মনে করছি। শ্রোতারা এরই মধ্যে হাবিব-ন্যান্সি জুটিকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। আশা করছি, পরেরটির ক্ষেত্রে নিরাশ হওয়ার কিছু নেই।’ ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবামটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক।ন্যান্সির প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ (২০০৯)। বাজারে এনেছিল প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা।