দুই বন্ধু গল্প করছে। একজন তার মামার ভুঁড়ির মাহাত্ম্য তুলে ধরে, ‘আমার মামার ভুঁড়িটা ইয়া বড়। বৃষ্টি হলে লোকজন মামার ভুঁড়ির নিচে আশ্রয় নেয়।’ এবার আরেকজন তার মামার ভুঁড়িটা আরও বড় বলে দাবি করে। তার ভাষ্য, ‘আরে, তোর মামার ভুঁড়ি আর কী? আমার মামার ভুঁড়ি এত বড় যে, রাস্তায় চলার সময় বলতে হয়, এই ভুঁড়ি আসছে, ভুঁড়ি আসছে।’ দুই বন্ধুর এই গল্প শোনাচ্ছিলেন গবেষক স্বপন নাথ। গল্পের শেষে তিনি জুড়ে দেন, ‘আমরা কিন্তু ভুঁড়ির চর্চা নয়, মাথার চর্চা করব, চর্চা করব বাংলা ভাষার।’ভুঁড়ির গল্পে আবার ভাষা আসে কোত্থেকে? এ প্রশ্ন আসতে পারে যে কারও মাথায়। আসলে যে আসরে গল্পটা বলা হচ্ছিল সেটা ছিল ভাষার আসর, মানে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। গত ২৮ মার্চ বিকেলে মৌলভীবাজার অঞ্চলের আসরের বক্তৃতা পর্ব চলছিল। মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন স্বপন নাথ।প্রতিযোগের আসরটা কিন্তু শুরু হয় সকাল ১০টায়। শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে সারি ধরে দাঁড়ায় পতাকা স্ট্যান্ডের সামনে। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভাষা প্রতিযোগ উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা হলে দেশের ভবিষ্যৎ। সোনার বাংলা গড়তে হলে তোমাদেরও ভালো ভালো কাজ করতে হবে। আর অবশ্যই সৎভাবে জীবনযাপন করতে হবে।’জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় প্রতিযোগের কার্যক্রম। আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থীরা মিলে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর লিখিত পরীক্ষা। শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে গিয়ে পরীক্ষা দিতে বসে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রায় সবাই খাতা-কলম নিয়ে মগ্ন ছিল। মাঝেমধ্যে কেউ কপালে হাত দিয়ে গভীর মনোযোগ দিয়ে প্রশ্ন দেখছে। কেউ কাউকে হাঁক দিয়ে উত্তরটা জানার চেষ্টা করছিল। তবে শিক্ষকদের কড়া পাহারার কারণে দুষ্টমতিদের হাঁকাহাঁকি বিফলে গেছে। এদিকে তখন মা-বাবার মুখে উৎকণ্ঠা!পরীক্ষা শেষ হতেই এবার সবাই দে ছুট মিলনায়তনে। লহমায় সব আসন পূর্ণ। তবে আয়োজকদের যাঁরা খাতা দেখার দায়িত্বে ছিলেন, তাঁরা কিন্তু এ দিকটা মাড়াতে পারেননি। তাঁরা পরীক্ষার্থীদের খাতা যাচাই করতে চলে গিয়েছিলেন কলেজের একটি কক্ষে। একদিকে খাতার উত্তর সঠিক কি না, তা দেখা হচ্ছে; অন্যদিকে মিলনায়তনে শুরু হয়েছে ‘প্রশ্ন পর্ব’।শিশুদের প্রশ্নে মাঝেমধ্যেই শিক্ষকদের বেকায়দায় পড়তে হয়েছে। তাতে বোঝা গেল শিশুদের মগজে ভাষা ও সাহিত্যচিন্তার ক্ষেত্রটা বেশ মজবুত হয়ে উঠছে। মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্বয় তালুকদারের প্রশ্ন, ‘বাংলা, বাঙলা—দুইভাবে লেখা হয় কেন? আমরা কোনটি ব্যবহার করব।’ মৌলভীবাজারের দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী তারিক বিন জিহাদের প্রশ্ন ছিল, ‘লেখকেরা ছদ্মনাম ব্যবহার করেন কেন?’এর উত্তরে সিলেটের মদনমোহন কলেজের বাংলা বিভাগের প্রধান আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘একেক লেখক একেক কারণে ছদ্মনাম ব্যবহার করে থাকেন। স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে লিখলে বিপদ থেকে বাঁচতে লেখক ছদ্মনামে লেখেন। আবার কেউ কেউ রম্য রচনার ক্ষেত্রে কৌতুকরস আছে এমন একটা নামে লিখেছেন। অনেকে আবার পরিচিত নামটা বাদ দিয়ে ছদ্মনামে লিখে পরীক্ষা করে দেখেছেন পরিচিত পাঠকেরা তাঁর লেখা কীভাবে নেয়।’