ভাষা ও দেশকে ভালোবাসার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা নিয়ে জাতীয় উৎসব। সেই উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাতৃভাষার প্রতি ভালোবাসার মধ্য দিয়ে দেশকে ভালোবাসারও অঙ্গীকার করল। গতকাল শুক্রবার ছুটির দিন স্কুল বন্ধ। তা সত্ত্বেও রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণপ্রাচুর্যে ভরা। সারা দেশ থেকে এসেছিল তারা এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের জাতীয় উৎসবে যোগ দিতে।সকাল আটটা থেকেই শুরু হয়েছিল নিবন্ধনের পালা। উদ্বোধনী অনুষ্ঠান নয়টায়। জাতীয় সংগীতের সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুআরা বেগম জাতীয় পতাকা এবং ভাষা প্রতিযোগের উপদেষ্টা পর্ষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন। মঞ্জুআরা বেগম উৎসবের উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভাষার প্রতি মমত্ববোধ বৃদ্ধি এবং শুদ্ধ করে শেখার প্রতি আগ্রহী করবে।’আনিসুজ্জামান শিক্ষার্থীদের বলেন, ‘ভাষার মধ্যে অসাধারণ রহস্য আছে। সেটা ব্যাকরণের চেয়েও বেশি কিছু। তোমরা ভাষাকে ভালোবেসেছ বলেই আজ এখানে এসেছ। ভাষাকে ভালোবেসে দেশকে ভালোবাসবে। ভাষা, দেশ ও মানুষের জন্য কষ্ট স্বীকার করতে প্রস্তুত থাকবে।’এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবুল হক, বিশ্বজিৎ ঘোষ, সৌরভ সিকদার, তারেক রেজা, গুলশান আরা, উপল তালুকদার, এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের ও সাইফুর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর। এই পর্ব সঞ্চালনা করেন প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। এরপর অতিথিরা প্রতিযোগীদের নিয়ে রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগের কার্যক্রমের সূচনা করেন।বেলুন ওড়ানো শেষ হতেই প্রতিযোগীরা ছোটে নির্ধারিত কক্ষগুলোর দিকে। সেখানে এক ঘণ্টার পরীক্ষা। ভাষা প্রতিযোগ এবার নবমবারের মতো অনুষ্ঠিত হলো। এ বছর মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, বগুড়া, নীলফামারী ও ঢাকায় দুটি—এই মোট ১০টি অঞ্চলে হয়েছিল আঞ্চলিক প্রতিযোগ। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে ১০ হাজারের বেশি প্রতিযোগী এতে অংশ নেয়। তাদের মধ্যে বিজয়ী ৬০০ প্রতিযোগীকে নিয়ে গতকাল হলো চূড়ান্ত পর্বের এই জাতীয় উৎসব। তাদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সেরাদের সেরা হয়েছে কিশোরগঞ্জ এসবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শাহানা ইসলাম।পরীক্ষার পর মূল অনুষ্ঠান শুরু হয়েছিল স্কুলের মিলনায়তনে শিল্পী মুস্তাফা জামান আব্বাসীর আলোচনার মধ্য দিয়ে। তিনি বলেন, ‘যার হাতের লেখা ও কথা সুন্দর নয়, সে প্রকৃত বাঙালি নয়। ভাষাকে ভালোবাসতে হলে ভালো ভালো লেখকের বই পড়তে হবে।’অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘তোমরা প্রতিযোগিতার পুরস্কার সাজিয়ে না রেখে ভাষার সৌন্দর্য রক্ষার যুদ্ধে নেমে পড়বে।’অনুষ্ঠানের এই পর্যায়ে গান গেয়ে শোনান শিল্পী রিংকু। তাঁর দুটি গানের পর বাংলা ভাষা নিয়ে একজন বিদেশি তাঁর ভাবনার কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের পিএইচডির ছাত্র ডাসটিন আলফানসো বলেন, ‘বিদ্যালয়ে পড়ার সময় আমার দুজন বাংলাদেশি বন্ধু ছিল। তাদের কথা আমার ভালো লাগত। বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের ক্লাসে একদিন শিক্ষক জানালেন, ভাষাতত্ত্ব শিক্ষায় বাংলা ভাষা খুবই কাজে দেয়। এই কৌতূহল থেকে আমার বাংলা ভাষা শেখা।’