ভালোবেসে বিয়ে ও একটি জালিয়াতি মামলা
উচ্চবিত্ত পরিবারের অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে ভালোবেসে গোপনে বিয়ে করে। বিয়ের কয়েক বছর পর ঘটনা জানাজানি হলে মেয়েটির পরিবার ছেলেটির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা ঠুকে দেয়। মেয়েটিকেও অন্যত্র বিয়ে দেয়। ছেলেটির বিরুদ্ধে মামলার বিচার চলছে আদালতে। এখন ছেলেটি জানতে চান, কীভাবে তিনি তাঁর স্ত্রীকে ফেরত পাবেন এবং এই মামলা থেকে রেহাই পাবেন। ছেলেটি খুব সুদর্শন। চিকন মাঝারি গড়নের। শান্ত চেহারা। কিসের যেন অস্থিরতা ছেলেটির। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের আসামির কাঠগড়ায় দুই হাত প্রার্থনাবেশে ঠায় দাঁড়িয়ে আছেন। কী মামলা ছেলেটির বিরুদ্ধে, খুব জানার কৌতূহল হলো। আমি আদালতের সিএসআইকে (কোর্ট সাব ইন্সপেক্টর) কাছে গিয়ে বললাম, কী মামলা ছেলেটির বিরুদ্ধে। সিএসআই উত্তর দিলেন, ‘প্রতারণার মামলা’। আমি আইনজীবীদের নির্ধারিত আসনে বসে খুব আগ্রহসহকারে সাক্ষ্য শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। সাক্ষীর কাঠগড়ায় উঠলেন একটি মেয়ে। মেয়েটির পক্ষের আইনজীবী শুরু করলেন জবানবন্দি। ছেলেটির বিরুদ্ধে মেয়েটির অনেক অভিযোগ। ছেলেটি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন, জালিয়াতি করেছেন। ভুয়া নিকাহনামা তৈরি করেছেন। এসব তথ্য উঠে আসছিল জবানবন্দিতে। প্রতিপক্ষের আইনজীবী জেরার জন্য সময় চাইলেন। সময় মঞ্জুর হলো। উভয়ে তাঁদের জন্য নির্ধারিত কাঠগড়া থেকে বেরিয়ে এলেন।আমি ছেলেটির সঙ্গে কথা বলতে চাইলাম। ছেলেটি প্রথমে ইতস্তত করলেও পরে কথা বলতে চাইলেন। চা খেতে খেতে জমে উঠল আলাপচারিতা।কী করেন আপনি?‘একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ছি?’কী মামলা আপনার বিরুদ্ধে? জিজ্ঞেস করতেই খানিকটা বিচলিত হয়ে বললেন, ‘প্রতারণার মামলা।’কেন প্রতারণা করলেন, কী জালিয়াতি করলেন?অনেকটা আবেগপ্রবণ গলায় বলে উঠলেন, ‘ভালোবাসার খেসারত দিচ্ছি, ভাইয়া।’মানে?‘মেয়েটির সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। কলেজ থেকেই একসঙ্গে পড়াশোনা করেছি। তখন থেকেই আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওকে আমি প্রচণ্ড ভালোবাসি। তখন আমরা সাভারে থাকতাম। আমাদের দুজনের সিদ্ধান্তেই আমরা বিয়ে করি।’বিয়েতে সাক্ষী ছিলেন কারা? আপনারা কি দুজনই প্রাপ্তবয়স্ক ছিলেন?‘সাক্ষী ছিলেন আমার দুই বন্ধু। আমরা কেউ তখন সাবালক ছিলাম না।’কাজি তাও বিয়ে পড়ালেন?‘প্রথমে “না” করেছিলেন। পরে আমরা কোর্টে এসে হলফনামা করে কোর্ট ম্যারেজ করি। পরে কাবিননামা করি। কাজিকে প্রচুর টাকা দিই। কাজি আর “না” করেননি।’পরে কী হলো?‘আমরা দুজন দুজনের বাসায় চলে এলাম। আমাদের কথা ছিল, আমরা দুজন প্রতিষ্ঠিত হয়ে বিষয়টি পরিবারকে জানাব। সবাই তখন অবশ্যই এ সম্পর্ক মেনে নেবে। এভাবে কাটতে লাগল অনেক দিন। প্রায় তিন বছর কাটার পর ২০০৯ সালে বিষয়টি অন্যদিকে মোড় নেয়।’কী রকম?‘ওর মা-বাবা বিষয়টি জানতে পারেন। এর পর থেকেই প্রেক্ষাপট বদলে যেতে থাকে।’বিস্তারিত বলবেন কি?‘হঠাৎ মেয়েটি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রায় দু-তিন মাস পর পর আমাকে ফোন দিত। আমি ওদের টিঅ্যান্ডটিতে ফোন করে খোঁজ নিতে চাইতাম। তখন ওর মধ্যে একটু পরিবর্তন খুঁজে পাই।’মেয়েটি তখন কিসে পড়ত?‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ত।’তারপর প্রতারণার ঘটনা কীভাবে এল?