ভাষা প্রতিযোগে যোগ হলো এবার...
এবারের ভাষা প্রতিযোগে যোগ হলো নতুন কিছু। এক. প্রতিযোগিতার নতুন দুটি স্থান যোগ হলো কিশোরগঞ্জ আর নীলফামারী। দুই. প্রথমবারের মতো আগেভাগে প্রশ্নকারীর নাম জমা নিয়ে দ্বৈবচয়নে (লটারির মাধ্যমে) একেকজনকে প্রশ্ন করার সুযোগ এল বরিশালে। তিন. প্রথমবারের মতো প্রতিটি স্থানের প্রতিযোগে উৎকৃষ্ট প্রশ্নকর্তার প্রশ্ন, তার নাম, পরিচয়সহ উত্তরটি লিপিবদ্ধ করে রাখা হচ্ছে, যেগুলো সংকলিত করে পরে বই আকারে বেরোবে।চার. এবারই প্রথম পুরো নম্বর পেয়ে সেরাদের সেরা হলো কিশোরগঞ্জের এক ছাত্রী। শুধু তা-ই নয়, জাতীয় অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার সময় সুন্দর গান শুনিয়ে সে জানিয়ে দিল, যে রাঁধে সে চুলও বাঁধে। পাঁচ. অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম তাঁর শুভেচ্ছা বক্তব্যে নিজের দেশি ভাষা ‘সিলেটির’ উদাহরণ উচ্চারণ করে জানিয়ে দিলেন আঞ্চলিক বাংলা ভাষাও মান-বাংলার মতোই বাংলার সম্পদ। ছয়. এক মার্কিন, যিনি বাংলা ভাষার সৌন্দর্যে আর বৈভবে আকৃষ্ট হয়ে নিজে থেকে অনেক চেষ্টা করে এখন বেশ সুন্দর বাংলা শিখে গেছেন এবং গবেষণার জন্য ডাসটিন আলফানসো নামের সেই তরুণ বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসেছেন; তিনি পরিষ্কার সুন্দর বাংলা উচ্চরণে তাঁর কথাগুলো বলে মিলনায়তনভর্তি শ্রোতাদের চমকে দেন।গত বছর এবং এ বছর ভাষা প্রতিযোগের কয়েকটি স্থানের অনুষ্ঠানে উত্তরদাতা হিসেবে আমরা লক্ষ করছি, নবীন শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় সাফল্য শুধু পুরস্কার পাওয়া নয়—প্রশ্ন বা জানার আগ্রহ, প্রশ্ন বা বিষয় উত্থাপনের ধরন ও চিন্তা আর সার্বিক উপস্থাপনায় এখন ‘ভাষা প্রতিযোগ’ শুধু বন্ধুসভার একটা অসাধারণ কৃতিত্বই নয়, বরং বাংলা ভাষার প্রতি তাদের একাত্মতা ও গভীরতার পরিচয়। প্রয়োজন শুধু নবীনদের এই শুভানন্ত্যকে (শুভ অনন্তের ভাবকে) সঠিক পরিচর্যা আর মনোযোগ দিয়ে ঋদ্ধ করা। ওপরের কয়েকটি ‘নতুন যোগ’-এর কথা থেকে কি বলা যায় না, বাংলা ভাষার প্রতি আমাদের আগ্রহ বাড়ছে? বাংলা ভাষার বৈশিষ্ট্য ও শক্তি, সম্পদ ও আকর্ষণ, ব্যবহারের দক্ষতা তাই আমাদেরই হাতে? আমরা খোঁজ করলেই জানতে পারি, বাংলা এখন পৃথিবীর চতুর্থ বা পঞ্চম ভাষা। এই ভাষা যিনি ঠিকমতো শিখতে ও চর্চা করতে পারবেন, তিনি পৃথিবীর যেকোনো ভাষা ৬০ থেকে ৭০ শতাংশ বিশুদ্ধতায় আয়ত্ত করতে পারবেন। বাংলার ধ্বনির যে বৈভব আর ব্যবহারের সুবিধা, তা পৃথিবীর কম ভাষাতেই আছে। বাংলা আশ্চর্য সুন্দরভাবে অন্য ভাষার উপাদানকে নিজেদের করে নিতে পারে। বাংলার আঞ্চলিক যে রূপগুলো বাংলা ভাষার অমূল্য সম্পদ, তাতেই লুকিয়ে আছে অজস্র উদাহরণ।জন্ম যেমন মানুষের সত্যি, মায়ের গর্ভে থেকে যেমন বেড়ে ওঠা, তারপর ভূমিষ্ঠ হয়ে যেমন ক্রমে ক্রমে পূর্ণাঙ্গ হওয়া—ভাষাও তেমনই। ভাষার ব্যাপারটিও তো শুরু হয় মায়ের গর্ভ থেকেই। শিশু যখন মায়ের পেটে থাকে, তখন থেকেই মায়ের ভাষার সঙ্গে বিধাতা তার যোগ ঘটাতে থাকেন।জন্মের পর তাই তো মা আর মাতৃভাষা শিশুর একান্ত আপন। মানুষ তার অভ্যাস ত্যাগ করতে পারে, পরিবার-আত্মীয়স্বজন-আপনজন এমনকি ধর্মও ত্যাগ করতে পারে, দেশত্যাগও করতে পারে—কিন্তু নিজের ভাষা সে ত্যাগ করবে কী করে! বিপদে, আচমকা, হর্ষে, উচ্চকিতে তো তার প্রথম অনুভূতিই বেরিয়ে আসে নিজের ভাষায়। ভাষা প্রতিযোগের অনুষ্ঠানগুলোতে গিয়ে আমরা পরিণত বয়সে আবারও তা-ই জানলাম।