ভাষাই মাতৃভূমি ভাষাই মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মৃত ভাষার হঠাৎ ঝলকানি দেখা গেল ১৯৭৮ সালে। ইডিশ ভাষার লেখক আইজাক বাশেভিস সিঙ্গার নোবেল সাহিত্য পুরস্কার পেলেন। এ ভাষার শেষ সচল টাইপরাইটারগুলোর একটির মালিক তিনি। ইডিশ ভাষায় লেখা তাঁর গল্প ও উপন্যাস পড়ার মতো তেমন কোনো পাঠকও নেই। একজন কি দুজন অনুবাদক আছেন, যাঁরা দ্রুত তাঁর লেখা ইংরেজিতে রূপান্তর করে প্রকাশ করেন। পাঠক নেই জেনেও তিনি কেন মৃত ভাষায় লেখেন?সিঙ্গারের সাফ জবাব—তিনি ভূত-প্রেত নিয়ে লিখতে পছন্দ করেন। মৃত ভাষাই তো ভূতের পছন্দ। তিনি পুনরুত্থানে বিশ্বাস করেন। লাখ লাখ ইডিশ ভাষাভাষী মানুষ পুনরুত্থানের পর যখন ইডিশ বই পড়তে চাইবে তখন বই মিলবে কোথায়? তা ছাড়া তাঁর ভাষাটিকে মৃত মনে করারই বা কী দরকার? দুই হাজার বছর ধরে যে হিব্রু ভাষাকে মৃত মনে করা হয়েছে, তা তো আবার জেগে উঠেছে। তিনি বলেন, ‘তবে আসল কারণটি হচ্ছে, ইডিশ আমার মায়ের ভাষা। আর মা কখনো মরতে পারে না।’ইডিশ ভাষাভাষী অনেকেই দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলারের গ্যাস চেম্বারে প্রাণ দিয়েছেন। পুনরুত্থানের দিন তাঁরাও উঠে আসবেন, তাঁরাও শোনাবেন সভ্যতার আড়ালে, প্রযুক্তির দোহাই দিয়ে মানুষের নির্মমতার কাহিনি। একসময়ের প্রাণবান ইডিশ ভাষা ইউরোপের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ১৫৪২ সালেই প্রকাশিত হয় ইডিশ-হিব্রু-ল্যাটিন-জার্মান চার ভাষার সম্মিলিত অভিধান। রাইন নদীর দুতীরের এই সপ্রাণ ভাষাটি একসময় স্বদেশ হারায়। ভাষার জন্য দেশ হয়তো অনিবার্য নয়, কিন্তু মানুষ চাই-ই। দেশত্যাগীদের ভাষা নিরস্ত্র, সে ভাষার রণকৌশলও জুতসই হয় না। ভাষার দেশহীনতাও পরদেশে উপেক্ষা যন্ত্রণা বাড়িয়ে দেয়। ইংরেজি ও ফরাসি ভাষার পণ্ডিত শিক্ষক ও নোবেল পুরস্কার বিজয়ী কবি চেশোয়াভ মিয়োশ তাঁর প্রতিটি কবিতাই লিখেছেন মাতৃভাষা পোলিশে, তিনিও দেশ হারিয়ে ভাষায় বসবাস করেছেন এবং বলেছেন, ‘আমার ভাষাই আমার মাতৃভূমি।’ সে ভাষা পোলিশ; ইংরেজি কিংবা ফরাসি নয়। খুবই সংবেদনশীল এই ভাষ্য—ভাষাই মাতৃভূমি, ভাষাই মা; মা কখনো মরতে পারে না। তার পরও নির্মম বাস্তবতা হচ্ছে, প্রতি দুই সপ্তাহে একটি ভাষা চিরতরে বিলীন হয়ে যাচ্ছে। একদিকে মাতৃভাষা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে জীবন ও জীবিকার প্রয়োজনে অনেককেই মাতৃভাষা থেকে সরেও যেতে হচ্ছে। ‘এথনোলোগ’ অনুসরণে মাতৃভাষার একটি সংখ্যাভিত্তিক বিবরণী উপস্থাপন করা হচ্ছে। পরিসংখ্যান ২০০৫ সালের। অন্তত ১০ কোটি লোকে কথা বলে এমন মাতৃভাষা আছে মাত্র ১০টি, সংখ্যাবিচারে বাংলা সপ্তম স্থানে। ভাষাগুলো হচ্ছে: ম্যান্ডারিন চায়নিজ, হিন্দি, স্প্যানিশ, ইংরেজি, আরবি, পর্তুগিজ, বাংলা, রুশ, জাপানি এবং ডয়েচ (জার্মান)। ম্যান্ডারিন চায়নিজ ভাষাভাষী জনসংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে আর ডয়েচ ১০ কোটির কিছু বেশি। পাঁচ থেকে ১০ কোটি লোক কথা বলে এমন মাতৃভাষা আছে ১৩টি: জাভানিজ, পাঞ্জাবি, চায়নিজ, তেলেগু, মারাঠি, ফরাসি, ভিয়েতনামি, কোরীয়, তামিল, ইতালিয়ান, তুর্কি, ক্যান্টোনিজ এবং পশতু। ১০ লাখ থেকে এক কোটি লোক কথা বলে এমন মাতৃভাষা ৪৫টি। এর মধ্যে উল্লেখযোগ্য: পোলিশ, মৈথিলি, মালয়, ইউক্রেনিয়ান, ভোজপুরি, কন্নড়, মালয়ালম, বার্মিজ, পার্শি, থাই, ডাচ, রোমানিয়ান, সিন্ধি, উজবেক, নেপালি, কুর্দি, আসামি, সিংহলি, চেক ও গ্রিক। এক লাখ থেকে ১০ লাখের শ্রেণীতে ভাষার সংখ্যা ২০১টি। ১০ হাজার থেকে এক লাখ শ্রেণীতে ভাষা ৭৪টি।এখনো পৃথিবীতে জীবিত মাতৃভাষার সংখ্যা প্রায় সাত হাজার। এর মধ্যে ৩৪৩টি বাদে আর সব ভাষা ব্যবহারকারীর সংখ্যা ১০ হাজারের কম। ২৬ জানুয়ারি ২০১০, আন্দামানি ভাষার শেষ জীবিত মানুষ বোয়া সিনিয়র ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেন। পুরো ৩০ বছর তিনিই ছিলেন আন্দামানি মাতৃভাষার একমাত্র জীবিত মানুষ। বলাই বাহুল্য, একমাত্র হওয়ার কারণে এই ভাষাটি তাঁর ব্যবহার করারও সুযোগ ছিল না। জনসংখ্যা ১০ লাখের বেশি এমন ভাষা মাত্র ৬৮টি। বড় বোয়াল যেমন ছোট মাছ গিলে খায়, বড় ভাষাও একইভাবে গিলে খায় ছোট ভাষা, কম মানুষের ভাষাকে। যে ভাষায় জনসংখ্যা যত কম সে ভাষার মানুষের মা—মাতৃভাষার মৃত্যুর সম্ভাবনাও তত বেশি।শেষ পর্যন্ত মাকেও ধরে রাখা যায় না!