রাজধানীর বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য নেওয়া ‘ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে’র চুক্তি সরকার বাতিল করেছে। বিষয়টি জানিয়ে ভূমি মন্ত্রণালয় বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড’কে (এনএসপিডিএল) চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে ‘২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর এনএসপিডিএল-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের সম্পাদিত চুক্তি জনস্বার্থে বাতিল করা হলো।’ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দায়দেনা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনে সরকারের কাছে বেসরকারি প্রতিষ্ঠানের কোনো পাওনা নির্ধারিত হলে তা বিধিমতে পরিশোধ করা হবে। কমিটি গঠনসহ পুরো বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ৭ নভেম্বর ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রকল্পে অনিয়ম পাওয়া গেছে: চুক্তি বাতিলের চিঠিতে ভূমি মন্ত্রণালয় বলেছে, চুক্তি সম্পাদনের পাঁচ বছরের মধ্যে এ প্রকল্প সম্পাদনের কথা ছিল। তবে সাত বছর পার হতে চললেও ভাষানটেক বস্তি এলাকা থেকে উচ্ছেদকৃত লোকজনকে এখনো পুনর্বাসন করা হয়নি। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বস্তিবাসী ও নিম্নবিত্তদের এ প্রকল্পের অনুমোদিত নকশার বাইরে স্থাপনা করেছে। বেশি মূল্যে ফ্ল্যাট বিক্রির জন্য জিমনেসিয়াম, সাইবার ক্যাফে, ওয়াশিং প্লাট, এনএসপিডিএল ক্যাটারিং স্থাপন করা হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকায় তিনতারা হোটেলের সাইনবোর্ড টাঙিয়ে রাখে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে ফ্ল্যাট বিক্রির কার্যক্রম শুরু করলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশন এ প্রতিষ্ঠানের বিষয়ে জানতে চেয়ে ভূমি মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায়। এ প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে চুক্তির শর্ত পালন করে প্রকল্প বাস্তবায়নে অনুরোধ করা হয়েছিল বা আইনসম্মত পরামর্শ দেওয়া হলেও তারা তা আমলে নেয়নি। এ ছাড়া চুক্তি অনুযায়ী সমস্যা সমাধানে সালিসি বোর্ড গঠন করা হলেও প্রতিষ্ঠানটি সালিসি বোর্ডকে সহায়তা করেনি।চুক্তির ধারা লঙ্ঘন: চিঠিতে বিস্তারিত জানানো হয়েছে কীভাবে কোন কোন ধারা বেসরকারি প্রতিষ্ঠানটি লঙ্ঘন করেছে। ৪.৫ ধারা লঙ্ঘন করে ভূমি মন্ত্রণালয়কে উপেক্ষা করে ইচ্ছেমতো সুবিধাভোগীদের ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে। ৩.৪ ধারা লঙ্ঘন করে ব্যাংকের পরিবর্তে নিজ অফিসে আবেদন ফরম বিক্রি, জামানত, কিস্তির টাকা আদায় ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয়সংক্রান্ত লেনদেন করেছে। ৬.৯ ধারা মতে ২০০৪ সালের ১২ জানুয়ারি কার্যাদেশ দেওয়ার তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে এক-তৃতীয়াংশ ফ্ল্যাট তৈরির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু সেই পরিমাণ কাজ হয়নি। চিঠিতে আরও কিছু ধারার উল্লেখ আছে। চিঠিতে বলা হয়, এসব শর্ত লঙ্ঘনের বিষয়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন সময়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। ফ্ল্যাটের জন্য চুক্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে জনসাধারণের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হলেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেয়নি। এসব বিষয়ে জানতে চাইলে এনএসপিডিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, চুক্তি বাতিলের চিঠি তিনি পেয়েছেন। যেসব অভিযোগ আনা হয়েছে তার পুরোটাই মিথ্যা ও বানোয়াট। আবদুর রহিম বলেন, ‘মন্ত্রণালয় আদালত অবমাননা করে আমাদের চুক্তি বাতিল করেছে। অসৎ উদ্দেশ্যে এ চুক্তি বাতিল করা হয়েছে। আমরা আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করব।’