ভাষা আন্দোলনের ইতিহাস ছিনতাই হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ছিনতাই হয়ে গেছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার এক আলোচনা সভায় দলটির নেতারা বলেছেন, ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির মহড়া চলছে। প্রতিদিন নতুন নতুন ভাষাসৈনিকের জন্ম হচ্ছে। আর যাঁরা প্রকৃত সৈনিক তাঁরা দেশবিরোধী হয়ে গেছেন। পরবর্তী প্রজন্মের জন্য ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার দাবি জানান জামায়াত নেতারা।ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আল-ফালাহ মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বলেন, ‘বামেরা বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস ছিনতাই করেছে। মুক্তিযোদ্ধাদের সনদের (সার্টিফিকেট) মতো নতুন নতুন ভাষাসৈনিক জন্ম নিচ্ছে।’ তিনি বলেন, ভাষা আন্দোলন হয়েছিল তমুদ্দুন মজলিশের মাধ্যমে। এটি ছিল ইসলামি আদর্শে উজ্জীবিত সংগঠন। ওই আন্দোলনকে সম্মান জানাতে সর্বস্তরে বাংলা চালু করা এবং ইসলামি শিক্ষা-সংস্কৃতির ভিতকে শক্ত করতে হবে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘ভাষা আন্দোলনের কারণে গোলাম আজম তিনবার কারাভোগ করেছিলেন। চাকরিচ্যুত হয়েছিলেন। আর কেউ ওই আন্দোলনে এতবার কারাভোগ করেননি। আজ যাঁরা বড় বড় ভাষাসৈনিক তাঁরা গ্রেপ্তার হননি। সে সময় যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁরা সবাই তমুদ্দুন মজলিশের সদস্য ছিলেন। দলগতভাবে কোনো আন্দোলন হয়নি।’ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াত নেতারা বক্তব্য দেন।