উড়ল ভাষার বেলুনচৈত্রের সকাল। রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠ। ২৩ মার্চ, শুক্রবার। মাইকে ঘোষণা এল, ‘সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবারের ভাষা প্রতিযোগের উদ্বোধনী অনুষ্ঠান।’ তৎক্ষণাৎ থেমে গেল সব কোলাহল। ছোট্ট ছিমছাম মঞ্চে উঠে এলেন অধ্যাপক আনিসুজ্জামান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম ভূঁইয়া, প্রথম আলোর উপসম্পাদক ও লেখক আনিসুল হক।বন্ধুসভা এবং কলেজের শিল্পীরা গাইতে শুরু করলেন জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা...’। গলা মেলালেন সবাই। গানে গানে উঠতে লাগল পতাকা। বাতাসে যখন পতাকা উড়ল পতপত করে, তখন নুরুল ইসলাম ভূঁইয়া উদ্বোধন ঘোষণা করলেন অষ্টম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ, ঢাকা অঞ্চলের উৎসবের। সঙ্গে বললেন, ‘এই উৎসব শিক্ষার্থীদের বাংলা ভাষা চর্চায় আরও আগ্রহী করবে। ভাষা প্রতিযোগের সঙ্গে রেসিডেনসিয়াল মডেল কলেজের সম্পৃক্ততা গর্বের বিষয়।’ অধ্যাপক আনিসুজ্জামান বললেন ভাষার সৌন্দর্য আবিষ্কারের কথা, ‘আমরা জন্মসূত্রে ভাষা লাভ করি। তার পরও এই ভাষা শিখতে হয় আমাদের। কারণ, এর রহস্য ও সৌন্দর্য আবিষ্কার করতে হয়। ভাষা শুদ্ধভাবে লেখা ও পড়া খুবই জরুরি।’ ভাষা প্রতিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানালেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বেলুন ছিল একগুচ্ছ। সেই বেলুনগুলো নিয়ে যাওয়া হলো প্রতিযোগীদের মাঝে, তারপর তা উড়িয়ে দিলেন অতিথিরা। দেখে মনে হলো, স্বাধীনতার স্বাদ পেল বেলুনগুলো! তখন আমাদের ভাষাশহীদদের কথা মনে পড়ে। তাঁদের আত্মত্যাগের কারণেই না এমন ভাষা উৎসবে অংশ নিই আমরা।পরীক্ষার উৎসবপরীক্ষা—এর মাঝে উৎসবের কোনো ছিটেফোঁটাও কি আছে? ভাষা প্রতিযোগেই বোধ হয় পরীক্ষার অর্থটা অন্য রকম হয়ে যায়। প্রতিযোগে অংশ নিয়েছিল রাজধানীসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার হাজার খানেক প্রতিযোগী। ৩০ মিনিটের পরীক্ষা শুরু হওয়ার প্রাক্কালে সবার কলকাকলি আর উত্তেজনা দেখে মনে হলো, সত্যি ওরা উৎসবেই এসেছে। প্রশ্নপত্র পাওয়ার পর অবশ্য দৃশ্যপট গেল পাল্টে। গভীর মনোযোগ ঢেলে দিল সবাই প্রশ্নের মধ্যে। কেউ কেউ অবচেতনে কামড়াতে লাগল কলম, কেউ কেউ শুরু করল মাথা চুলকাতে। সুনসান পরীক্ষাকক্ষে মাঝেমধ্যেই শোনা গেল, ‘এই, পেছনে তাকাবে না!’ ধরনের নির্দেশ। বাইরে তখন অভিভাবকদের অধীর অপেক্ষা। একসময় বাজল ঘণ্টা—পরীক্ষা শেষ। শুরু হলো প্রতিযোগীদের হিসাব মেলানোর পালা—আরে, তোর উত্তর তো ভুল হয়েছে! কেউবা দাবি করছে, ‘না, আমি গত রাতেই পড়ে এসেছি এটা!’‘গত রাতের’ কথা উঠতেই সবাই ম্রিয়মাণ; কার্বন-ডাই-অক্সাইডের মতো সবার ভেতর থেকে নির্গত হতে লাগল ‘আফসোস বায়ু’। তার আগের রাতেই যে এশিয়া কাপের ফাইনালে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ!২ রানের কষ্ট এবং...