চিৎতৌৎগাং, শ্যাৎগাঙ, চতুঃগ্রাম—তিনটি অচেনা শব্দ। লেখা ছিল ভাষা প্রতিযোগ, চট্টগ্রাম আঞ্চলিক উৎসবের ব্যানারে। ভাষার উৎসবে এ কোন ভাষার শব্দ এখানে জুড়ে দিল প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। পরীক্ষাপর্ব শেষে এনায়েত বাজার মহিলা কলেজের সবুজ মাঠে শামিয়ানার নিচে জড়ো হওয়ার পর শত শত পরীক্ষার্থী বন্ধুরও দৃষ্টি এড়ায়নি শব্দ তিনটি। ছোট-বড় সবার কৌতূহল ছিল তা নিয়ে। আর তাই প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্নটি এল শব্দগুলো নিয়েই। কলেজিয়েট স্কুলের বন্ধু অজয় প্রশ্ন করে বসল, শব্দগুলোর অর্থ কী, কেনই বা এখানে লেখা হলো। প্রথম প্রশ্নের উত্তর কে দেবেন? দেওয়ার জন্য তো প্রস্তুত হয়ে মঞ্চে বসে আছেন এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ মাহমুদা খাতুন, আবুল মোমেন, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক গোলাম মুস্তাফা, অধ্যাপক উম্মে হাবিবা হক, কথাশিল্পী হরিশংকর জলদাস, কবি বিশ্বজিৎ চৌধুরী। সবাই একটু করে বললেন। জানা গেল, এই তিনটি শব্দ আসলে চট্টগ্রামের পুরোনো নাম। কীভাবে বিবর্তিত হতে হতে চট্টগ্রাম শব্দটা এল তার ইতিহাসও জানা গেল। ভাষা যে ক্রমশ পরিবর্তিত হয়, নদীর বাঁকের মতো পাল্টে যায়, তা সহজ ভাষায় বুঝিয়ে দিলেন তাঁরা। তারপর প্রশ্নের পর প্রশ্ন। কত কিছু যে জানার আছে ভাষার, কত প্রশ্ন যে আমাদের মাথায় ঘোরে তার যেন সীমা-পরিসীমা নেই। প্রথম ব্যাকরণ বই কে লিখেছেন? ‘বাগধারা’ কেন বাগধারা, এর অর্থ কী? ‘অঘাট’ শব্দটির মানে কী? দন্ত্য ‘স’ মূর্ধন্য ‘ষ’ আর তালব্য ‘শ’-এর উচ্চারণ একেক শব্দে একেক রকম কেন? অঞ্চলভেদে ভাষা কেন বদলে যায়? বাংলা ভাষার উৎপত্তি নিয়ে এক এক মনীষীর এক এক রকম মত কেন? প্রশ্নের শেষ নেই। শেষ থাকবেই বা কী করে, ভাষা কি এক দিনের? ড. হুমায়ুন আজাদ তাঁর কতো নদী সরোবর বইয়ে লিখেছেন, ‘এই ভাষা হাজার বছর ধ’রে বইছে ও প্রকাশ করছে কোটিকোটি সাধারণ মানুষের স্বপ্ন ও বাস্তব।’ তিনি বলেছেন, ‘কতো রাজা এসেছে আর মিশে গেছে আগুনে মাটিতে। নানাভাবে রূপ বদল ঘটেছে বাঙালির মাতৃভূমির। এসব নশ্বরতার মধ্যে অবিনশ্বর হয়ে আছে বাংলা ভাষা।’ হাজার বছরের প্রাচীন এই ভাষার কত বাঁক, কত পরিবর্তন, কত রহস্য—তার জন্যই মাঠজুড়ে শত শত বন্ধুর এত প্রশ্ন। আর ছোটদের মধ্যে সেই কৌতূহল, জানার তৃষ্ণাটুকু বাড়িয়ে দিতেই তো এইচএসবিসি ও প্রথম আলোর এই আয়োজন। বিশ্বকাপের এই মৌসুমে ক্রিকেটের ভাষায় যদি বলি, শিক্ষার্থী বোলারদের গুগলিকে উত্তরদাতা ব্যাটসম্যানরা ভালোই সামাল দিয়েছেন। কেউ বোল্ড কিংবা কট হননি। এমনকি কেউ রান আউটও হননি। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত পুরো প্রশ্নোত্তর পর্বে সবাই ছিলেন। কিছু ডট বল ছিল। ‘আট, আটাশ, আটত্রিশ, আটচল্লিশ, আটান্নতে সব আটের বেলায় “ট” কিন্তু ‘আঠারো’ কেন “ঠ” দিয়ে?’ তাই তো! শিক্ষকেরা উত্তর দিয়েছেন বটে, দিয়ে কিন্তু সন্তুষ্ট হলেন না। মধ্যাহ্নবিরতির পর গান আর পুরস্কার বিতরণীর আগে অধ্যাপক গোলাম মুস্তফা আবার এলেন সেই প্রশ্নের জবাব দিতে।একজনের প্রশ্ন, ‘আমাদের মা-বাবারা বলেন, মুড়িগুলো ফোতা হয়ে গেছে।’ এই ‘ফোতা’ শব্দের বাংলা কী? তাই তো! চট্টগ্রামের ভাষার এই শব্দটির বাংলা কী হবে? কেউ বললেন, আর্দ্র; কেউ বললেন, চিমসে। শেষে আবুল মোমেন বললেন, কিছু শব্দ আছে যেগুলোর হুবহু অর্থ পাওয়া যায় এ রকম অনুবাদ সম্ভব হয় না। ইংরেজিতে এ রকম অনেক শব্দ আছে যার বাংলায় যথার্থ শব্দ খুঁজে পাওয়া যায় না। বাংলায়ও এমন শব্দ বহু আছে। তবে ‘ফোতা’কে আমরা সোঁদা বলতে পারি। প্রশ্নের তীর ছুটে আসছিল মাঠ থেকে, কিন্তু একসময় সঞ্চালক জাফর আহমদ মাঠজুড়ে বসে থাকা শিক্ষার্থীদের বললেন, ‘তোমরা কি রবীন্দ্রনাথের নাম শুনেছ?’ সমস্বরে স্বাভাবিকভাবেই উত্তর এল, হ্যাঁ। এবার পাল্টা প্রশ্ন, ‘এ বছর রবীন্দ্রনাথের কততম জন্মবার্ষিকী, জানো?’ তারও উত্তর এল মাঠ থেকে, দেড়শতম। হ্যাঁ, তা-ই। প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন সহজ ও প্রাঞ্জল ভাষায় রবীন্দ্রনাথ সম্পর্কে জানালেন। সমাজ সংস্কারক, ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, গল্পকার, প্রাবন্ধিক, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও কবি রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে সহজ করে বললেন তিনি। তার আগে ‘বীরপুরুষ’ আবৃত্তি করে সবাইকে অবাক করে দিয়েছে সাবরিনা মনসুর। এমনিভাবে কথায় কথায়, হাসিতে, হাততালিতে, বোলার আর ব্যাটসম্যানদের খেলা দেখতে দেখতে কখন যে চৈত্রের সূর্যটা মাথার ওপরে উঠে গেল বোঝাই গেল না। সঞ্চালক তাই এই ইনিংসের শেষ ঘোষণা করলেন। শেষ করতে চাইছিল না বোলাররা। প্রশ্নের মজা তাদের পেয়ে বসেছে। কিন্তু সব খেলারও তো একটা শেষ আছে। সেই সকাল নয়টায় জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকা আর ভাষা প্রতিযোগের পতাকা তুলেছিলেন অধ্যক্ষ মাহমুদা খাতুন আর গোলাম মুস্তাফা। এখন বাজে আড়াইটা। খিদেও ছিল পেটে। তাই ইতি টানতেই হলো। এবার মাঠ ছেড়ে আবার সবাই গেল পরীক্ষার কক্ষে। সেখানে এবার পরীক্ষা নয়, প্যাকেট ভর্তি খাবার সাবাড়ের পালা। ইতিমধ্যে সবার মধ্যে ভেতরে ভেতরে উদ্বেগ বাড়তে লাগল। সকালের পরীক্ষায় ফলটা কী হলো! পুরস্কার পাব কি পাব না! একটা উত্তেজনা উপস্থিত ছাত্র-শিক্ষক-অভিভাবকের মধ্যে ছিলই। কিন্তু বন্ধুসভার আবৃত্তি, গান আর সবশেষে নিশিতা বড়ুয়ার গানের ঝংকারে সেই উত্তেজনা চাপা পড়ে গেল। ফলাফলের কথা ভুলে সবাই মজে গেল গানে। বন্ধুসভার দলটির গানেও ছিল ভাষার কথা। ভাষা প্রতিযোগে ভাষার গানই তো প্রাসঙ্গিক। ওরা যখন দরদ দিয়ে গাইছিল ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’, তখন দু-একজনকে মন্তব্য করতে শুনেছি, ‘ওরা শুধু কাজ করে না, ভাল গানও করে।’ ভাষা প্রতিযোগের মতো বড় অনুষ্ঠানটা এত নিখুঁতভাবে করে ওরা প্রমাণ দিল, ওরা কাজে দক্ষ, আবার গান গেয়ে নিজেদের শিল্পীসত্তারও পরিচয় দিল। তবে গানের শেষ মজাটুকু দিয়েছেন নিশিতা বড়ুয়া। তাঁর গানের সময় আর কেউ বসে থাকেনি। তাঁর সঙ্গে গলা মিলিয়ে, সুরের তালে নেচে নেচে উৎসবটাকে রঙিন করে তুলল ছোট্ট বন্ধুরা। গান শেষে দেখা গেল সূর্য হেলে পড়েছে। মাঠের গাছগুলোর ছায়া দীর্ঘ হয়েছে। চৈত্রের মাতাল হাওয়া বইছিল জোরে। অপেক্ষার পালা শেষ। সঞ্চালক একে একে ঘোষণা করলেন পুরস্কার বিজয়ীদের নাম। যারা পুরস্কার পেয়েছে তারা তো খুশিই, আর যারা পায়নি তারাও অখুশি নয়। তারা বুঝেছে আরও অনেক কিছু জানতে হবে। ২০ মার্চ শুক্রবার সারা দিনের এই উৎসব তাদের মনে যে রং ছড়িয়ে দিয়েছে তা তাদের সারা জীবনের স্মৃতিতে রঙিন হয়ে থাকবে।