ভালোবাসার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে মানুষটা সন্ত ভ্যালেন্টাইন কিংবা ভালোবাসার নামে তাঁর আত্মোত্সর্গের কথা জানে না, আজকের দিনে ঢাকা শহরের রাস্তায় পা দিলে সেও টের পাবে শহরে কিছু একটা ঘটে চলেছে। এর মধ্যেই রিকশায়, সিএনজিচালিত অটোরিকশায় ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছেন শহরের কপোত-কপোতিরা। উদ্যান, রেস্তোরাঁ আর লেকসংলগ্ন এলাকাগুলোতেও জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। তাদের প্রায় প্রত্যেকের হাতেই শোভা পাচ্ছে উপহার। তবে উপহার বলতে সেকালের মতো শুধু কাঁটাওয়ালা ফুল কিংবা শুকনো কার্ডেই কিন্তু আটকে নেই একালের জুটিরা। নানা কায়দায় মোড়া ফুল তো আছেই, সঙ্গে আছে পুতুল, কুশন, বাহারি কার্ড, শোপিস, চকমকি কাগজে মোড়ানো চকলেটের বাক্স আরও কত কি! সকাল সকাল এসব উপহার আর চকলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা, তাঁরা যে প্রস্তুতি নিয়েছে কদিন ধরেই, তা বুঝতে আর বাকি থাকে না কারও।কার্ড আর গিফটের বনেদি দোকানগুলোতে তরুণ-তরুণীদের ভিড় বেড়ে যায় ভ্যালেন্টাইনস ডে এলেই। ভিন্ন রকম কিছু উপহার দিয়ে প্রিয় মানুষটাকে খুশি করতে তাদের চেষ্টাটা কিন্তু দেখার মতো। যেমন, ধানমন্ডির রাইফেলস স্কয়ারে দেখা মিলল তাহরিমের সঙ্গে। ঘুরে ঘুরে ‘ভ্যালেন্টাইন স্পেশাল মগ’ খুঁজছিলেন তিনি। এ মগের বিশেষত্বটা কী? জানতে চাইলে হাসলেন তাহরিম। বললেন, মগটাকে সোজা করলে মগের ভেতর থেকে একটা সুন্দর গানের সুর বাজতে থাকে। উল্টে দিলে বন্ধ হয়ে যায়। আর সুরটা অবশ্যই কোনো না কোনো লাভ সং!কেউ আবার ঘুরে বেড়াচ্ছিল স্পেশাল অর্কিডের খোঁজে। না, এখানে অবশ্য গান-বাজনার কোনো ব্যাপার নেই, বরং এই অর্কিডের পাপড়ির আকৃতি নাকি হয় হূদয়ের মতো। ভালোবাসা প্রকাশে এমন অর্কিড ভালোই কাজে আসে, অন্তত এমনটাই ধারণা ধানমন্ডির রেজোয়ানের। জানালেন, তাঁর এক বন্ধুর কাছে শুনে ফুলের দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন এই অর্কিড কেনার জন্য।এখানে ঘুরতে ঘুরতে অবশ্য আরও একটা জিনিসের হদিস পাওয়া গেল। সেটা হচ্ছে ‘প্রোপজিং রোজ’। এর বিশেষত্ব হলো, গোলাপের আকৃতিতে তৈরি করা এই চমত্কার জিনিসটা আসলে একটা খুদে রেকর্ডার। যারা প্রিয়জনের মুখোমুখি দাঁড়িয়ে নিজের মনের কথাটা বলতে সংকোচ বোধ করে, তাদের জন্য একেবারে মোক্ষম অস্ত্র হলো এই যান্ত্রিক প্রেম-প্রস্তাবের গোলাপ। এতে নিজের কণ্ঠে মনের কথাটা রেকর্ড করে রাখলেই হলো, সেটা প্রিয়জনের হাতে তুলে দিলেই বেজে উঠবে আপনার কণ্ঠ, মনের কথা পৌঁছে যাবে প্রিয়জনের কানে। যাঁরা সরাসরি প্রেম-প্রস্তাব দিতে সংকোচ বোধ করেন তাঁদের একজনকে পাওয়াও গেল রাইফেলস স্কয়ারের আর্চিসে। তাঁর নাম অনিন্দ্য। সত্যিকারের গোলাপ না দিয়ে যান্ত্রিক গোলাপে কেন প্রেম-প্রস্তাব তা জানতে চাইলে তাঁর সাদামাটা উত্তর, ‘মুখে বলতে লজ্জা করে, ও আমার ক্লাসমেট।’উপহার কিনতে মেয়েদেরও জুড়ি নেই। গুলশান-২-এর আর্চিস গ্যালারিতে আফরিনা আফরোজ খান এসেছেন তাঁর স্বামী মিলন এইচ রহমানের জন্য উপহার কিনতে। বেছে বেছে একজোড়া ‘কালার চেঞ্জিং’ মগ কিনলেন তিনি। এই মগে চা বা কফি ঢাললে মগের গাত্রবর্ণে পরিবর্তন আসে। গায়ে ফুটে ওঠে প্রেমের সেই চিরন্তন বাণী। সে জন্যই ভালোবাসা দিবসের সকালে এমন একটা উপহার তিনি স্বামীর হাতে তুলে দিতে চাইছেন । রেহনুমা ফেরদৌস নুহানের পছন্দ আবার একটু ভিন্ন রকম। ভ্যালেন্টাইনসের কার্ডের পাশাপাশি বেছে বেছে ভূত-প্রেত মার্কা একটা উপহার কিনলেন প্রিয় মানুষটির জন্য। কিন্তু ‘ভালোবাসা’ দিবসে ‘ভূত দিবস (!)’