মোদের গরব মোদের আশা: ২১ ফেব্রুয়ারি বায়ান্নর ভাষা আন্দোলন যে আগুন ছড়িয়েছিল, তা এনে দিয়েছিল স্বাধীনতা। মাতৃভাষা আন্দোলনের সেই অগ্নিঝরা দিনগুলো স্মরণে ভাষার সংকট, সম্ভাবনা ও বৈচিত্র্য নিয়ে লিখছেন এম এ মোমেন
ভাষা আন্দোলনের নেতৃত্বে কবি ঔপন্যাসিক ও নায়ক
প্রায় চার কোটি মানুষের প্রথম ভাষা কন্নড়। যে ভাষার জনমানুষের সংখ্যা হাজারের নিচে, তাঁরাই যেখানে মাতৃভাষার দাবিতে ছাড় দিয়ে কথা বলতে চান না, এই বিশাল অগ্রসর জনগোষ্ঠীর বেলায় তো আন্দোলনই হওয়ার কথা। কন্নড় ভাষা আন্দোলনের বিশেষ দিকটি হলো, এটা রাজনীতিবিদদের পরিকল্পিত কোনো আন্দোলন নয়, এবং রাজনৈতিক আন্দোলনও নয়।১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতে সংবিধান গৃহীত হলো, হিন্দিকে করা হলো সরকারি ভাষা, সহযোগী সরকারি ভাষার মর্যাদা পেল ইংরেজি। ১৯৫২ সালে পূর্ব বাংলায় যখন চলছে মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় অধিষ্ঠিত করার আন্দোলন, সে বছর জাতীয় সংহতির যুক্তিতে ভারতে অহিন্দিভাষী রাজ্যগুলোতেও হিন্দি শিক্ষার কার্যক্রম চালু করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী ভাষা হিসেবে ইংরেজিকে মেনে নিয়ে যাঁরা চুপচাপ কাজ করে যাচ্ছিলেন, তাঁরা খেপে গেলেন। অহিন্দি ভাষার নেতাদের মধ্যে সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ফ্রাঙ্ক অ্যান্টনি ও পি সুব্বারায়ান। তেলেগু ভাষা একাডেমি জানিয়ে দিল, তেলেগু না হোক, ইংরেজি থেকে সরে তারা কখনো হিন্দিমুখী হবে না। ১৯৫৮ সালের ৮ মার্চ বাংলাসহ তামিল, মালয়ালাম, তেলেগু, অসমিয়া, উড়িয়া, মারাঠি ও কন্নড় ভাষার প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত একটি সর্বভারতীয় ভাষা সম্মেলনে ঘোষিত হলো: অহিন্দিভাষীদের কাছে বিদেশি ইংরেজির মতোই অন্যের ভাষা এই হিন্দি। তারপর বিভিন্ন অহিন্দিভাষী রাজ্যে শুরু হলো বিভিন্ন মেজাজের ভাষা আন্দোলন।কন্নড় ভাষার জন্য আন্দোলনটি দেরিতে শুরু হলেও খুব কম সময়েই তা সাফল্যের মুখ দেখে। এর প্রাথমিক নেতৃত্বে ছিলেন জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত কবি ও ঔপন্যাসিক বিনয়কৃষ্ণ গোকাক। তিনি তখন কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।কর্ণাটকের শিক্ষাব্যবস্থায় ইংরেজি প্রাধান্য পেলেও হিন্দি ও সংস্কৃত ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হচ্ছিল। মাতৃভাষা কন্নড় কোনো পর্যায়েই বাধ্যতামূলক না হওয়ায় মাতৃভাষা ডিঙিয়ে বেড়ে ওঠার এবং জীবন যাপন করার প্রবণতা বেড়ে যাচ্ছিল। ইংরেজি অনেকটাই স্বর্ণশিখরে—ভারতের তথ্যপ্রযুক্তি রাজধানী বেঙ্গালুরু সেই সাক্ষ্য দেয়। ১৯৮০ সালে রাজ্য সরকার সাহিত্যিক-ভাইস চ্যান্সেলর গোকাককে প্রধান করে এক সদস্যের ভাষা পর্যালোচনা কমিশন গঠন করে। কমিটির সামনে তখন তিনটি ভাষার প্রবল হুমকি—ইংরেজি, হিন্দি এবং মৃত ভাষা সংস্কৃত—যার প্রয়োগ মূলত ধর্মীয় আচার ও গবেষণায়।