প্রশ্ন পর্বে যারা বুদ্ধিমত্তা দেখিয়েছে তারা পুরস্কার হিসেবে পেয়েছে বই। এর পরই শুরু হয় বক্তৃতা পর্ব। বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার মৌলভীবাজারের সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ, প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন, সিলেট মদনমোহন কলেজের বাংলা বিভাগের প্রধান আবুল ফতেহ ফাত্তাহ, প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, ইডেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক সোহেল হাসান গালিব, গবেষক স্বপন নাথ ও এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আলী কাওসার চৌধুরী।বক্তৃতা পর্বটা যেই শিশুদের কাছে ভারী হয়ে উঠছিল, তখনি ‘ভুঁড়ি’ কিংবা অন্য কোনো বিষয় নিয়ে মজা করে বক্তারা পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করেছেন। পরে বন্ধুসভার বন্ধুদের আবৃত্তি, গান আর নাচ ছিল উপভোগ্য। আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় ক্লোজআপ তারকা কিশোরের গান। ‘একতারা বাজাইলে মনে পইড়া যায়...’ দিয়ে শেষ করে কিশোর।এর মধ্যে চলে আসে ফলাফল। বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করলেন অনুষ্ঠানের সঞ্চালক জাফর আহমদ। ৫২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই, সনদ ও পদক তুলে দেন অতিথিরা।মৌলভীবাজারে বিজয়ী যারাপ্রাথমিক: প্রথম ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের বাঁধন দেব, দ্বিতীয় দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের লায়লাতুন নাহার এবং তৃতীয় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ইশমাম তাহমিন আহমদ। বিশেষ পুরস্কার: শাহ্ হুমায়রা সিদ্দিকী, পারমিতা চক্রবর্তী, অভিষেক দাশ, নাফিসা তাহসীন, এশা হোসেন, নির্ণয় ভৌমিক, পিয়া দাশ পুরকায়স্থ, অনসূয়া পাল, কাব্য কনীনিকা রহমান ও প্রীতম নাগ।নিম্নমাধ্যমিক: প্রথম মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সুনিত সরকার, দ্বিতীয় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের বাঁধন হালদার এবং তৃতীয় দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের সুহরাত জামিল চৌধুরী। বিশেষ পুরস্কার: তারিক বিন জিহাদ, শায়িরা তুবা, মো. জহিরুল ইসলাম চৌধুরী, যারিন তাসনিম, মোহাম্মদ হাসিবুল হোসেন, নিশাত আনজুম, নাজিফা তাফাস্সুম, নুসরাত জাহান ভূঁঞা, মো. কপিল উদ্দিন ও নূর মোহাম্মদ আবু সায়েম।মাধ্যমিক: প্রথম বিটিআরআই হাইস্কুলের অমিতাংশু দত্ত, দ্বিতীয় সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মো. মিল্টন আহমেদ এবং তৃতীয় দি বার্ডস রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের পার্থ প্রতীম। বিশেষ পুরস্কার: আঁখি রানী পাল, নিশিতাংশু দত্ত, নূরে জান্নাত, সরোজ কুমার চক্রবর্তী, নাজমুস সায়দাত, শারিফা শাহ, তাহমিদ তাজওয়ার, শারমিন নাহার, এহসান আহমেদ ও আনিফা কাশেম।উচ্চমাধ্যমিক: প্রথম মৌলভীবাজার সরকারি কলেজের তন্ময় বিশ্বাস, দ্বিতীয় নাবিলা আহমেদ এবং তৃতীয় মায়িশা ফারজানা চৌধুরী। বিশেষ পুরস্কার: ইশতিয়াক আহমেদ, তানজিনা তাবাস্সুম, সংযুক্তা সিন্হা, রাশেদুল হাসান, উর্মি দে, রুম্পা দে, মুক্তা বেগম, ইস্তিয়াকুর রহমান ও তৃণা দে।মৌলভীবাজার সরকারি কলেজমৌলভীবাজারে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার সরকারি কলেজে। জেলার কেন্দ্রস্থলে ১৭ দশমিক ৮০ একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে। ১৯৮০ সালে উচ্চমাধ্যমিক কলেজটি সরকারীকরণ হয়। ২০০০ সালে চালু হয় স্নাতক-সম্মান কোর্স। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস), ১৪টি বিষয়ে স্নাতক-সম্মান, এবং পাঁচটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। কলেজে মোট শিক্ষার্থী প্রায় আট হাজার।সেরাদের সেরাসুনিত সরকারঅষ্টম শ্রেণী, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়।