-এর উপহার কেন? নুহান জবাব দিলেন, ‘প্রতিবারই সেই একই রকম গিফট দেওয়া হয়। তাই এবার ভাবছিলাম একটু ভিন্ন কিছু দেওয়া যাক। এমনিতেও হ্যারিস একটু অদ্ভুতুড়ে জিনিস পছন্দ করে। তাই এই ভূত-বাক্সটা কিনলাম ওর জন্য। ভ্যালেন্টাইনের সকালবেলা যাতে ওকে চমকে দিয়ে শুরু করতে পারি!’ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শহরের গানওয়ালারাও তাঁদের দোকানের আওয়াজ বাক্সে চড়িয়েছেন নতুন নতুন প্রেমের গান। গুলশানের একটা সিডির দোকানের সামনে দাঁড়াতেই টের পাওয়া গেল বুদ্ধিটা বেশ কাজের। কেননা উচ্চ স্বরের সেই গানগুলো শুনে অনেকেই খোঁজ নিয়ে গেল গানের শিল্পী কে, সিডির কত দাম? দু-একজন কিনেও নিল ‘ভ্যালেন্টাইনস সং কালেকশন’। ভালোবাসার গানের এমন সংকলন যে ভালোবাসা দিবসের চমত্কার উপহার হতে পারে, এ কথা আর বলার অপেক্ষা রাখে না।ভালোবাসা দিবসের জন্য বিশেষ রকম প্রস্তুতি নিয়েছে শহরের বনেদি খাবার দোকানগুলোও। গুলশান-২-এর ভারতীয় খাবারের নামকরা রেস্টুরেন্ট খাজানার ‘ভ্যালেন্টাইনস স্পেশাল ক্যান্ডেললাইট ডিনার’ আয়োজনের খবর যাদের কানে গেছে, তাদের অনেকেই হয়তো অগ্রিম বুকিং দিয়ে রেখেছে। তবে শুধু ডিনারেই থেমে থাকছে না শহরবাসীর রুচি, নামকরা বেকারিতে অনেকেই ঢুঁ মেরেছে হূদয় আকৃতির সুস্বাদু কেক আর চকলেটের জন্য। তা ছাড়া নিজের পছন্দমতো বিশেষ কেকের ফরমায়েশ আজকের দিনের জন্য আগেভাগেই দিয়েছে অনেকেই। আর এতসব আয়োজনে পাঁচতারা হোটেল শেরাটনের ‘ভ্যালেন্টাইনস বুফে’ যোগ করেছে অন্য রকম মাত্রা।তবে আজকের দিনে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হবে বোধহয় নাগরিক ফুলওয়ালাদের। আর সে জন্যই কোমর বেঁধে নেমে পড়েছে তারা সবাই। শাহবাগের পাইকারি ফুলের বাজার থেকে শুরু করে গুলশানের অভিজাত দোকান ‘ফার্নস এন পেটালস’ প্রত্যেকেরই রয়েছে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন। ফুলের দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেল, আজকে লাল গোলাপ বিকোবে মুড়ি-মুড়কির মতো। তাই লাল গোলাপ বিক্রি করতে তাদের থাকছে অন্য রকম বিলিব্যবস্থা। সুন্দর প্যাকেট আর ফিতায় বাঁধা গোলাপ যে ভালোবাসা দিবসের অন্য রকম আকর্ষণ, তা জানে নগরের প্রেমিক-প্রেমিকারাও। লাল গোলাপের পাশাপাশি লিলি আর স্টাটিকসের কথা তাই আগে থেকেই জানিয়ে গেছে প্রচুর ক্রেতা। কেউ কেউ তো আবার সেই প্রবাস থেকেই ইন্টারনেটের মাধ্যমে এসব দোকানে অর্ডার দিয়েছে দেশে থাকা তার প্রিয় মানুষটার জন্য ভালোবাসা দিবসের সকালে পছন্দসই ফুলের তোড়া পৌঁছে দিতে। এখন কিন্তু ফুল আর কার্ডের সঙ্গে সঙ্গে উপহারসামগ্রীও কেনে তরুণ-তরুণীরা। নিউমার্কেটের অন্দর-বাইরেও লেগেছে ভালোবাসা দিবসের ছোঁয়া। রক্তলাল বর্ণের হূদয় আকৃতির কথা বলা কুশন আর তুলতুলে নরম পুতুল দিয়ে এখানকার দোকানিরা সাজিয়েছেন তাঁদের পসরা। বোঝাই যাচ্ছে, তরুণ-তরুণীরা এসব নিতেই ঘুরে-ফিরে আসে এখানে। পাশাপাশি বাক্সবন্দী চকলেটেরও রয়েছে দারুণ কাটতি। হূদয় আকারের বাক্সে সুন্দর সাজানো-গোছানো মোড়কে লোভনীয় চকলেট দেখেই মন ভরে যায়। তাই এই জিনিস উপহার পেলে যে কেউ খুশি হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। আসলে ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি করাটাই হলো আসল উদ্দেশ্য। ফুল, চকলেট, কেক, কার্ড কিংবা অভিজাত হোটেলে সুস্বাদু খাবার—এসব তো কেবল নিমিত্ত মাত্র।