ভালোবাসা না হোক সম্মান দাও
ভোটারদের কাছে ভালোবাসা না হোক অন্তত সম্মান প্রত্যাশা করছেন মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।বিশ্লেষণধর্মী খবরটিতে বলা হয়, জনপ্রিয়তার দিক থেকে মিট রমনি হয়তো ডেমোক্রেটিক দলের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে হারাতে পারবেন না। তবে রিপাবলিকানরা আশা করছে, ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগের দুই মাসে ভোটাররা অন্তত রমনিকে যথেষ্ট সম্মান করবেন।মার্কিন রাজনৈতিক লেখক ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামুয়েল পপকিনের মতে, রমনির প্রতি ভোটারদের ভালোবাসা সৃষ্টির চেষ্টার দরকার নেই। দরকার এটা নিশ্চিত করা যে তাঁর ব্যাপারে মার্কিনরা স্বস্তি অনুভব করে। ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত রিপাবলিকান দলের সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে রমনিকে উপস্থাপন করার সময় সমর্থকেরা বেশ কিছু আকর্ষণীয় স্লোগান প্রকাশ করে। তবে সবকিছু ছাপিয়ে রিপাবলিকানদের চেষ্টা ছিল রমনিকে ‘হূদয়বান’ মানুষ হিসেবে তুলে ধরা। তবে ওবামার মতো নিজের জীবনের আবেগী বিষয় সম্পর্কে ভোটারদের জানাতে রমনি খুব একটা আগ্রহী নন বলেই মনে হচ্ছে। কিন্তু রিপাবলিকানরা মনে করছে, রমনিকে মার্কিন ভোটারদের সঙ্গে আবেগের সম্পর্কে যুক্ত হতে হবে। ওবামার মতো মার্কিনদের কাছে রমনি কোনো সমবেদনা পাওয়ার মতো ব্যক্তিত্ব নন। এদিকে এক অনির্ধারিত সফরে গতকাল হারিকেন-আক্রান্ত লুইজিয়ানা অঙ্গরাজ্যে গেছেন রমনি। তিনি সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তবে ডেমোক্র্যাটরা তাঁর এই সফরকে ভণ্ডামির চূড়ান্ত বলে ভর্ত্সনা করেছে।