প্রশ্নোত্তর পর্বের আগে সঞ্চালক প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু শুরু করলেন আগের রাতের ক্রিকেট প্রসঙ্গ দিয়েই। বললেন, ‘২ রানের দুঃখ কিছুতেই ভুলতে পারছি না।’ সমস্বরে শিক্ষার্থীরাও জানিয়েদিল তাদের মনঃকষ্টের কথা। সঞ্চালক বললেন, ‘হারি বা জিতি যেকোনো অবস্থায়ই আমরা দলের পাশে থাকব।সব সময় দলের খেলোয়াড়দের সমর্থন দেব, যাতে ওরা আরও ভালো খেলে।’ প্রবল করতালি দিয়েএ মতকে সমর্থন জানাল শিক্ষার্থীরা।তির ছুটল প্রশ্নেরমঞ্চে ততক্ষণে আসন নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সৌমিত্র শেখর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারেক রেজা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ফেরদৌস আরা বেগম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিনয় বর্মণ ও মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের শিক্ষক কুদরত-ই-হুদা ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। সেই ক্রিকেট নিয়েই বললেন আনিসুল হক, ‘গতকাল যে বাংলাদেশ হেরে গেল, কারা কারা কষ্ট পেয়েছ?’ উত্তর যেন গলায় এসে ছিল, ‘আমরা সবাই!’ ‘কতটুকু কষ্ট পেয়েছ?’ দুই হাত প্রসারিত করে সবাই জানাল, ‘অনেক!’ আনিসুল হকও সমব্যথী, ‘আমরা অনেক কষ্ট পেয়েছি। কারণ, দেশটাকে, এই দলটাকে আমরা গভীরভাবে ভালোবাসি। হেরে গেলেও বাংলাদেশ দলই বিজয়ী। বাংলাদেশকে আমরা মা বলে ডেকেছি। তাই বলি, “মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি।” যত্ন করে বাংলা ভাষা শিখতে হবে আমাদের। তাকাতে হবে সামনের দিকে। আলোকিত করতে হবে এই দেশটাকে।’বরাবরই যেমনটা হয়, এবারও তার ব্যতিক্রম হলো না। প্রশ্ন তো নয়, যেন আস্ত গোলাই ছুটে আসতে লাগল শিক্ষকদের উদ্দেশে! ভীষণ বেকায়দায় ফেলে দিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাব্বির আহমেদ, ‘স্কুলে যেসব ব্যাকরণ বই পড়ানো হয়, সেগুলোর রচনায় ইংরেজি উদ্ধৃতি তুলে ধরা হয়। তাহলে কেন ইংরেজি রচনায় বাংলা উদ্ধৃতি রাখা হয় না?’ বুদ্ধিদীপ্ত প্রশ্নটা শুনে বাহবার হাততালি পেল সাব্বির। ভেবেচিন্তে ভীষ্মদেব চৌধুরী দিলেন উত্তরটা, ‘১৯০ বছর আমরা ভিনদেশিদের শাসনে ছিলাম। জ্ঞানচর্চার জন্য সে সময় থেকে ইংরেজির ওপর গুরুত্ব দেওয়া হতো। তাই এমনটা হয়েছে। তবে এটা এড়ানো উচিত।’ রাষ্ট্রবিজ্ঞান, পৌরবিজ্ঞান হলে ভাষাবিজ্ঞান কেন বলা হবে না—এমন প্রশ্ন এল দীপান্বিতা বিশ্বাসের কাছ থেকে। বিশ্বজিৎ ঘোষ দিলেন জবাব, ‘সাহিত্য থেকে জ্ঞানার্জনের পাশাপাশি রসসিক্তও হওয়া যায়। তাই একে আমরা ভাষাবিজ্ঞান বলি না।’ উত্তর পেয়ে ভারি খুশি দীপান্বিতা। আরও খুশি হলো যখন সঞ্চালক বললেন, ‘এসো, ভালো প্রশ্ন করার জন্য বই নিয়ে যাও।’রবীন্দ্রনাথ ঠাকুরের পঙিক্ত নিয়ে প্রশ্ন রাখল এস এম বারী, ‘ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে—এখানে তালা না ভেঙে চাবি ভাঙার কথা বলা হচ্ছে কেন?’ বিষয়টি নানাভাবে ব্যাখ্যা করলেন কয়েকজন শিক্ষক, ‘রবীন্দ্রনাথ সচেতনভাবেই এমনটি লিখেছেন। এটা ভুল নয়।’ একজন অভিভাবক নিজের থেকে বললেন, ‘পাবনা অঞ্চলে তালাকে চাবি বলে।’একজন আবার প্রশ্ন করে বসল, ‘ভালোবাসা যদি হয়, মন্দ বাসা হবে না কেন?’ সৌমিত্র শেখর মজা করে উত্তর দিলেন, ‘বাসা বলতে যদি আবাস বোঝায়, তবে মন্দ বাসাও হতে পারে।’একটি ছোট্ট মেয়ে প্রশ্ন করল, ‘বায়ান্নর ভাষাশহীদদের তালিকায় কোনো নারীর নাম নেই কেন?’ সৈয়দ আজিজুল হক জবাবে বললেন, ‘ভাষা আন্দোলনে কোনো নারী শহীদ হয়েছে বলে জানা যায় না। তবে আমাদের গর্বের বিষয়, নারীরাও এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।’‘আইন-চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা ও ব্যবহারিক কাজের সর্বস্তরে বাংলা চালু হতে সমস্যা কোথায়?’ একজন শিক্ষার্থীর এমন প্রশ্নের জবাবে বিশ্বজিৎ ঘোষ বললেন, ১৮৫৩ থেকে ১৮৫৯ পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজ শিক্ষাদানের প্রতি ক্ষেত্রে বাংলা ব্যবহার করত। সেই সময়ে যদি এমনটা সম্ভব হয়, তবে এখন সম্ভব নয় কেন? এমন অনেক প্রশ্নই করে গেল প্রতিযোগীরা। চমৎকার সব প্রশ্ন করে অনেকেই জিতে নিল বই। এক ফাঁকে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসমিয়া আফরিন শুনিয়ে দিল সুকুমার রায়ের ‘গল্পবলা’ পদ্যটি। ভাষার লড়াই শেষেপ্রশ্নোত্তর পর্ব শেষ। ঘোষণা এল বিরতির। কিছুক্ষণ পরই পুনরায় ফেরা হলো নিজ নিজ আসনে। মঞ্চে এলেন ক্লোজআপ তারকা কিশোর ও আতিক। ‘ওরে নীল দরিয়া দিয়ে’ শুরু করে তাঁরা শেষ করলেন ‘ভালোবাসি তোমাকে’ গানটি দিয়ে। শিল্পীদের সঙ্গে গলা মিলিয়ে, হাত নেড়ে পুরো সময় উপভোগ করল সবাই। ভাষা আন্দোলন নিয়ে কথা বলতে মঞ্চে এলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারেক রেজা। ভাষা আন্দোলনের মাধ্যমে কী করে আমাদের জাতীয় চেতনার উদ্ভব ঘটেছিল, তা ব্যখ্যা করলেন অল্প কথায়, সুন্দর করে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনও মুগ্ধ শিশু-কিশোরদের উৎসাহ-আগ্রহ দেখে, ‘অসাধারণ কাজ করছ তোমরা! তোমাদের সবাইকে অভিনন্দন।’ আরও বললেন, ‘সবাই সব ভাষা শিখতে পারে। অন্য ভাষার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু মাতৃভাষাটা সবার আগে শিখতে হবে।’ এরপর আর কী! চলে এল সেই বুক ঢিবঢিব মুহূর্ত—কে হয় বিজয়ী? বিভাগ ছিল চারটি—প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। এবার ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে চার বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে পদক, সনদ ও বই দিয়ে পুরস্কৃত করা হয় সেরা ৬০ জনকে! ৫০ নম্বরের পরীক্ষায় ৩৪ পেয়ে সেরাদের সেরা হলো সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ইশরাক আহসান। কেবল সে-ই কিন্তু আনন্দে ভাসেনি; উৎসবের আনন্দ কি কেবল বিজয়ীদের? মোটেও না, দিনশেষে সবার ঝলমলে মুখ বলছিল, আমরাও বিজয়ী! আগের রাতে বাংলাদেশের জিততে জিততে হেরে যাওয়ার কষ্টটা যে ছিল এই শিশু-কিশোরদের, সেই কষ্টটাও ভুলে গেল ভাষার আনন্দে!