ভালোবাসা দিবসে আসছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবস সামনে রেখে তৈরি হচ্ছে সংগীতশিল্পীদের অ্যালবাম। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, এবার ভালোবাসা দিবসের জন্য ন্যান্সি, শফিক তুহিন, কোনাল, মিথিলা, লিজা, সাব্বির, পড়শি, পূজা, রিজভী ওয়াহিদ, অভিনয়শিল্পী তারিনের অ্যালবাম এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন কনা, এলিটা, দিনাত জাহান, নির্ঝর, তৌসিফ, রন্টি দাস, বিউটি দাসসহ অনেকে। থাকছে নবীন শিল্পীদের অ্যালবামও। ন্যান্সির নতুন অ্যালবামের নাম হাবিব ফিচারিং ন্যান্সি। বাজারে আনছে ডেডলাইন মিউজিক। ন্যান্সি বললেন, ‘আমার নতুন অ্যালবামে শ্রোতারা তাঁদের চেনা ন্যান্সিকেই পাবেন। সুফি ধাঁচের গানও আছে। একটি দ্বৈত কণ্ঠের গান গেয়েছি আমি আর হাবিব।’শফিক তুহিন বলেন, ‘এবার আমি কিছু সুন্দর সুরের গান করেছি। নতুনত্ব আনার চেষ্টা করেছি। কথাগুলো একটু অন্য রকম। গানগুলোর মধ্য দিয়ে আমি কিছু গল্প বলার চেষ্টা করেছি।’এবারই প্রথম আসছে অভিনয়শিল্পী তারিনের গানের অ্যালবাম। তিনি বলেন, ‘মা, বৃষ্টি, মন, বেদনা, আকাশ, দুঃখ, ইচ্ছে, অনুরোধ, আশা, কষ্ট—এমনই কিছু ভাবনা নিয়ে অ্যালবামের গানগুলো। প্রতিটি গান আলাদা গল্প। সুরের বৈচিত্র্য আনার জন্য অ্যালবামে চারজন সুরকারের গান গেয়েছি। শুনেছি, দুঃখ-কষ্টের গান নাকি শ্রোতাদের মনকে বেশি ছুঁয়ে যায়। তাই আমার প্রথম এ ধরনের গানের সংখ্যা বেশি।’