ভাষা নিয়ে বর্ণিল আনন্দময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নাটক সরণির ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত ৫ জুলাই প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের জাতীয় উৎসবের শুরুটা ছিল সুরে সুরে উৎসবমুখর। সকাল নয়টায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করা হয়। তবে সারা দেশ থেকে আসা সেরা ভাষা প্রতিযোগীদের কলকাকলিতে সকাল আটটা থেকেই মুখর হয়ে উঠেছিল কলেজ প্রাঙ্গণ।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের ভাষা প্রতিযোগ ২০১৩ জাতীয় উৎসব উদ্বোধনের মাধ্যমে সূচনা হয় ভাষার জন্য আনন্দময় একটি দিন। এ সময় উপস্থিত ছিলেন ভাষা প্রতিযোগের উপদেষ্টা পর্ষদের সভাপতি আনিসুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা।সঞ্চালক প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূরের বাংলা কবিতার চরণ আর গুণীজনদের দিকনির্দেশনা সঙ্গে নিয়ে ভাষা প্রতিযোগীরা উপেক্ষা করেছিল সূর্যের প্রখরতাও। তখন নীল আকাশে বেলুন ওড়ানোর পালা। ঘোষণার সঙ্গে সঙ্গেই আকাশপানে ছড়িয়ে পড়ল লাল-নীল স্বপ্নিল বেলুনেরা। ততক্ষণে প্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে শত শত শিক্ষার্থীও। ঘড়ির কাঁটা যখন নয়টা বেজে ৫০ মিনিট, বাজল ঘণ্টা ঢং ঢং। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল কাগজ-কলমের যুদ্ধ। এই ফাঁকে বলে রাখি, পরীক্ষায় অংশ নেওয়া ৬০০ প্রতিযোগীর প্রত্যেকেই কিন্তু সেরা। সারা বাংলাদেশের ভাষা প্রতিযোগের ১০টি অঞ্চলে সেরা হয়েই তারা এসেছে জাতীয় উৎসবে যোগ দিতে। সুতরাং, এবার লড়াই সেয়ানে সেয়ানে। ১০টা ৪০ মিনিটে বাজল আবার ঘণ্টা। উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার্থীরা সোজা চলে এল কলেজ মিলনায়তনে। মঞ্চে তখন চিরতরুণ শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। কিছু কথা আর তার ফাঁকে ফাঁকে কবিতা ও গানে মাতিয়ে গেলেন সবাইকে। এ পর্বের সঞ্চালকের ভূমিকায় ছিলেন প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু। মঞ্চে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম। তিন-তিনটি গল্প শোনালেন তিনি ভাষাপ্রেমীদের। প্রতিটি গল্পের শেষেই ছিল ভাষাকে নিয়ে শিক্ষণীয় কোনো বিষয়। গল্পের পর হলো গান। গান গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। বাংলা লোকগীতির ঐতিহ্য আরও একবার মনে করিয়ে দিলেন রিংকু। মঞ্চে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার। তিনি পরিচয় করিয়ে দিলেন একজন বিদেশি অতিথির সঙ্গে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের পিএইচডির ছাত্র ভাসটিন আলফানসো নিজেই বললেন বাংলা ভাষাকে ঘিরে তাঁর ভালো লাগা ও বাংলা ভাষা নিয়ে গবেষণাকর্মের সঙ্গে যুক্ত হওয়ার কথা।মঞ্চ এবার টিকাটুলী থেকে আসা প্রমিতা চৌধুরীর দখলে। গাইলেন, ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’। অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী গানের আসরেও বক্তব্য দিয়ে সবাইকে মুগ্ধ করলেন। এর পর পরই পড়শী গাইলেন গান। অধ্যাপক মহাম্মদ দানীউল বললেন, পুরস্কারের প্রতি তাঁর বিশেষ দুর্বলতার কথা আর পুরস্কার বিজয়ীদের মনে মনে যে মধুর হিংসা করেন, সেসব গোপন কথা। সবার জন্যই অপেক্ষা করছিল চট্টগ্রাম থেকে আসা জাদুশিল্পী রাজীব বসাকের লাল গোলাপ শুভেচ্ছা। কানে কানে তবে বলেই ফেলি গোপন কথা। এ লাল