ভাষা-আন্দোলনের স্মৃতিরক্ষায় হাইকোর্টের ৮ দফা নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা-আন্দোলনের স্মৃতিরক্ষায় আজ বুধবার বিচারপতি মো. মমতাজউদ্দিন ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আট দফা নির্দেশনা দিয়েছেন।নির্দেশনাগুলো হলো ভাষা-আন্দোলনের স্মৃতিরক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা এবং ওই এলাকায় ভবঘুরে লোকজনের আনাগোনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে পাহারার ব্যবস্থা নেওয়া। মূল বেদিতে সভা-সমাবেশ না করা, তবে বেদির পাদদেশে সভা-সমাবেশ করা যাবে। একই সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে তিনজন নিরাপত্তা-কর্মী নিয়োগ দিতে সরকারকে নির্দেশ। ভাষা-আন্দোলেনের শহীদদের মরণোত্তর পদক ও জীবিতদের জাতীয় পদক দেওয়ার নির্দেশ। জীবিত ভাষাসৈনিকেরা আর্থিক সহায়তা চাইলে তা দেওয়ার নির্দেশ। বিশ্ববিদ্যালয় ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও এর মর্যাদা রক্ষার নির্দেশ। শহীদ মিনারের পাশে একটি গ্রন্থাগারসহ জাদুঘর প্রতিষ্ঠা এবং ওই জাদুঘরে ভাষা-আন্দোলের ইতিহাস-সমৃদ্ধ তথ্যপঞ্জিকা রাখার নির্দেশ, যাতে আগত ব্যক্তিরা এ সম্পর্কে জানতে পারেন। ভাষাসৈনিকদের প্রকৃত তালিকা তৈরির জন্য কমিটি গঠন এবং ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে ওই তালিকা গেজেট আকারে প্রকাশের নির্দেশ। ভাষাসৈনিকদের সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং সাধ্যমতো সরকারি সুযোগ নিশ্চিত করার নির্দেশ।কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং শহীদ মিনারের পাশে জাদুঘর স্থাপনের নির্দেশনা চেয়ে গত ৯ ফেব্রুয়ারি পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিটটি করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ ব্যাপারে সরকারের প্রতি রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আট দফা নির্দেশনা দিয়ে আদালত আজ এ রায় দেন।