মোদের গরব মোদের আশা: ২১ ফেব্রুয়ারি বায়ান্নর ভাষা আন্দোলন যে আগুন ছড়িয়েছিল, তা এনে দিয়েছিল স্বাধীনতা। মাতৃভাষা আন্দোলনের সেই অগ্নিঝরা দিনগুলো স্মরণে ভাষার সংকট, সম্ভাবনা ও বৈচিত্র্য নিয়ে লিখছেন এম এ মোমেন
ভাষাচর্চায় চিঠির বিকল্প ছিল না
তরুণী বধূ স্বামীকে যে চিঠিটি লিখেছিল, তাতে তার মনের কথা ব্যক্ত হয়েছিল আধেক মাত্র। আধেক ছিল অব্যক্ত। চিঠির পাদদেশে বধূটি লিখেছে:বি. দ্র: পত্রের ভুলত্রুটি নিজগুণে ক্ষমা করিবেন, আর পত্রে যাহা লিখিতে পারি নাই তাহাও বুঝিয়া লইবেন।কিছুটা ব্যক্ত, কিছুটা অব্যক্ত চিঠিপত্র ছিল ভাষাচর্চার অন্যতম প্রধান অবলম্বন। একটি দম্পতির এই আদান-প্রদান সংকলিত হলেই হয়তো দাঁড়িয়ে যেত একটি মহাকাব্যিক উপন্যাস। চিঠির বোঝা কাঁধে নিয়ে ছুটত রানার। সুকান্ত ভট্টাচার্যের সেই অমর পঙিক্তগুলো:‘কত চিঠি লেখে লোকে/ কত সুখে, প্রেমে আবেগে, স্মৃতিতে কত দুঃখ ও শোকে।’প্রয়োজন ও আবেগ মানুষকে চিঠি লিখিয়েছে। সুকান্তের ডাক হরকরার নিজের চিঠি কখনো বিলি হয়নি: ‘এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও/ এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ।’শত শত চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ। ১৪ ডিসেম্বর ১৯০৩ শিলাইদহ থেকে তিনি মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে লিখলেন:‘আমি নিরুদ্দেশ হইয়া বাহির হইয়া পড়িয়াছিলাম, ভাবিয়াছিলাম ডাকঘরের সঙ্গে কোন সম্পর্কই রাখিব না—কিন্তু ঠিকটি ঘটিয়া উঠিল না—পোস্ট অফিসের হস্তে আত্মসমর্পণ করিতে হইয়াছে।’অনেক বছর পর ২০ জুন ১৯৪১ মনোরঞ্জন লিখলেন রবীন্দ্রনাথকে:‘আজকাল শুনি আপনি নাকি চিঠি পড়তে পারেন না, পড়ে শোনাতে হয়। সেও এক জঞ্জাল। তাই ভাবি, ওরা আপনাকে আমার এই চিঠিখানা পড়ে শোনাবে কি না। না শোনালেও, আমার বিশ্বাস, আমার মনের কথা তাদের পুরোনো দিনের অভ্যস্ত পথের লুপ্ত চিহ্ন ধরে স্বস্থানে উপনীত হবেই হবে। সেই আমার ভরসা।’ নব্যপ্রস্তর যুগের গুহামানব তেগুমাই তাঁর স্ত্রী তেশুমাই ও কন্যা ত্যাফিকে নিয়ে বসবাস করত। তেগুমাই একদিন মেয়েকে নিয়ে মাছ ধরতে গেল গাই নদীতে। হঠাৎ মাছ ধরার বল্লমটি ভেঙে যাওয়ায় বাড়িতে থাকা দ্বিতীয় বল্লমটি আনানোর দরকার হলো। ত্যাফি বার্চ গাছের ছালে হাঙরের দাঁত দিয়ে বাবার ছবি ও ভাঙা বল্লমের ছবি এঁকে এক আগন্তুককে দিল—এটা তেশুমাইয়ের হাতে পৌঁছলেই সে ব্যাপারটি বুঝতে