ভালোবাসা দিবসে পড়শী টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবসেই আসছে এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর দ্বিতীয় একক। নিজের নামের সঙ্গে মিল রেখে এবারও অ্যালবামের নাম রেখেছেন পড়শী। তাঁর দ্বিতীয় একক পড়শী টু। বর্তমানে বেশ দ্রুততার সঙ্গে অ্যালবামটির গানের রেকর্ডিংয়ের কাজ চলছে। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। আটটি একক এবং দুটি দ্বৈত গান। দ্বৈত গানের পড়শীর সহশিল্পী হিসেবে থাকবেন আরফিন রুমি ও জুয়েল মোর্শেদ। এরই মধ্যে পাঁচটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। পড়শী টু অ্যালবামের সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন ইবরার টিপু, জুয়েল মোর্শেদ, আরফিন রুমি ও সন্ধি। গানের কথা লিখছেন রবিউল ইসলাম জীবন, মিথিলা ইবরারসহ আরও অনেকে। পড়শী বলেন, ‘আমার প্রথম অ্যালবামের বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তারাই আমার গানের প্রাণ। শ্রোতাদের কথা মাথায় রেখেই এবারের অ্যালবামের গানগুলো তৈরি করছি। প্রথম অ্যালবামের মতো পড়শী টুও বেশ শ্রোতাপ্রিয়তা পাবে বলে আশা করছি।’উল্লেখ্য, ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রথম আসরের দ্বিতীয় রানার্সআপ পড়শীর প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালে। এটি বাজারে এনেছিল লেজার ভিশন।