গোলাপটি ছিল একখানি লাল কাপড়। কীভাবে যে হয়ে গেল ফুল, তা জাদুকর ছাড়া জানবে কে, বলুন? এখানেই শেষ নয়। একে একে পানি হয়ে গেল বরফ, বেত হয়ে গেল দড়ি! শেষ জাদুতে মাদককে লোকচক্ষুর আড়ালে নিয়ে একেবারে দুমড়ে-মুচড়ে বিদায় করে দিলেন তিনি। করতালি যে তিনি পাবেন, এ কথা কি আর বলতে হয়! জাদুর পর অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ খুললেন তাঁর গল্পের ঝাঁপি। গল্পের ফাঁকে বলে গেলেন সৈয়দ মনজুরুল ইসলামের চিন্তার বিশেষ ভাষার কথা। যাঁরা জানেন না, তাঁদের বলি, সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা, ইংরেজি কোনো ভাষাতেই চিন্তা করেন না। কী, অবাক হয়ে গেলেন, তাই তো? আসলে তিনি চিন্তা করেন তাঁর আঞ্চলিক ভাষা সিলেটিতে। সেটিকে তারপর পরিবর্তন করেন প্রমিত বাংলায়, এরপর সবশেষে একে অনুবাদ করেন ইংরেজিতে। এবার মাইকে ভেসে এল ‘আমি বাংলার গান গাই’। ভাষা প্রতিযোগী স্মিতা সরকারের কণ্ঠে মিলনায়তনে ছড়িয়ে পড়ল সুরের প্রশান্তি। এরপর বক্তব্য দেন অধ্যাপক মাহবুবুল হক। দুপুরে খাবারের বিরতির আগে সবাই একসঙ্গে মাদককে জানালেন ‘না’। এক ফাঁকে কথা হয় ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থী নাজিয়া হোসেনের সঙ্গে। ‘ভাষা প্রতিযোগ ভাষা সম্পর্কে অনেক নতুন কিছু জানার সুযোগ করে দেয়। আনন্দের সঙ্গে সঙ্গে আমরা বাংলা ভাষাকে আরও ভালোভাবে জানতে পারি।’ বলল সে।‘দিন বাড়ি যায়’ গানের সুর তখন মিলনায়তন ছাপিয়ে কলেজের করিডরে। সবাই মিলে এবার যোগ দিল অনুষ্ঠানের শেষ পর্বে। বাপ্পা মজুমদারের গানের পর রবীন্দ্রসংগীত গাইলেন অদিতি মহসিন। মৌলভীবাজার থেকে আসা প্রতিযোগী সাঈদা জামানও শোনালেন গান। শিল্পী সজীব গাইলেন ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’। গানের পর ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর বগুড়াকে ঘোষণা করলেন এবারের সেরা অঞ্চল হিসেবে। বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, এইচএসবিসির করপোরেট ব্যাংকিংয়ের প্রধান মাহবুব-উর-রহমান। এরপর সবাইকে চমকে দিয়ে হঠাৎ করেই মঞ্চে উদিত হলেন এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। সবাইকে পাহাড়ে নিয়ে যাবেন, এ শর্তে রাজি করে প্রতিযোগীদের পুরস্কার থেকে কিছু বই চাইলেন তিনি। শর্তে সবাই খোশ দিলেই হয়ে গেল রাজি। এর পরই তিনি পড়লেন অটোগ্রাফশিকারিদের তোপের মুখে। সেখান থেকে মুক্তি কখন পেলেন, কে জানে? প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ জানালেন এরপর আগাম শুভবার্তা। এবার নবমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ভাষা প্রতিযোগ। দশম ভাষা প্রতিযোগকে দেশের সীমার বাইরে নিয়ে যাওয়ার স্বপ্নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এবার সেই মাহেন্দ্রক্ষণ। প্রতিযোগীদের সারা দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান একে একে ঘোষণা করতে লাগলেন বিজয়ীদের নাম। সবার শেষে সেরাদের সেরা নাম ঘোষণা করা হলো কিশোরগঞ্জ এসবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শাহানা ইসলামকে। সাজঘরে ততক্ষণে বদলে গেছে বিজয়ীদের পোশাক। হলুদ জামায় বিজয়দ্যুতি ছড়িয়ে সবাই মিলে হাসি-আনন্দে হলো ক্যামেরাবন্দী। মঞ্চে পুরস্কার হাতে যারা ছিল, তারা যে কেবল সেরা হয়েছে, তা কিন্তু নয়। ভাষা প্রতিযোগ ২০১৩-এর সব প্রতিযোগীই ছিল সেরা। সবাই জয়ী। কারণ, ভাষাকে ভালোবাসার প্রতিযোগিতায় যে কোনো হারজিত নেই!