ভাষাগত দুর্ভোগের শিকার বিচারপ্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল, জনগণের আবেদন-নিবেদনের অবলম্বন। একজন নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবীরা আদালতে লড়েন; বিচারকেরা পক্ষে-বিপক্ষে রায় দেন। কিন্তু আইনজীবীরা যখন মক্কেলের পক্ষ হয়ে দুর্বোধ্য কোনো ভাষায় আবেদন করেন, বিচারক বিচার শেষে সেই ভাষায় রায় দেন অথচ বিচারপ্রার্থী বুঝলেনই না আইনজীবী আসলে কী লিখেছিলেন বা কী বলেছিলেন কিংবা জজ সাহেবই বা কী রায় লিখলেন, তখন পুরো ব্যাপারটা তাঁর কাছে অন্ধকারেই থেকে যায়। দেশের সরকারি অফিসগুলোতে যোগাযোগের ভাষা হিসেবে বাংলা ব্যবহূত হলেও উচ্চ আদালত এখনো সেই সাবেকি ইংরেজি রোগে ভুগছে। এই রোগের শিকার হয়ে উচ্চ আদালতের সাধারণ বিচারপ্রার্থীরা আজ জর্জরিত। অথচ নাগরিক হিসেবে মামলার প্রদত্ত রায় সংশ্লিষ্ট পক্ষগণের জানার ও বোঝার অধিকার রয়েছে। ভাষাগত সমস্যার কারণে তাঁরা নানামুখী সমস্যার সম্মুখীন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় উচ্চ আদালতে বাংলা ভাষা প্রচলন করা তাই সাধারণ ভুক্তভোগীদের আজ সময়ের দাবি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এসব বিচারপ্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, আদালতের ভাষা বুঝতে না পারায় তাঁরা বিভিন্ন অসুবিধায় ভুগছেন। তাদেরই একজন আবদুল আউয়াল। কুড়িগ্রাম থেকে এসেছেন। ছয় মাস ধরে তাঁর রিট মামলা চলছে। মামলা কোন পর্যায়ে আছে—জানতে চাইলে তিনি কিছুই বলতে পারলেন না। শুধু বললেন, ‘উকিল বলেছেন, এখন শুনানি চলছে।’ বললাম, মামলা আপনার অথচ আপনি কিছুই জানেন না? তিনি বলেন, ‘জানব কীভাবে, আদালতের ভাষাই তো বুঝি না। আবার উকিলের সঙ্গেও বেশি কথা বলতে পারি না। আইনজীবী-বিচারপতিরা কী কথা বলেন, তা তাঁরাই বোঝেন। আমি অল্পশিক্ষিত মানুষ, তাঁদের কথা বোঝার ক্ষমতা আমার নাই। আইনজীবী আমাদের যা বোঝান, তা-ই আমাদের বুঝতে হয়। নথিপত্রগুলো ইংরেজিতে লেখার কারণে তা পড়তে পারি না। উকিলের মহুরিরা নথিপত্র পড়ার জন্য টাকা চান। মামলা করতে করতে আমরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছি।’ বাংলা ভাষা হলে সুবিধা হতো কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আইনের ভাষা তো আমাদের দ্বারা সব বোঝা সম্ভব নয়, তার পরও মাতৃভাষা হিসেবে কিছুটা হলেও বুঝতাম।’ তাঁর সঙ্গে কথা বলার সময় পাশে থেকে আরেকজন বলে উঠলেন, ‘নিম্ন আদালতে যদি বাংলা চলতে পারে, তবে উচ্চ আদালতে বাংলা প্রচলনে সমস্যা কোথায়?’ জানা গেল, তিনিও বিচারপ্রার্থী। নাম মনিরুল ইসলাম। হাইকোর্ট বিভাগে তাঁর আপিলের শুনানি চলছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যে দেশের বেশির ভাগ লোক অশিক্ষিত, সে দেশের আদালতে বিদেশি ভাষার ব্যবহার বিলাসিতার মতো। ভাষা না বুঝতে পারার কারণে আমরা উকিলের কাছে জিম্মি হয়ে পড়েছি। কোর্টে আসা-যাওয়া ছাড়া যেন আর কোনো কাজ নেই। উকিল হাজিরার তারিখ বলে, আর সময়মতো এসে হাজিরা দিই। মামলা কোন পর্যায়ে আছে, তা-ও ঠিকমতো জানতে পারি না।’ তিনি প্রশ্ন করেন, ‘ব্রিটিশ আমলে বিচারকেরা ভিনদেশি হওয়ায় হয়তো তাঁরা বাংলা বুঝতেন না, কিন্তু এখন তো আমাদের সব বিচারকই বাংলাদেশের, তবু কেন উচ্চ আদালতে বাংলা ভাষা চলে না?’ বিচারব্যবস্থা জনগণের ভাষায় চলা উচিত বলে তিনি মনে করেন। কোর্টের নিচে কয়েকজনকে দেখা গেল জটলা পাকিয়ে একটা কাগজ নিয়ে আলোচনা করছেন। জিজ্ঞেস করলাম, কাগজটা কিসের? একজন বললেন, ‘মামলার রায়ের কপি।’ জিজ্ঞেস করলাম, কী রায় পেয়েছেন? জানালেন, ‘হাইকোর্ট বিভাগ মামলা খারিজ করে দিয়েছেন, এখন তাঁরা আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’ জানতে চাইলাম, রায় পড়েছেন? হেসে একজন বললেন, ‘ইংরেজি তো পড়তে পারি না।’ আইনজীবী আপনাদের পড়ে শোনাননি? তিনি বলেন, ‘শুধু বলেছেন, মামলার রায় আমাদের পক্ষে যায়নি, তাই আপিল বিভাগে যেতে হবে।’ উচ্চ আদালতে এই হলো সাধারণ বিচারপ্রার্থীদের বাস্তব অবস্থা। তাঁরা মামলা করেন, আইনজীবীকে টাকা দেন, মামলার রায় পান; কিন্তু বোঝেনই না, কী রায় তিনি পেলেন কিংবা কোন কারণে তিনি মামলায় জিতলেন বা হেরে গেলেন। আইনজীবীরাও ব্যস্ত মানুষ। তাঁদের সময় কোথায়, মক্কেলকে রায় পড়ে শোনানোর। মামলায় হার হয়েছে, না জিত হয়েছে—এটুকু জানানোর মধ্য দিয়েই তাঁদের দায়িত্ব শেষ। আর মক্কেলের একান্ত জানার ইচ্ছা থাকলে মহুরি তো টাকার বিনিময়ে পড়তে রাজিই আছেন। অথচ আইনজীবীর দায়িত্ব রায় মক্কেলকে পড়ে শোনানো এবং বুঝিয়ে বলা, কোন কারণে তাঁরা মামলায় জিতলেন বা হারলেন।বিশেষজ্ঞদের মতে, উচ্চ আদালতে বাংলা ভাষা প্রচলনে আইনগত কোনো বাধা নেই। আইনজীবী ও বিচারপতিদের সদিচ্ছা হলেই তা চালু করা যায়। ভাষার কারণে এত প্রাণের বিসর্জনের পরও যদি দেশের সর্বোচ্চ আদালতে বিদেশি কোনো ভাষার কাছে বাংলা ভাষা পদদলিত হয়, তা আমাদের জন্য দুর্ভাগ্যই বটে। তথাকথিত কিছু সমস্যার অজুহাত দেখিয়ে আমরা বঞ্চিত করছি দেশের হাজার হাজার বিচারপ্রার্থীকে। উচ্চ আদালতে বাংলা ব্যবহার না করাটা যেহেতু রেওয়াজে পরিণত হয়েছে, তাই সেটা দূর করতে হয়তো কিছু সময় লাগবে এবং কিছু সমস্যাও হবে। কিন্তু সাধারণ বিচারপ্রার্থীদের বৃহৎ স্বার্থের কথা বিবেচনায় সে সমস্যা দূরীকরণ তেমন কোনো কঠিন কাজ হবে না। উচ্চ আদালতের কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিয়ে সে নজির দেখিয়েছেন। এমনকি সুপ্রিম কোর্টের নির্ভরশীল সূত্রে জানা গেছে, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল ঘোষণাসংক্রান্ত উচ্চ আদালতের রায়ও বাংলায় হচ্ছে। তাই উচ্চ আদালতে বাংলার প্রচলন একদিকে যেমন ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অপরিহার্য, পাশাপাশি জরুরি নিরঙ্কুশ সাধারণ বিচারপ্রার্থীর বোধগম্য বিচারের স্বার্থেই।