ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব আজ
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১০-এর জাতীয় উৎসব আজ শুক্রবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। আটটি আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেবে। অঞ্চলগুলো হলো দিনাজপুর, বগুড়া, নেত্রকোনা, খুলনা, বরগুনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা।সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম। অতিথি হিসেবে থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কবি নির্মলেন্দু গুণ, কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম, প্রাবন্ধিক ফরহাদ খান, কথাশিল্পী আনিসুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী, বিশ্বজিত্ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সৌমিত্র শেখর, মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সভাপতি সৌরভ সিকদার ও টেলিভিশন ব্যক্তিত্ব আবদুন নূর তুষার। অতিথি হিসেবে লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালেরও উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, কুমার বিশ্বজিত্, বুলবুল ইসলাম ও শারমিন সাথী ইসলাম গান গাইবেন।সব প্রতিযোগীকে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।