ভাষাই সাম্রাজ্য বিস্তারের হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের রাজা পঞ্চম ফার্দিনান্দ ও রানি প্রথম ইসাবেলের অনুমোদন ও সহায়তা নিয়ে ক্রিস্টোফার কলম্বাস (১৪৫১-১৫০৬) নতুন পৃথিবীর সন্ধানে নামলেন। ১৪৯২ সালে ক্রিস্টোফারের সান্তা মারিয়া, নিনা ও পিন্তা—এই তিন জাহাজের পালে যখন হাওয়া লাগল, তখন বসে নেই সে সময়কার শ্রেষ্ঠ আন্দালুসীয় পণ্ডিত অ্যান্টোনিও দ্য নেব্রিয়া (১৪৪১-১৫২২)। তিনি তত দিনে স্প্যানিশ ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থটি রচনার কাজ সম্পন্ন করেছেন।অ্যান্টোনিও মানবতাবাদী লেখকদের অন্যতম। তিনি তাঁর ঐতিহাসিক ব্যাকরণ গ্রন্থটি (Gramatica de la castellana ১৪৯২) উৎসর্গ করলেন সুশিক্ষিত রানি প্রথম ইসাবেলকে। প্রকাশিত গ্রন্থের একটি কপি পাঠিয়ে দিলেন রানির কাছে।রানি বললেন, এ ভাষা তো আমার জানাই আছে। এই বইয়ের কী দরকার?তিনি বললেন, মহামতী রানি, ভাষাই হচ্ছে সাম্রাজ্যের হাতিয়ার।একই বছর অ্যান্টোনিওর আরও একটি বই প্রকাশিত হলো ল্যাটিন-স্প্যানিশ অভিধান। তিন বছর পর স্প্যানিশ-ল্যাটিন অভিধান। তত দিনে ক্রিস্টোফার কলম্বাসের চোখেও নতুন আলোর সম্পাত হয়েছে। ক্রিস্টোফার সাদা চোখেই দেখতে পেলেন, পৃথিবী অনেক বড়। রানি প্রথম ইসাবেলের সহায়তায় ১৭টি পালতোলা জাহাজ নিয়ে দ্বিতীয় সফরে আবিষ্কৃত নতুন পৃথিবীতে প্রথম ইউরোপীয় শহরের গোড়াপত্তন করলেন, সেই শহরের নাম দিলেন ‘লা ইসাবেল’—রানির নামেই। চার অভিযানে ক্রিস্টোফার ইউরোপীয়দের আড়ালে থাকা পৃথিবীর অনেকটাই উদ্ভাসিত করেন। এক হাতে বাইবেল, অন্য হাতে ব্যাকরণ ও অভিধান নিয়ে সাম্রাজ্য বিস্তারের অভিযান এবং বিস্তারিত সাম্রাজ্যের শাসনকাজ শুরু হয়ে যায় তারই পরপর।সম্প্রতি ইনকা সভ্যতা আবার সংবাদে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় ইনকা সভ্যতার যেসব নিদর্শন অধিকার করে রেখেছে, ঠিক ১০০ বছর পর (১৯১২ সালে পেরু থেকে এগুলো হরণ করা হয়) তা ফিরিয়ে দিচ্ছে। ইনকা সমৃদ্ধ সভ্যতা হলেও ভাষার কোনো লিখিত রূপ পাওয়া যায়নি। ১৫৩২ সালে স্পেনীয় বিজয় ইনকা শাসনের অবসান ঘটায়। ইনকাদের শাসন-সাফল্যের একটি সূত্রই ছিল অঞ্চলগুলোর মধ্যে বিবাদ জিইয়ে রাখা এবং কথ্য ‘কোয়েচুয়া’ ভাষা চাপিয়ে দেওয়া। রোমান ক্যাথলিক চার্চ এই আরোপিত ভাষা শিক্ষা দেওয়ার জন্য প্রচুর সময় ও সম্পদ বিনিয়োগ করেছে। রাষ্ট্র ও চার্চের মধ্যে আঁতাত বরাবরই ছিল। পারস্পরিক নির্ভরতা শোষণের কাজটি উভয়ের জন্যই সহজতর করে।অ্যাজটেক সাম্রাজ্যও এই ধারাটিকে ধরে রাখে। আরোপিত ভাষা ও সংস্কৃতি গ্রহণকারীর বেলায় যত বেদনাদায়কই হোক না কেন, শাসনের জন্য এটিই মোক্ষম হাতিয়ার। পরবর্তী সময়ে ইংরেজ, ফরাসি, স্পেনীয়, ডাচ, পর্তুগিজ—সব সাম্রাজ্যবাদী শক্তিই ভাষার অস্ত্রটিকে বিশেষভাবে ব্যবহার করেছে। আবার এটাও সত্য, অ্যান্টোনিও ব্যাকরণ রচনার যে কাজটি সুসম্পন্ন করে রানিকে পাঠিয়েছিলেন, তা উপনিবেশগুলোরও কাজে লেগেছে। এর ওপর ভিত্তি করেই-না আজকের সমৃদ্ধ ল্যাটিন আমেরিকান সাহিত্য।বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিত হয় ভাওয়ালের গির্জায় পর্তুগিজ যাজক মনোএল দ্য আসসুম্পসাওয়ের হাতে ১৭৩৪-৪২—এই আট বছরে এবং মুদ্রিত হয় ইউরোপে, পর্তুগালের রাজধানী লিসবনে ১৭৪৩ সালে। এই ব্যাকরণ গ্রন্থটির দ্বিতীয় অংশটি ছিল বাংলা-পর্তুগিজ ও পর্তুগিজ-বাংলা অভিধান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ন্যাথানেল হ্যালহেড (১৭৫১-১৮৩০) লেখেন বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ ১৭৭৮ সালে, লিখিত হয় ইংরেজিতে। ১৮০১ সালে ধর্মযাজক উইলিয়াম কেরির (১৭৬১-১৮৩৪) হাতেই বাংলার জন্য রচিত হয় বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার ক্ষেত্রে মানতেই হয়, ধর্মযাজক ও কোম্পানির কর্মচারীরা কিছু গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন। শিক্ষাকে মাদ্রাসা ও টোলের বাইরে নিয়ে আসতে পারাটাও ছিল একটি বৈপ্লবিক পদক্ষেপ।