ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল: নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া
ভাষাকে জানার প্রত্যয়
চৈত্রের শুরু। বসন্তের মাঝামাঝি। গাছের শুকনো পাতা ছড়িয়ে আছে মাঠজুড়ে। পায়ের স্পর্শ পড়লেই মর্মর ধ্বনি। চারপাশে গাছগাছালিঘেরা খেলার মাঠ। শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়। এখানে হচ্ছে নবম ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব। বায়ান্নর ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া। হাজারো শিক্ষার্থীর কলকাকলিতে মুখরিত বিদ্যালয়ের মাঠ। সবার হাতে ভাষা প্রতিযোগের প্রবেশপত্র। মনের ভেতর ভাষাকে ভালো করে জানার আকাঙ্ক্ষা। সকাল ১০টায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এ সময় জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক। এ সময় এক হাজার ২০০ জন শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হয় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ পুরো বিশ্বকে আজকের তরুণেরা জানান দিচ্ছেন, তাঁরা তাঁদের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালোবাসেন। মাথার ওপর তীব্র রোদ। তবু কারও মুখে নেই বিরক্তির ছাপ। নেই কোনো অভিযোগ। দেশ মাকে সম্মান জানানোর পর শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করে। নিবন্ধন নম্বর খুঁজে রেখেছিল আগেই। এখন শুধু চটপট করে বসে পড়া। প্রশ্নপত্র নিয়ে হলে চলে গেলেন পরীক্ষকেরা। ঘণ্টা বাজার অপেক্ষা। ঘণ্টা বাজলেই শুরু হবে পরীক্ষা।ঢং! ঢং! ঢং। ঘণ্টা বাজল। শুরু হলো কলমের পথচলা। ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে উপস্থিত ওই অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নিল নবম ভাষা প্রতিযোগে। এটি ভাষা প্রতিযোগের দ্বিতীয় আসর। ৩০ মিনিটের পরীক্ষা, পরীক্ষা-খেলা শুরু। এ সময়ের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় নাশতা ও সনদ। কারও মন খারাপ। প্রশ্ন কমন পড়েনি। কেউ বা আবার আনন্দ-উল্লাস করছে। কেউ বা আবার হারিয়ে গেছে ভাষার মায়াজালে। শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষার হল পুরো শান্ত। ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা।আবারও বাজল ঘণ্টা। এবার উত্তরপত্র জমা দিতে হয়। কেউ হাসিমুখে দিচ্ছে। কেউ মুখটাকে কালো করে বলছে, আরেকটু তো সময় ছিল। পরীক্ষা শেষ। এবার শিক্ষার্থীদের পালা। শিক্ষার্থীরা দর্শকসারিতে গিয়ে বসে পড়ে। এক দিক দিয়ে চলছে পরীক্ষার উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ, অন্যদিকে মূল মঞ্চ তৈরি হচ্ছে প্রশ্নোত্তর পর্বের জন্য। শুরুতে ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। মঞ্চে আসেন প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বিনয় বর্মন, চট্টগ্রামে প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন এবং ভাষা প্রতিযোগের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক মনজুর। এত দিন যে শিক্ষকেরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রশ্ন করতেন, আজ সেই শিক্ষকদের প্রশ্ন করবে শিক্ষার্থীরা। আর উত্তর দেবেন শিক্ষকেরা। প্রশ্ন করার আগেই শিক্ষার্থীদের কাছে কাগজের টুকরা পৌঁছে দিয়েছেন বন্ধুসভার বন্ধুরা। মুখে যে প্রশ্নটি করবে, তা ওই কাগজে লিখে জমা দিতে হবে। কারণ, এ প্রশ্নগুলোর উত্তরসংবলিত বই বের করবে প্রথমা প্রকাশন। শুরু হয় একের পর এক প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর মেলে শিক্ষকদের কাছ থেকে। প্রশ্ন-উত্তরে একাকার হয়ে যায় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা। সবার পক্ষ থেকে বন্ধুসভার সভাপতি শাহীন মৃধা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় শিক্ষার্থীরা আরও রোমাঞ্চিত হয় শিল্পী মাহমুদুজ্জামান বাবুর গানে। ‘আমি বাংলার গান গাই’সহ দুটি গান করেন তিনি। এর রেশ শেষ না হতেই হঠাৎ কানে ভেসে আসে, ‘আমরা সবাই বাঙালি। আমি, তুমি, সবাই। আমরা দেশকে অনেক ভালোবাসি।’ মঞ্চ থেকে কথা বলছিলেন একটি ছেলে। মাথায় লাল-সবুজ পতাকা। হাতে গিটার। সবাই ফিরে তাকাল। গাইলেন তিনটি গান। সবার মনে প্রাণের সঞ্চার ঘটল। যিনি ঘটালেন তাঁর নাম পুলক অধিকারী। ২০০৬ সালের ক্লোজআপ-ওয়ান তারকা।ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শিক্ষার্থীরা দারুণ সাহসী ও বুদ্ধিমান। শিক্ষকেরা যখন মঞ্চ থেকে নেমে গেলেন, তখন মঞ্চ দখলে নিল শিক্ষার্থীরা। গান ও কৌতুকে তারা মাতিয়ে তোলে সবাইকে। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা মঞ্চায়ন করেন বাংলাদেশের ইতিহাস নিয়ে একটি নাটিকা। কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। সবার টনক নড়ে। ঘোষণা করা হয় ফলাফল। বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। গাছের ছায়াগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের মধ্য থেকে বিদায় নিল ভাষা প্রতিযোগের দ্বিতীয় আসরের শিক্ষার্থীরা।