ভাষা প্রতিযোগে গিয়েছিলাম বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কোন শিশুকাল—সব কথা মনে নেই। কিন্তু স্মৃতির ভারে স্থায়ী হয়ে আছে কিছু কথা, কিছু কবিতা। পরিবারের অগ্রজ-অগ্রজা আর খুদে পড়ুয়াদের সরব পাঠ থেকে মুখের বুলিতে তুলে নিয়েছিলাম তাদের সেসবের কিছু কথা, কিছু কবিতা।ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে প্রথম বোধ জন্মাল আমাদের বাংলা ভাষাটা সত্যি সুন্দর—একটা পাওয়া। পরের ধাপের বৃত্তি পরীক্ষায় আশ্চর্য জিজ্ঞাসা তৈরি হয়েছিল: বাংলা ভাষার ব্যাকরণের অত খুঁটিনাটি নিয়ম, সূত্র, বাধ্যবাধকতার দরকারটা কী?‘ছেলেটা বাংলায় ভালো।’ স্কুল-কলেজে এ রকম একটা পরিচিতি লাভের পর বিশ্ববিদ্যালয়-পর্যায়ে এসে আমার সেই কৈশোরী জিজ্ঞাসার বড় সমর্থন পাব এমন একজনের কাছ থেকে—ভাবতেই পারিনি। রবীন্দ্রনাথ আমায় মুগ্ধ করেছিলেন শিশু বয়স থেকেই, তাঁর শব্দতত্ত্ব পাঠ করে নতুন করে তাঁকে এবং বাংলা ভাষাকে নতুনতর করে উপলব্ধির পালা তখন। ‘আজি অবধি একটিও খাঁটি বাংলা ব্যাকরণ রচিত হইল না।’ তাঁর ওই রকম পর্যবেক্ষণ আমাকে তাড়িয়ে নিয়ে যায়, সেই থেকে।হ্যাঁ, সেই থেকে—সেই থেকে আমি নতুন করে শিখছি, জানছি এবং উপলব্ধি করছি বাংলা ভাষাকে। প্রথম আলোর ‘ভাষা প্রতিযোগ’—স্বীকার করতে কোনো সংকোচ নেই আমার—একটা নতুন সংযোগ করে দিল আমায়। ড. আনিস স্যারের (অধ্যাপক আনিসুজ্জামান) দেওয়া নাম-শব্দ ‘প্রতিযোগ’ দেখে মুহূর্তেই ফিরে যাই বৃত্তি পরীক্ষার বাংলা পঠন ও শিখনের কঠিন দ্বিপ্রহরে: ‘শেখো বৎস, প্রতিযোগ করে যেই জন সে-ই প্রতিযোগী। এই পরীক্ষায় তোমরা হলে “প্রতিযোগী”।’ কিন্তু এর সঙ্গে ‘তা’ যুক্ত হলে বানানে পরিবর্তন ঘটবে কিন্তু; প্রতিযোগিতা শব্দটি অবশ্যই হ্রস্ব ই-কার যোগে লিখতে হবে, যেমন লেখা হয় ‘সহযোগিতা’।ভাষা প্রতিযোগের অনুষ্ঠানগুলোতে আমার যোগদান উৎসাহী-শিক্ষার্থী প্রতিযোগীদের বাংলা ভাষাবিষয়ক নানা কৌতূহলের জবাব দেওয়ার জন্য। নাটোরে গিয়ে আমি নতুন করে আবার সেই শিশুকালের কবিতার শ্রুতবুলি মনে মনে আওড়েছিলাম। ‘বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।’মঞ্চের সামনে বসে থাকা ঝলমলে, সাগ্রহী দৃষ্টির শত শত চোখ, উৎসুক হাত-তোলা অনেক-অনেক শিশু-কিশোরকে দেখে আমি আশান্বিত হই (ড. মুহম্মদ জাফর ইকবাল যেমন বললেন, ওদের উদ্দীপনা দেখে আমার মধ্যকার ব্যাটারি রিচার্জড হয়)। সময়স্বল্পতা আর অনুষ্ঠানের সীমাবদ্ধতার কারণে জানা হয় না যে অনেক শিশু-কিশোরও অনেক কিছু জানে আর ওরা অনেক কিছুই ভাবতে পারে, যা হয়তো আমরা পারি না। বয়োজ্যেষ্ঠ আমাদেরও সবটা জানান দেওয়ার সুযোগ হয় না যে বাংলা ভাষার বৈভব এবং আত্মশক্তি কী প্রকার, আর কোন কোন দিক থেকেই বা বাংলা একটি উন্নততর ভাষা—বর্তমান পৃথিবীর পঞ্চম ভাষা। আহা, একটি ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে, অন্তত যদি সব আগ্রহীর প্রশ্নের জবাবগুলোর সঙ্গে সবার মিথস্ক্রিয়া ঘটানো যেত!