অনুষ্ঠানটির এই পর্যায়ে এসে আরও প্রাণবন্ত হয়ে ওঠে রাজধানীর টিকাটুলী থেকে আসা প্রতিযোগী প্রমিতা রায় চৌধুরীর গাওয়া ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ রবীন্দ্রসংগীতে। শিল্পী পড়শী পরিবেশন করেন ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’। এরপর বক্তব্য দেন অধ্যাপক দানীউল হক। তিনি বলেন, ‘বাংলা একটি অসাধারণ সুন্দর ভাষা। দক্ষতার সঙ্গে এই ভাষা শিখতে হবে।’ এরপর হলভর্তি সবাই মুগ্ধ হয় রাজীব বসাকের জাদু দেখে। তারা করতালিতে মুখর করে তোলে পুরো মিলনায়তন। এরপর মাইকে ভেসে আসে গান, ‘আমি বাংলায় গান গাই’। পুরো মিলনায়তনে নেমে আসে একধরনের প্রশান্তি। গানটি পরিবেশন করে প্রতিযোগী স্মিতা সরকার। এরপর বক্তব্য দেন অধ্যাপক মাহবুবুল হক। তিনি বলেন, ‘আমি তোমাদের মাঝে বাংলা ভাষার প্রতি গভীর আগ্রহ ও অনুরাগ দেখে মনে শক্তি পাচ্ছি।’ অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজারের মহবুবুল আলম। এরপর দুপুরের খাবারের বিরতি। এই পর্বের সঞ্চালনা করেন প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু।বেলা গড়ালে শেষ পর্ব শুরু হয়েছিল গানে গানে। বাপ্পা মজুমদার গেয়ে শোনান ‘দিন বাড়ি যায়’ ও ‘গাড়ি চলে না’ গান দুটি। অদিতি মহসীন পরিবেশন করেন ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি।’ মৌলভীবাজার সরকারি কলেজের প্রতিযোগী সাঈদা জামান শোনায় ‘আমার বন্ধু দয়াময়’। সজীব গেয়েছেন ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’।গানের পর ভাষা প্রতিযোগ কার্যক্রমের পরিচিতি তুলে ধরেন এর সমন্বয়কারী তারিক মনজুর। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘ইদানীং আমরা এমন এক ভাষায় কথা বলি, যা বাংলা নয়, ইংরেজি নয়, হিন্দিও নয়। এই জগাখিচুড়ি অবস্থা থেকে আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হবে। সে জন্য শুদ্ধভাবে ভাষা শিক্ষার প্রথম আলোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’এইচএসবিসির করপোরেট ব্যাংকিংয়ের প্রধান মাহবুব-উর-রহমান বলেন, ‘এই প্রতিযোগিতায় কোনো হার নেই। এটি মাতৃভাষাকে, দেশকে, দেশের কৃষ্টি ও গৌরবকে ভালোবাসার প্রতিযোগিতা। এই ভালোবাসা দিয়েই তোমরা একদিন এ দেশের মর্যাদা ও গৌরবকে আরও বাড়িয়ে তুলবে।’এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম শিক্ষার্থীদের দেশকে ভালোবাসার অনুপ্রেরণা দেন।প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘বাঙালি যেখানেই যাক, দেশ ও ভাষাকে পেছনে ফেলে যেতে পারে না। এর প্রমাণ, আজ বিশ্বের প্রায় ২০০ দেশে বাংলা ভাষার পত্রিকা প্রথম আলো পড়া হয়। তাই আমরা এখন বলছি, বিশ্বজুড়ে বাংলা বিশ্বজুড়ে প্রথম আলো। ভাষার সঙ্গে যোগ রেখেই আমরা পত্রিকাটিকে গড়ে তুলতে চাই।’এর পরই প্রতীক্ষার অবসান। শুরু হয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ। চারটি বিভাগে মোট ৬০ জন বিজয়ীকে এবং একটি সেরাদের সেরা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগে সেরা আয়োজনের পুরস্কার দেওয়া হয় বগুড়াকে। বগুড়ার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মিলন রহমান পুরস্কার গ্রহণ করেন। এই পর্ব সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান। প্রতিযোগের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সবার শেষে অতিথিদের সঙ্গে বিজয়ীদের ছবি তোলার আয়োজন। বেলা পড়ে এসেছিল। আনন্দঘন এক উৎসবের শেষে তখন প্রতিযোগীদের ঘরে ফেরার পালা।