পেরে ‘পত্রবাহকের’ হাতে দ্বিতীয় বল্লমটি দিয়ে দেবে। কিন্তু অচেনা ওই লোকের বহন করা চিত্রভাষার বার্তা দেখে তেশুমাই ভাবল, লোকটি তাঁর স্বামী ও কন্যাকে আক্রমণ করে বল্লম ভেঙে ফেলেছে আর বিজয়ের বাহাদুরি দেখানোর জন্য তাঁদের ছবি এঁকে নিয়ে এসেছে। কাহিনি এখানেই শেষ নয়। গল্পটির নাম ‘কেমন করে পৃথিবীর প্রথম চিঠি লেখা হয়েছে’।প্রত্নতাত্ত্বিক খননের সময় কর্দম প্রস্তরে মিসর রাজসভা থেকে ইসরায়েল রাজসভায় পাঠানো ৩৩০০ বছর আগের একটি চিঠিই এ পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো রাষ্ট্রীয় চিঠি। আর খ্রিষ্টপূর্ব ২২০০ অব্দে ব্যাবিলনিয়াতে প্রেমিক গিমিল একখণ্ড ইটের ওপর ভালোবাসার কথা খোদাই করে প্রেমিকা কাসবুয়ার কাছে পাঠিয়েছিল—এটিই এ পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো প্রেমপত্র।কিন্তু প্রযুক্তির কল্যাণে ডাকঘরের মাধ্যমে চিঠি লেখালেখি করে মনের কথা বিনিময় করার দিন যে শেষ হয়ে এসেছে। ঘড়ি ধরে জং ধরা লাল রঙা লেটারবক্সের তালা খুলতে আসতে আর তেমন দেখা যাচ্ছে না ডাক হরকরাকে। নাগরিক আবাসনের একটি বড় বৈশিষ্ট্যই ছিল, বাড়ির সদর দরজার এক পাশে ছোট্ট সুন্দর লেটারবক্স। পোস্টকার্ডে হোক কি হলদে খামে, চিঠির জন্য মানুষের ছিল অধীর প্রতীক্ষা। লিজ কার্পেন্টার লিখলেন, চিঠি লেখা বন্ধ করে আমরা কী যে মূল্যবান অভিজ্ঞতা হারাতে বসেছি! ফোনের কথা কি আরেকবার পড়া যায়?তাহলে হূদয়ের কথা বলা হারিয়ে যাবে? ‘আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জলের কালি’ বানিয়ে এ কালে কি কেউ আর পত্র লিখবেন না? সব হারিয়ে যাবে টেলিফোন, ভয়েস মেইল, শর্ট মেসেজ সার্ভিস আর ইলেকট্রনিক মেইলের তোড়ে! মস্কো শহরের একটি হোটেলে আত্মহত্যার পূর্বক্ষণে কবি সের্গেই য়েসেনিন একটি সংক্ষিপ্ত কাব্যপত্র রেখে যেতে চেয়েছিলেন। কিন্তু দোয়াত ছিল কালিশূন্য। য়েসেনিন নিজের রক্ত দিয়েই লিখলেন তাঁর শেষ লেখা।এসএমএস কিংবা ই-মেইলে কি সম্ভব রক্তের আখরে লেখা একটি চিঠি পাঠানো?চিঠি লেখা কমে যাওয়া কেবল বাংলাদেশেই ঘটেনি, ঘটেছে সারা পৃথিবীতে। নতুন সহস্রাব্দের প্রথম শতক শেষ হওয়া পর্যন্ত ডাক বিভাগ, ডাকবাক্স, ডাকপিয়ন, পোস্টকার্ড ও খাম আদৌ থাকবে কি না, কে জানে। চিঠি লিখতে না পারার বেদনা হয়তো প্রযুক্তি কিছুটা পুষিয়ে দেবে—কিন্তু ভাষার যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, তা পূরণ হবে কেমন করে।