বাংলা একাডেমী চত্বরে এখন কর্মমুখর পরিবেশ। রং, নকশা আর নানা কারুকাজে বইয়ের দোকানের সঙ্গে নতুন করে সাজানো হচ্ছে পুরো এলাকা। দিনরাত চলছে কাজ। অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। এবার মেলার সঙ্গে ভাষা আন্দোলন জাদুঘরের উদ্বোধন হবে। দ্রুত চলছে জাদুঘরের প্রস্তুতির কাজ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মেলা ও জাদুঘরের উদ্বোধন করবেন। বরাবরের মতোই ফেব্রুয়ারি মাসজুড়ে এ মেলা চলবে। মেলামঞ্চে প্রতিদিন থাকবে বিষয়ভিত্তিক আলোচনা, গান, কবিতা, আবৃত্তি, যাত্রা ও নাটক নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।গতকাল শনিবার বাংলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, স্টলগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একাডেমীর উপপরিচালক মুর্শিদ উদ্দিন আহমেদ জানান, মেলায় এ পর্যন্ত ৪৭০টি স্টল চূড়ান্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চত্বরে ৩৫০টি ও বাইরে ১২০টি স্টল থাকবে।ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বইমেলার মূল মঞ্চসহ বিভিন্ন মঞ্চ, প্রবেশপথ নির্মাণ এবং মেলার ভেতর-বাইরে সার্বিক সাজসজ্জা হচ্ছে। এর ব্যবস্থাপনায় রয়েছে স্টেপ মিডিয়া।ভাষা আন্দোলন জাদুঘর: এবারের গ্রন্থমেলা উপলক্ষে বর্ধমান হাউসে ‘ভাষা আন্দোলন জাদুঘর’ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী মেলা উদ্বোধনের পরই জাদুঘরের দ্বার উন্মোচন করবেন বলে একাডেমী সূত্রে জানা গেছে। জাদুঘরে ভাষা আন্দোলনের নানা নিদর্শন রাখা হবে। ভাষা আন্দোলন জাদুঘরের সঙ্গে সংগতি রেখে মেলামঞ্চের সেমিনারের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ভাষা আন্দোলনের ইতিহাস কথা: ১৯৪৭ থেকে ১৯৫৩’। এ ছাড়া অমর একুশে মেলার প্রবর্তক প্রয়াত চিত্তরঞ্জন সাহার নামে একটি পদক প্রচলন করা হচ্ছে এবার। প্রতিবারের মতো মিডিয়া সেন্টারে ইন্টারনেট ও ফ্যাক্স ব্যবহারের সুবিধা রাখা হচ্ছে।নোটবই বিক্রি করা যাবে না: এবারের মেলায় কড়াকড়িভাবে নীতিমালা অনুসরণ করা হবে জানিয়েছেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, নতুন বইয়ের কপি বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মেলায় কোনো রকম নোটবই বিক্রি করা যাবে না। নোটবই বিক্রি নিয়ন্ত্রণ করতে মেলায় টাস্কফোর্স টহল দেবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাত্ক্ষণিক তার বরাদ্দ বাতিল করা হবে।বিক্রি বাড়বে: এবার মেলায় বই বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, ‘এ বছর অমর একুশে গ্রন্থমেলায় ২৫ থেকে ৩০ কোটি টাকার বই বিক্রি হতে পারে। প্রতিবছর মেলায় যেভাবে বই বিক্রির হার বাড়ছে, তাতে এ লক্ষ্যমাত্রা অর্জন অমূলক নয়।’বাংলা একাডেমীর হিসাবে, গত বছর বইমেলায় প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়। এর মধ্যে বাংলা একাডেমীর নিজস্ব বই বিক্রি ছিল ৬৫ লাখ ৪২ হাজার টাকা।বইয়ের দাম বাড়ছে না: প্রকাশকেরা বলেছেন, কাগজের দাম বাড়তির আশঙ্কা না থাকায় এবার বইয়ের দাম বাড়ছে না। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ওসমান গণি জানান, এবার তাঁরা প্রতি ফর্মা অর্থাত্ ১৬ পৃষ্ঠার জন্য ১৫ থেকে ২০ টাকা মূল্য ধরেছেন। গত বছরও এই দাম ছিল। এবার মেলায় বাংলা একাডেমী নিজস্ব বইয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং অন্যান্য সংস্থা ২৫ শতাংশ হারে কমিশন দেবে।বাংলা একাডেমী প্রাঙ্গণে ১৯৭২ সালে প্রথম গ্রন্থমেলার আয়োজন করা হয়। ১৯৭৮ সালে মেলাকে গ্রন্থমেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৮৪ সালে গ্রন্থমেলার জন্য নীতিমালা প্রণয়ন করা হয় এবং নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’। অবশ্য ১৯৭০ সাল থেকে অমর একুশে উপলক্ষে একাডেমীর মূল ফটকের সামনে প্রকাশনা সংস্থা ‘মুক্তধারা’র কর্ণধার চিত্তরঞ্জন সাহা বই বিক্রির আয়োজন করতেন।