ভালোবাসার বীজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের ধার দিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোরী। কাঁধে একটা কাঁঠাল। লাইবেরিয়ায় কাঁঠাল হয়? শান্তিমিশন মূল্যায়ন দলের অন্যতম সদস্য মেজর কালাম বললেন, বাংলাদেশ থেকে কাঁঠালের বিচি এনে হেলিকপ্টারে করে ছিটিয়ে দেওয়া হয়েছিল। মনে মনে ভাবি, গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত আর চাপানো দারিদ্র্যে পীড়িত-লাঞ্ছিত দেশ লাইবেরিয়ায় বাংলাদেশ থেকে যে সৈনিকেরা এসেছেন জাতিসংঘের তরফে শান্তি রক্ষার কাজে, কাঁঠালগাছ লাগানো নিশ্চয়ই তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু বাঙালি বলে কথা। সে কেবল বেঁধে দেওয়া দায়িত্বের মধ্যেই ঘুরেফিরে ক্লান্ত হওয়ার পাত্র নয়। লাইবেরিয়ায় বাংলাদেশের শান্তিরক্ষীরা দেশ থেকে শুধু কাঁঠাল, পেঁপে বা গোলাপের চারা এনে রোপণ করেননি, এ দেশের মানুষের মনে ভালোবাসার বীজ বুনতেও করেছেন অনেক কাজ, যা তাঁদের আনুষ্ঠানিক দায়িত্বের মধ্যে নেই। যা তাঁদের করতে কেউ বলেনি—না জাতিসংঘ, না বাংলাদেশের সরকার।লাইবেরিয়ার নিমবা নামের প্রশাসনিক বিভাগের শহর গান্তায় বাংলাদেশ-লাইবেরিয়া ফ্রেন্ডশিপ সেন্টার গড়ে উঠেছে সেভাবেই। গৃহযুদ্ধের অব্যবহিত পরে, যখন বিবদমান পক্ষগুলোর মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি হয়েছে কিন্তু সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি, যখন আমাদের শান্তিরক্ষীদের চলাফেরা করতে হতো বুলেটপ্রুফ জ্যাকেট পরে মেশিনগান বসানো গাড়িতে চড়ে, তখন বাঙালি মন অনুভব করেছে, স্থানীয় জনগোষ্ঠীকে নিরস্ত্র করে, অথবা অস্ত্রের ভয় দেখিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। মানুষের মন জয় করতে হবে সবকিছুর আগে। মন জয় করা যায় কেবল ভালোবাসা দিয়ে। ভালোবাসার প্রকাশ ঘটে সাহায্য-সহযোগিতার মধ্য দিয়ে। তাই নিরন্ন মানুষের মধ্যে খাদ্য বিতরণ আর গৃহযুদ্ধে বাস্তুচ্যুত ও পরিবারহারা শিশুদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি তাঁরা গড়ে তুলেছেন তরুণ-যুবকদের জন্য ‘ফ্রেন্ডশিপ সেন্টার’। আমাদের শান্তিরক্ষীরা লাইবেরীয় তরুণ-যুবকদের বুঝিয়েছেন, এই অনর্থক যুদ্ধে কি তোমরা ক্লান্ত হয়ে পড়োনি? অনিবার্য জবাব আসে, হ্যাঁ। তাহলে এসো, কিছু গঠনমূলক উদ্যোগ নেওয়া যাক, যা তোমাদের সত্যিকারের কাজে লাগবে। বাংলাদেশি শান্তিরক্ষীরা লাইবেরীয় তরুণ-যুবকদের হাত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে শুরু করেন নানা ধরনের ভোকেশনাল প্রশিক্ষণ। কীভাবে কম্পিউটার চালাতে হয়, কীভাবে জামাকাপড় সেলাই করতে হয়, কীভাবে রোগীদের সেবা করতে হয়, কীভাবে বৈদ্যুতিক জেনারেটর ও অন্যান্য যন্ত্রপাতি মেরামত করতে হয়। গান্তায় এখন আছে বাংলাদেশ শান্তিরক্ষীদের একটি ইঞ্জিনিয়ারিং কনটিনজেন্ট। মোট ২৫৮ জন সদস্যের এই বিশাল বাহিনী রাস্তাঘাট তৈরি, মেরামত, রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। এঁরাই বাংলাদেশ-লাইবেরিয়া ফ্রেন্ডশিপ সেন্টারের মাধ্যমে লাইবেরীয় তরুণসমাজকে নানা