ভালোবাসার জয়
স্তন ক্যানসারের সঙ্গে জেনের প্রায় এক যুগের লড়াইয়ে সহধর্মিণীর পাশেই থেকেছেন। জেন যখন মৃত্যুশয্যায়, শিথানে থেকেই তিনি পার করেছেন ঘণ্টার পর ঘণ্টা। তবু জেনকে ধরে রাখতে পারেননি। তাঁর জগৎটাকে শূন্য করে বছর দুয়েক আগে অন্যলোকে চলে যান জেন। স্ত্রীকে হারানোর পর ছেলেমেয়ের দেখাশোনা, ক্রিকেট এবং স্তন ক্যানসারের বিপক্ষে জনগণকে সচেতন করার জেনের অসমাপ্ত লড়াই নিয়েই চলছিল ম্যাকগ্রার জীবন। সেই জীবনে এসে পড়লেন সারা লিওনার্দি।তবে সারাকে বরণ করার আগে নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে ম্যাকগ্রাকে। ‘জেনের মৃত্যুর পর কখনোই ভাবিনি, আমার জীবনে অন্য মেয়ে আসবে। বদ্ধ ধারণা ছিল, আর কোনো মেয়েকে কখনোই ভালোবাসতে পারব না।’ তার পরও সারার সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়লেন। কীভাবে? ‘এ নিয়ে একটা সময় আমাকে লড়াই করতে হয়েছে। কঠিন লড়াই। একসময় মনে হয়েছে, এ লড়াইয়ের কোনো অর্থ নেই। জেন যখন চলে গেল, মনে হয়েছিল, আমারও একটা অংশ নিয়ে গেছে সে। কিন্তু সারার কারণেই আবার ভাবতে পারছি, আমি বেঁচে আছি।’ গত ফেব্রুয়ারিতে সারার সঙ্গে সম্পর্কের কথা অস্ট্রেলিয়ার নারীবিষয়ক এক সাময়িকীকে জানিয়েছিলেন ম্যাকগ্রা।প্রণয় থেকে গত জুলাইয়ে বাগ্দান এবং গত সপ্তাহে পরিণয়। আর এর পেছনে জেন-ম্যাকগ্রা দম্পতির ছেলেমেয়ে ১০ বছর বয়সী জেমস ও আট বছর বয়সী হলির ভূমিকাও কম নয়। ইন্টেরিওর ডিজাইনার ২৮ বছর বয়সী সারাকে ভীষণ পছন্দ তাদের। ছেলেমেয়ের সবুজ সংকেতই তো নতুন করে ঘর বাঁধতে ‘সাহসী’ করে তোলে ম্যাকগ্রাকে। কিছুদিন আগে তোলা এই ছবি ম্যাকগ্রা-সারার সুখী পরিবারেরই প্রতিচ্ছবি। ওয়েবসাইট।