[বায়ান্নর একুশে ফেব্রুয়ারি ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে পরিস্থিতি মুহূর্তে পাল্টে যায়। ছাত্রদের আন্দোলন হয়ে ওঠে সবার। বাংলাদেশের ইতিহাস এক নতুন যুগে প্রবেশ করে। আগামী একুশে ফেব্রুয়ারি সেই জায়গায়, সেই সময়ে পুনরায় রচনা করা হবে সেই নিয়তি-নির্ধারণী ৩০ মিনিট। ঐতিহাসিক সেই সময়টি বুঝে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন।]আমরা অনেকেই আঘাত পেলাম এবং লাঠিপেটা আর পুলিশের চাপে বিপন্ন হয়ে মেডিকেল কলেজ হোস্টেলের তারকাঁটার বেড়ার ভেতর দিয়ে ঢুকে পড়লাম।আমি ২০ নম্বর ব্যারাকে আ. সালাম চৌধুরীর ঘরের সামনে শফিকুর রহমানের দেখা পেলাম। এ সময় পুলিশ হোস্টেল গেট ঘেরাও করে দাঁড়ায়, তারা আমাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাসের শেল ছুড়তে শুরু করল। চোখের জ্বালা থেকে আত্মরক্ষার জন্য আমরা হাঁড়ি-কলসি সংগ্রহ করে তাতে পানি রেখে রুমাল ভিজিয়ে নিলাম। ব্যারাকের বারান্দায় আমরা ও বয়-বাবুর্চিরা ইট ভেঙে জমা করে পাহারায় রইলাম, যাতে পুলিশ ভেতরে ঢুকতে না পারে।ব্যারাকের বাঁশের চালার মধ্যে শেল ঢুকছিল, আবার কেউ কেউ শেল ফাটার আগেই ধরে পুলিশের দিকে ছুড়ে মারছিল। ওদের কাছে পানি না থাকায় ওরা ছুটে যাচ্ছিল উত্তর দিকে, আবার একটু পরেই ফিরে আসছিল দ্রুতবেগে। এমনি ধারা চলছিল ঘণ্টা দুই-তিন ধরে। হোস্টেল প্রাঙ্গণে তখন অনেক ছাত্র এসে গেছে, আটকা পড়ে গেছি সবাই বুলেট আর ইটের লড়াইয়ে। কারও চোখে ভীতির চিহ্ন নেই—আছে ঘৃণা আর উন্মত্ততা, প্রতিশোধের স্লোগান আর স্লোগান বাংলা ভাষার দাবিতে।কারিগরি, বিজ্ঞান, চিকিত্সা, কলা সব বিভাগের ছাত্ররাই লড়ছি ইট দিয়ে—কোনোক্রমেই পুলিশকে হোস্টেল চত্বরে আসতে দেওয়া হবে না। পুলিশ প্রতিরোধ ভাঙার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে।সিগারেট ধরিয়ে ৪০ নম্বর ব্যারাকের মাঝামাঝি কামরার বারান্দায় দাঁড়িয়ে জিরোচ্ছিলাম। আমার দিকে এগিয়ে এলেন বরকত, ডাক নাম আবাই। বীরভূম জেলার সিউড়ির সৈয়দ জাকির সাহেবের আত্মীয়। জাকির সাহেব ফরিদপুরে চাকরিকালে আবাই মামুর সঙ্গে পরিচয়। আমাকে দেখে এগিয়ে এলেন তিনি, কিন্তু পড়ে গেলেন সঙ্গে সঙ্গে আমার হাতখানেক দূরে। পুলিশ ঢুকে পূর্ব দিক থেকে সোজা গুলি ছুড়ছে। শফিকুর রহমান (বর্তমানে লন্ডনে ডাক্তারি করেন) ১৭ নম্বরে থাকতেন, দৌড়ে এসে পানি ঢেলে দিলেন, ভেবেছিলেন টিয়ার গ্যাসের প্রতিক্রিয়া। আমি গুলির কথা বললাম, ততক্ষণে পানির সঙ্গে রক্ত দেখা দিয়েছে বারান্দার মেঝেতে। তলপেটে লেগেছে গুলি।গায়ে ছিল তাঁর (বরকত) নীল রঙের ফ্লাইং হাফ শার্ট, পরনে খাকি প্যান্ট, গায়ে কাবুলি স্যান্ডেল। তাঁর দুই পা শফিকুর রহমান কাঁধে তুলে নিলেন আর মাথা নিলাম আমার কাঁধে। আমরা পশ্চিম দিক দিয়ে একটু ঘুরে দৌড়াতে লাগলাম তাঁর দীর্ঘ সুঠাম দেহটা নিয়ে। আমার খুব কষ্ট হচ্ছিল, তাঁর কোমর নিচের দিকে ঝুলে দুমড়ে টপটপ করে রক্ত ঝরছিল। আমার কাছে পানি চাইল কিন্তু কোথায় পানি, সময় নাই, পুলিশ দেখলে কেড়ে নিতে পারে, তাই পড়িমরি করে ছুটছি। ভেজা রুমালটা দিলাম চুষতে।হোস্টেলের পায়খানাগুলোর কাছ দিয়ে হাসপাতালে যাওয়ার যে ছোট গেটটা ছিল, তার কাছে আসতে দু-তিনজন এগিয়ে এলেন সাহায্য করতে। আমি আমার কাঁধ ঠেকালাম তাঁর (বরকতের) কোমরে। তিনি বলল, ‘খুব কষ্ট হচ্ছে, বাঁচব না। বিষ্ণুপ্রিয়া ভবন, পুরানা পল্টনে সংবাদ পৌঁছে দেন।’তাঁকে নিয়ে ইমারজেন্সি ওয়ার্ডে নামলাম। কেউ কেউ কেঁদে ফেলল। একজন নার্স ‘কাপুরুষ’ বলে গালাগাল দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য গেটে যেতে বললেন। আমি দরজার দিকে ঘুরে দাঁড়াতেই স্ট্রেচারে করে একজনকে মৃতদেহ আনতে দেখলাম। মাথার খুলি উড়ে গেছে। নিচের দিকে খানিকটা ঘিলু ঝুলছে। শুধু দাঁতগুলো দিয়ে হাসছে যেন আমাদের দিকে তাকিয়ে।শামসুল বারী (মিঞা মোহন): প্রয়াত আইনজীবী, ভাষা-সংগ্রামী।সূত্র: পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তত্কালীন রাজনীতি (তৃতীয় খণ্ড), বদরুদ্দীন উমর, জাতীয় গ্রন্থ প্রকাশন, ঢাকা।