ভালোবাসা দিবসে মুঠোফোনে ফুয়াদের গান
এবারের ভালোবাসা দিবসে সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী ফুয়াদের কোনো অ্যালবাম সিডি আকারে প্রকাশিত না হলেও মুঠোফোনের কল্যাণে শ্রোতাদের সঙ্গে তিনি ঠিকই থাকবেন।ভালোবাসা দিবস উপলক্ষে ফুয়াদের পাঁচটি গান মুক্তি পেয়েছে মুঠোফোনে। আর গানগুলো শ্রোতাদের জন্য ফুয়াদের পক্ষ থেকে ভালোবাসা দিবসের উপহার হিসেবেই বলা হচ্ছে। ১১ ফেব্রুয়ারি শনিবার থেকে গ্রামীণফোনের গ্রাহকেরা ওয়েলকাম টিউন, ফুল ট্র্যাক ডাউনলোড, মিউজিক রেডিওর (৪০৪০) মতো ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে গানগুলো উপভোগ করতে পারবেন।গ্রামীণফোনের হেড অব মার্কেট কমিউনিকেশনস সাজিদ রিজওয়ান মতিন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘ফুয়াদের নিজস্ব প্রতিষ্ঠান হিট ফ্যাক্টরির সঙ্গে পাঁচটি গানের ব্যাপারে একটি চুক্তি হয়েছে।’হিট ফ্যাক্টরির প্রধান সমন্বয়কারী ও ফুয়াদের স্ত্রী মায়া আল মুক্তাদির জানিয়েছেন, ফুয়াদের গান কিন্তু এর আগেও মুঠোফোনের মাধ্যমে শ্রোতারা শুনেছেন। তবে এবারই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ফুয়াদ নিজেই তাঁর গানগুলো কোনো মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে দিয়েছেন। প্রথম দিকে পাঁচটি গান শ্রোতারা শুনতে পাবেন।’গ্রামীণফোনের সঙ্গে চুক্তি হওয়া ফুয়াদের গানগুলো হচ্ছে—‘ফ্রেন্ডশিপ নেভার ডাইজ’ (জোহাদ), ‘একটাই আমার তুমি’ (ফুয়াদ), ‘যদি বলি’ (তাহমিদ), স্বাধীন (ডি রকস্টার শুভ) ও যা পাখি (মালা)।জানা গেছে, এর মধ্যে জোহাদ, তাহমিদ ও ফুয়াদের গান তিনটি একেবারেই নতুন। পরবর্তী সময়ে ফুয়াদের মিশ্র অ্যালবামে এগুলো পাওয়া যাবে। এ ছাড়া ডি রকস্টার খ্যাত স্বাধীন গানটি অনেক কিছু এবং মালার যা পাখি ফুয়াদ ফিচারিং মালা অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। সবগুলো গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ।মায়া আল মুক্তাদির আরও জানান, ১৩ ফেব্রুয়ারি আমাদের বিয়ের এক বছর পূর্ণ হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিনগুলো যেন আরও সুন্দরভাবে এবং সুখে-শান্তিতে কাটাতে পারি।