ক্ষেত্রে প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁদের হাতে প্রশিক্ষিত হয়ে অনেকেই ইতিমধ্যে চাকরি-বাকরি করছেন, কেউ জীবিকা হিসেবে বেছে নিয়েছেন জেনারেটর মেরামতের কাজ। এভাবে বাংলাদেশি শান্তিরক্ষীদের কাছে প্রশিক্ষণ নিয়ে যাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন, সেসব লাইবেরীয় তরুণ-তরুণীর মনে স্থায়ী আসন পেয়ে গেছে বাংলাদেশ। ২০০৫ সালে শুরু হওয়া বাংলাদেশ-লাইবেরিয়া ফ্রেন্ডশিপ সেন্টার দুই বছর পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ। এমন ঘটনা লাইবেরিয়ায় আর কোনো দেশের শান্তিরক্ষী দলের ক্ষেত্রে ঘটেনি।লাইবেরিয়ায় ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। এরা ভলিবলও বেশ পছন্দ করে। গান্তার বাংলাদেশি শান্তিরক্ষীরা স্থানীয় তরুণদের মধ্যে ফুটবল, ভলিবল ও জার্সি বিতরণ করেছেন। তাঁরা বিভিন্ন সময়ে ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করেন। বাংলাদেশের শান্তিরক্ষীরা লাইবেরিয়ায় ভালোবাসার বীজ বপন করেছিলেন বলেই বুঝি দেশটির মানুষেরা গান্তা শহরের এক প্রধান সড়কের নাম রেখেছে ‘বাংলা রোড’। দুই দিন আগে বং বিভাগের কাউন্টি কমিশনার ক্লাইড এফ সল বলেছেন, ‘আমরা জানি, বাংলাদেশের বন্ধুরা এ দেশে চিরকাল থাকবে না, একদিন তারা নিশ্চয়ই চলে যাবে। কিন্তু তারা আমাদের জন্য যা করেছে, তা আমরা কোনো দিনও ভুলব না। তাই আমরা এখানে একটা চত্বরের নাম রেখেছি বাংলাদেশ স্কয়ার।’ভালোবাসার বীজ রোপিত হয়েছে বলেই বুঝি বং বিভাগের কাউন্টি সুপারিনটেনডেন্ট সেলেনা পলসন ম্যাপি প্রায় কেঁদে ফেললেন, যখন বাংলাদেশি শান্তিরক্ষী দলের প্রকৌশলী কনটিনজেন্ট-১৮-এর বিদায়ী অধিনায়ক লে. কর্নেল মাহমুদ তাঁকে বললেন, ‘আমরা চলে যাচ্ছি।’ বাঙ্গার বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রকৌশলীরা বং কাউন্টির সরকারি গণপূর্ত বিভাগের লোকজনকে প্রশিক্ষণ দেন। তাঁদের একটি দল এক বছরের মেয়াদ শেষ করে দেশে ফিরে যাচ্ছে। তাই গত সোমবার বিকেলে কাউন্টি সুপার সেলেনার কাছ থেকে বিদায় নিতে তাঁরা গিয়েছিলেন তাঁর দপ্তরে। সঙ্গে আমরাও ছিলাম। লে. কর্নেল মাহমুদ সেলেনার কাছে বিদায় চাইলে সেলেনা বললেন, ‘ওভাবে বোলো না, আমি তাহলে কেঁদে ফেলব!’ মাহমুদ সাদরে হেসে বললেন, ‘আমরা যাচ্ছি তো কী হয়েছে, তোমাদের জন্য এসেছে আরেকটি দল।’তিনি সেলেনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নতুন আসা অধিনায়ক লে. কর্নেল আসাদকে। সেলেনা শান্ত হলে তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘বাংলাদেশ সম্পর্কে আপনার ধারণা কী?’উত্তরে আবেগাপ্লুত সেলেনা বললেন, ‘এখানে আমার সঙ্গে যেসব বাংলাদেশির পরিচয় ও সখ্য হয়েছে, বাংলাদেশের সব মানুষই যদি তাদের মতো হয়, তাহলে আমি বলব, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সেরা মানুষের দেশ।’আমার মনে হলো, বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য এ স্বীকৃতির চেয়ে বড় পুরস্কার আর হতে পারে না। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তুল্য আর কিছু সম্ভবত নেই।