ভালোবাসা দিবসে আসছেন শ্রেয়া ও জেফ
চরম শিল্পী সংকটের মধ্যে পড়েছেন ঢাকাই ছবির নির্মাতারা। চলচ্চিত্রের এই শিল্পী সংকট কাটিয়ে ওঠার চেষ্টায় অনেক নির্মাতাই তাঁদের ছবিতে আনছেন নতুন মুখ। এবারের ভালোবাসা দিবসে ঢালিউডের দর্শকদের সামনে নতুন জুটি হিসেবে আসছেন জেফ ও শ্রেয়া। ‘জীবনে তুমি মরণে তুমি’ ছবির মাধ্যমে এঁদেরকে দর্শকদের সামনে নিয়ে আসছেন নির্মাতা অপূর্ব রানা। ছবিটির কাহিনি লিখেছেন কমল সরকার।ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের মোট ১৪টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক অপূর্ব রানা। তিনি বলেন, ‘আমাদের সমাজের চারপাশে যে ঘটনাগুলো, সেটাই চলচ্চিত্রটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’চলচ্চিত্রে নবাগত শ্রেয়া বলেছেন, ‘২০০৮ সালে একটি পাক্ষিক পত্রিকার ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে আমার মিডিয়ায় কাজের শুরু। এরপর দু-একটি টিভি নাটকেও অভিনয় করেছি। কিন্তু চলচ্চিত্রে অভিনয় করাটা যে এতটা কষ্টের সেটা আগে জানতাম না। অবশ্য সবার সহযোগিতায় সে সমস্যাটা কাটিয়ে উঠতে পেরেছি। এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই প্রত্যাশাটাও একটু বেশি।’ শ্রেয়া আরও বলেন, ‘এরই মধ্যে আরেকটি চলচ্চিত্রের কাজ শেষ করেছি। সেখানে আমি মারুফের বিপরীতে অভিনয় করেছি। শুনেছি আগামী মার্চে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’ছবির গল্পে রয়েছে, জেফ টাকার নেশায় জীবন জুয়ায় মেতে ওঠেন। ধন-সম্পদের মালিক হওয়ার নেশায় বেছে নেন অবৈধ পথ। টাকা উপার্জন করতে গিয়ে একপর্যায়ে অপরাধ জগতে জড়িয়ে পড়েন তিনি। সেখানে তাঁর পরিচয় হয় গডফাদার ইরফান চৌধুরীর সঙ্গে। অপরাধ জগতে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তাঁরা। একসময় শত্রু ইরফান চৌধুরীর মেয়ে শ্রেয়ার প্রেমে পড়েন জেফ। ইরফান চৌধুরীর তাঁদের ভালোবাসার খবর জানতে পেরে জেফকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। এরপর নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে ‘জীবনে তুমি মরণে তুমি’ ছবির গল্প এগিয়ে যায়।জীবনে তুমি মরণে তুমি ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন সোহেল রানা, আমান ও সিনথিয়া প্রমুখ।