‘ওর মা-বাবা এবং ভাই আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিতেন। ভয় দেখাতেন। ২০০৯ সালের সেপ্টেম্বরে আমি কোনোভাবে জানতে পারি, মেয়েটির বিয়ে ঠিক হয়েছে অন্য কোথাও। এটা শোনার পর আমি পাগলের মতো হয়ে পড়ি। আমি হন্তদন্ত হয়ে মেয়েটির বাসায় যাই। তখন ওর বাবা আমাকে মারধর করেন। আমি মেয়েটির সঙ্গে দেখা করতে চাই। কিন্তু দেখা করতে পারিনি। এক সপ্তাহ পর তার সঙ্গে যোগাযোগ হয় আমার। তাকে জিজ্ঞেস করি, আর্তনাদ করি, কেন সে আমার সঙ্গে এমন করল। সে মা-বাবার দোহাই দিয়ে বলল, ওর কিছু করণীয় নেই।’মামলা কীভাবে হলো আপনার বিরুদ্ধে?‘আমার কাছে বিয়ের কাবিননামা, হলফনামা ছিল। আমি কিছুদিন পর এগুলোর ফটোকপি করে ওদের বাসায় নিয়ে যাই। তখন মেয়েটির বাবা আর ভাই আমার বিরুদ্ধে মামলা করবেন বলে শাসান। বলেন, এগুলো মিথ্যে বানিয়েছি আমি। দু-এক দিন যাওয়ার পরই ওর এক মামা আমাকে ফোন করে সাভার বাসস্ট্যান্ডে আসতে বলেন। আমি সরল বিশ্বাসে যাই। তখন দুজন পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরের দিন কোর্টে পাঠায়। আমার বাবা এসে আমাকে আইনজীবীর মাধ্যমে জামিন করান।’মামলার চার্জশিট (অভিযোগপত্র) দিল কবে?‘মামলা করার চার মাস পর। এখন সাক্ষ্য চলছে।’মেয়েটিকে তো আপনার বিপক্ষেই বলতে শুনলাম।‘হ্যাঁ, আসলে আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। যার জন্য এত কিছু, সে “না” করে দিলে তো আমার কিছু করার নেই। আমার যদি সাজাও হয়, আমি মেনে নেব এখন।’মেয়েটি তো আপনার বিয়ে স্বীকার করতে পারতেন।‘সেটা তো পারতই। কিন্তু ওর মা-বাবার চাপে হোক আর যে কারণেই হোক, আমাকে তো সে মিথ্যাবাদী বলছে। আমাদের বিয়ে যে হয়েছে, এটা পুরোপুরি অস্বীকার করছে। আমি তো এখানে নিরুপায়। কষ্টে আমার বুকটা চৌচির হয়ে যায়। শুনেছি, তার এরই মধ্যে বিয়ে হয়ে গেছে।’তাহলে তো আর লাভ নেই। আপনি তো মেয়েটিকে আর ফিরে পারবেন না বলেই মনে হচ্ছে।‘হ্যাঁ। জোর করে কি ফিরে পাব? লাভও নেই।’ পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করে দেখুন, কী হয়। ‘আমাকে সহায়তা করার জন্য আর কেউ নেই। বন্ধুবান্ধবেরা মামলা-মোকদ্দমার কথা শুনে দূরে দূরে থাকে। তাই নিজের ঝুট-ঝামেলা নিজেই মিটিয়ে নিতে চেষ্টা করি। আইনজীবী আমার বাবার বন্ধু। তিনি যথেষ্ট সহায়তা করছেন।’ছেলেটি আমাকে জিজ্ঞেস করলেন, ‘যদি মীমাংসা করি, তাহলে মামলা কি শেষ হয়ে যাবে?’আমি বললাম, এখন যে পর্যায়ে আছে, এতে মীমাংসা কাজে আসবে না। এরই মধ্যে সাক্ষ্য শুরু হয়ে গেছে। বাদীরও জবানবন্দি হয়ে গেছে। এখন অনেকটাই মুশকিল হবে। তবে বাদী ও অন্যান্য সাক্ষীর মাধ্যমে যদি আপনাকে নির্দোষ প্রমাণিত করা যায়, তারা আপনাকে নির্দোষ বললে আদালত হয়তো আপনার পক্ষে রায় দিতে পারেন। যেহেতু আপনার স্ত্রীকে নিয়ে ঘর করার উপায় নেই এবং তিনিও আসতে চান না, তাহলে কোনোভাবে মিটমাট করে ফেলাই ভালো। ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকেন। বলেন অনেকটা বিদ্রোহের সুরেই—‘ওকে আমি পাবই।’ আবার পরক্ষণেই শান্ত হয়ে বললেন, ‘ভালোবেসে না হয় জেল খাটলামই। সব তো ভালোবাসার জন্যই হলো।’ তারপর একসময় জিজ্ঞেস করলেন, ‘আমাদের তো বিয়ের সব দলিল আছে। তাহলে ওকে যে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে তালাক না নিয়ে, এর বিরুদ্ধে আমি কি কোনো আইনি ব্যবস্থা নিতে পারব?’উত্তরে বললাম, পারবেন। ফৌজদারি মামলা করার সুযোগ আছে মেয়েটির মা-বাবার বিরুদ্ধে। আবার দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার চেয়ে পারিবারিক আদালতেও যেতে পারেন। তবে মেয়েটির সম্মতি না থাকলে তো খুব একটা প্রতিকার পাবেন না।ছেলেটি আবারও অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ‘থাক। যে যাওয়ার সে তো স্বেচ্ছায় চলেই গেছে। মামলা-মোকদ্দমা করে কি আর ফেরত পাব তাকে? এতে তো আমার ভালোবাসাটাকেও ছোট করা হবে। থাক, ওর মতো ও ভালো থাকুক...।’[email protected]