আন্দোলনটি শুরু হয়েছিল সংস্কৃত ভাষা বর্জনের ডাক দিয়ে। তারপর তা হিন্দিরও বিরোধিতা করে।গোকাক যখন তাঁর প্রতিবেদন দাখিল করলেন, তাঁর মূল সুপারিশ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলল। তিনি বললেন, কন্নড়কে রাজ্যের প্রথম ভাষার মর্যাদা দিতে হবে এবং প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক কন্নড় শিক্ষণ চালু করতে হবে। কর্ণাটকের স্বল্পসংখ্যক অকন্নড়ভাষী এ সুপারিশের বিরোধিতা করায় তাঁর সুপারিশ উপেক্ষিত হয়ে পড়ে। ধরেই নেওয়া হয়, আর সব সুপারিশের মতো গোকাক সুপারিশও একদিন বিস্মৃত হয়ে যাবে।সে সময় কন্নড় চলচ্চিত্র জগতের অবিসংবাদী রাজপুত্র প্রিয়মুখ নায়ক রাজকুমার। সাংস্কৃতিক পরিমণ্ডল থেকেই মনে করা হলো, যদি এই নায়করাজকে সামনে রেখে এগোনো যায়, ভাষার দাবি অনেক বেশি বেগবান হবে। রাজনৈতিক নেতৃত্ব নিয়ে জনমনে হাজারটা প্রশ্ন থাকলেও রাজকুমার যখন ভাষার জন্য ডাক দিতে সম্মতি দিলেন, দলমত-নির্বিশেষে কন্নড় যাদের মাতৃভাষা—সবাই দাঁড়িয়ে গেল তাঁর পেছনে; আর আন্দোলনে ‘বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক’ হিসেবে বিনয়কৃষ্ণ গোকাক তো ছিলেনই।রাজকুমার যখন মিছিলের পুরোভাগে রাস্তায় নামলেন, অভাবনীয় জাগরণ ঘটল কন্নড় ভাষাভাষীদের মধ্যে। নিজেদের উপেক্ষা ও রাষ্ট্রীয় গ্লানি তাদের পেয়ে বসল। রাজকুমার বেলগাম থেকে বেঙ্গালুরু পর্যন্ত মিছিল নিয়ে এগোলেন এবং মধ্যবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভাষা প্রতিষ্ঠার দাবিতে আবেগঝরা বক্তব্য রেখে চললেন। মুখ্যমন্ত্রী গুন্ডু রাও জনতার ভাষা বোঝেন। প্রচণ্ড বিস্ফোরণ ঘটার আগেই তিনি ঘোষণা দিলেন, রাজ্য সরকার সব দাবি মেনে নিয়েছে। কন্নড়ই হবে এক নম্বর ভাষা, প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক হবে কন্নড়।১৯৯২ সালের ২৮ এপ্রিল সম্মানের শীর্ষে থেকে মৃত্যুবরণ করেন গোকাক। তাঁর ভারত সিন্ধু রশ্মি মহাকাব্য তাঁকে এনে দিয়েছে জ্ঞানপীঠ পুরস্কার। ২০৫টি ছবির অভিনেতা রাজকুমার যেদিন মৃত্যুবরণ করেন, কান্নায় ভেঙে পড়েছিল কর্ণাটকসহ প্রতিবেশী অন্য ভারতীয় রাজ্যগুলো।১৯৮০ সালের ভাষা আন্দোলনের সাফল্যের পরও রাজকুমার কিংবা বিনয়কৃষ্ণ গোকাক কারোরই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা জাগেনি। দুজনের নিস্পৃহতা দেখে ফিরে এসেছিলেন কন্নড় জাতীয়তাবাদী কর্মীরা। তাঁদের দোষারোপও করা হয়েছে। কারণ, তাঁরা আন্দোলনের সম্পূর্ণতা প্রদান করেননি। রাজকুমারের সাফ জবাব, ‘আমি জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন করিনি, আমি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে দেখতেও চাইনি, আমি কেবল আমার মাতৃভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে একটুখানি সেবা করতে চেয়েছি।’ এই রাজকুমারকে দস্যু বীরাপ্পন অপহরণ করে নিরুদ্দিষ্ট করে রেখেছিল, তাঁর জন্য কন্নড় ভাষার মানুষ রাস্তায় নেমেছিল।