ভাষা ও সাহিত্যের ছাত্র হিসেবে এবং দীর্ঘ সময় ভাষাবিজ্ঞান নিয়ে সামান্য কাজ করার চেষ্টা থেকে বলতে পারি, প্রাতিষ্ঠানিক (বিদ্যালয়ভিত্তিক) শিক্ষাপদ্ধতি ও গণ্ডির মধ্যে আবদ্ধ রেখে ভাষা দক্ষতা এবং অভিজ্ঞান লাভ সম্ভব নয়। এই বিবেচনায় প্রথম আলোর মহতী উদ্যোগও এক চমৎকার সুযোগ করে দিয়েছে। আলাপ হচ্ছিল সহায়তাদানকারী এইচএসবিসির সংশ্লিষ্ট কার্যক্রমের প্রধান তালুকদার নোমানের সঙ্গে। উড়োজাহাজের পাইলটের মতো উচ্চ পেশা বাদ দিয়ে সফল করপোরেট জগতে প্রতিষ্ঠিত তিনি; স্পষ্ট করেই কথা বলেন। বাংলাদেশের নিজস্ব পরিমণ্ডলে অবদান রাখতে তাঁর সদিচ্ছার আমি কমতি দেখিনি।এই রকম প্রেক্ষাপটে ‘ভাষা প্রতিযোগ’ কর্মযোগকে আরও ফলপ্রসূ এবং সুদূরপ্রসারী করা যায় কি না, চিন্তা করা যেতে পারে।প্রথমত, বিভিন্ন স্থানের অনুষ্ঠানে উপস্থাপিত প্রশ্নগুলো রেকর্ড করে নিয়ে সংকলিত ও প্রয়োজনীয় সম্পাদনা করিয়ে প্রথম আলোর পক্ষ থেকে প্রকাশিত করা যায়। সঙ্গে থাকতে পারে প্রতিযোগীদের দেওয়া লিখিত পরীক্ষার প্রশ্ন এবং উত্তরভিত্তিক বিশেষ জ্ঞাতব্যগুলো। একটা পর্যালোচনা বা গবেষণাধর্মী উপদেষ্টা কমিটি থাকতে পারে, যারা লিখিত প্রশ্নের মান ও বিন্যাসের উন্নয়নে সহায়তা করবে, শিক্ষার্থীদের দুর্বল ও চমৎকার উভয় দিকেই নজর রাখবে।ভাষাজ্ঞান ও দক্ষতার একটা দিক কিন্তু এই ভাষা প্রতিযোগে অনুপস্থিত। জাতীয় ভাষা প্রতিযোগের অনুষ্ঠানে আমি বলতে পেরেছিলাম সে বিষয়টা, আমি ভাষা দক্ষতার ক্ষেত্রে সব সময় যা উপলব্ধি করি এবং সুযোগ পেলেই যথাস্থানে যেটুকু বলি। তারই প্রতি-সমর্থন করলেন তাঁর বক্তৃতায় ড. মুহম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিত্ব।বিশ্বের বেশ কিছু দেশের মানুষ দেখেছি, তাদের ভাষা এবং শিখন-ক্ষমতা থেকে এই অভিজ্ঞতায় আমি নিশ্চয়তা লাভ করেছি যে তুলনামূলকভাবে বাংলা অবশ্যই একটি উন্নত ভাষা। বাংলা ভাষার এই প্রকার গুণ বা শক্তি আছে, যিনি শুদ্ধভাবে বাংলা বলতে শিখবেন, তিনি পৃথিবীর যেকোনো দেশের ভাষা ৭০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় বলতে পারবেন। তাই ভাষা প্রতিযোগে ‘বাচন-অনুশীলন ও দক্ষতার’ যাচাই এবং উন্নয়নে একটা কর্মযোগ থাকা দরকার।সুবিস্তৃত বন্ধুসভার মাধ্যমে বাংলার অনুশীলন, চর্চা ও দক্ষতা উন্নয়নের কাজগুলো বেগবান করা যেতে পারে। বাংলাভাষী শিশু-কিশোর, তাদের শিক্ষক এবং অভিভাবক, প্রথম আলোর নিবেদিতপ্রাণ কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা—সবার মধ্যে আমি দেখেছি ‘সম্ভাবনা’। ভাগ্যিস, ভাষা প্রতিযোগে গিয়েছিলাম বলেই না আমার এই অজানাকে জানা—সেই তো সম্ভাবনা!মহাম্মদ দানীউল হক: বাংলা ও ভাষাবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।