চট্টগ্রামে বিজয়ী যারাপ্রাথমকি: চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রদ্যোৎদীপ বড়ুয়া প্রথম, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নীহারিকা চৌধুরী দ্বিতীয় এবং চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের তাহমিদ আবরার নূর তৃতীয়। বিশেষ পুরস্কার: মো. তৌফিকুল আলম, শাওনী দিয়া মিত্র, মু. রাগিব শাহরিয়ার, ফারহানা আকতার, মু. চৌধুরী মুসতাকীম তৌসিফ, রকিব উল্লাহ, ওয়াসিক মাহমুদ, তাসলিমা ফাতেমা, বুশরা ইসলাম, আফিয়া তাসনিম।নিম্নমাধ্যমিক: চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের মু. এহতেশামুল চৌধুরী প্রথম, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের জি এম আলমগীর দ্বিতীয়, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মুনতাসির ফাহমিদ তৃতীয়। বিশেষ পুরস্কার: অনীক মজুমদার, প্রতনু ব্যানার্জি, নওশীন তাসনিম, জয়া চক্রবর্তী, অনামিকা দত্ত, নাজিয়া ফাইরুজ আলম, আতাহার শামস, এস এম আহসানুল কবির, সাকিব হক, সাবরিনা মনসুর। মাধ্যমিক: ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মাহির আসিফ প্রথম, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পিয়াস ঘোষ দ্বিতীয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের চৌধুরী মৌমিতা বড়ুয়া তৃতীয়। বিশেষ পুরস্কার: রক্তিম বড়ুয়া, পলাশ দে, মু. এহসানুল আজিম চৌধুরী, সুদীপ্ত সরকার, রাশিক ইনতিশার সিদ্দিকী, রাফিদ উল ইসলাম, কাজী নাবিল নওশাদ, সৌমিক তালুকদার, ফাহমিদা আফরোজ, সৈয়দা শামীমা নাসরিন।উচ্চমাধ্যমিক: ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উম্মে মাইমুনা প্রথম, বিএএফ শাহীন কলেজের নিসর্গ নিগার দ্বিতীয়, চট্টগ্রাম কলেজের পুনম বিশ্বাস তৃতীয়। বিশেষ পুরস্কার: আনোয়ার মোস্তফা, এস এম হামিদ উদ্দীন, সিদ্ধার্থ শংকর দাশ, তানভীর হাসান, মৌসুমী জাহান, মেশকাতুস সালেহীন, মো. শাহাদাৎ হোসেন, মো. সাইদ আবেদীন, শারমিন সুলতানা, আহমদ আরিয়ান।এনায়েত বাজার মহিলা কলেজচট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এনায়েত বাজার মহিলা কলেজ। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলেজটি শুরু থেকেই নারীশিক্ষার বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। কলেজটির দুটি ভবন। এ কলেজের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় বরাবরই ভালো ফল করে আসছে। সহপাঠক্রমিক কার্যক্রমে কলেজের শিক্ষার্থীদের অনেক কৃতিত্ব রয়েছে। প্রতিবছরই এখানে শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কার্যক্রম এ কলেজের মর্যাদা বাড়িয়েছে। সেরাদের সেরামু. এহতেশামুল চৌধুরী অষ্টম শ্রেণী, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম।