ভালোবাসা দিবসে ‘হাবিব ফিচারিং ন্যান্সি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ন্যান্সির প্রথম একক অ্যালবাম ভালোবাসা অধরা প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে, প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে। প্রায় তিন বছর পর আসছে ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম। নাম হাবিব ফিচারিং ন্যান্সি। এরই মধ্যে অ্যালবামের সবগুলো গানের কাজ শেষ হয়েছে। সামনের ভালোবাসা দিবসে অ্যালবামটি বাজারে আসবে বলে জানা গেছে। এদিকে ন্যান্সি নিজেও তাঁর দ্বিতীয় একক অ্যালবামটি এবারের ভালোবাসা দিবসে প্রকাশ করতে চাইছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার এই অ্যালবামটি কিন্তু গত রোজার ঈদেই প্রকাশ করার কথা ছিল। হাবিব ভাই যখন আমার অ্যালবামটির কাজ করতে রাজি হলেন, তখন তারিখ পরিবর্তন করলাম। কারণ একটাই। হাবিব ভাইয়ের কম্পোজিশনেই অ্যালবামটি করতে চাই আমি। আমার বিশ্বাস, হাবিব ভাই আমার কণ্ঠটাকে সবচেয়ে ভালো ব্যবহার করতে পারেন।’ ন্যান্সি আরও বলেন, ‘আমার এবারের অ্যালবামটি যে ধরনের গান দিয়ে সাজানো হয়েছে, সেগুলো ভালোবাসা দিবসের সঙ্গেই সবচেয়ে বেশি যায়।’হাবিব ফিচারিং ন্যান্সি অ্যালবামটি নিয়ে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, ‘অ্যালবাম নিয়ে আমার কোনো চিন্তা নেই। নতুন এই অ্যালবামে শ্রোতারা তাঁদের চেনা ন্যান্সিকেই পাবেন। অ্যালবামটিতে সুফি ধাঁচের ডুয়েট গানও আছে। হাবিব ভাইয়ের সঙ্গে আছে আরেকটি ডুয়েট গান।’হাবিব ফিচারিং ন্যান্সি অ্যালবামটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক।