ভাষার উচ্ছ্বাসে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ২০ এপ্রিল প্রথমবারের মতো আয়োজিত হলো এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৩। আঞ্চলিক পর্যায়ের সর্বশেষ আয়োজন ছিল এটি। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীতপরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা তোলেন নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী। সঙ্গে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম। উদ্বোধনের পরপরই শুরু হয় পরীক্ষা।পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মঞ্চের সামনে তাদের নির্দিষ্ট আসনে বসে পড়ে। অতিথিরা এসে বসেন মঞ্চে রাখা চেয়ারগুলোতে। এরপর শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, প্রশ্নোত্তর পর্ব।শুরুতে বিষয়টা কী তা একটু বুঝিয়ে বললেন প্রথম আলোর চট্টগ্রাম অফিসের যুগ্ম সম্পাদক সঞ্চালক বিশ্বজিৎ চৌধুরী। তিনি ঠিক করে দিলেন, কে আগে বলবে। যারা বসে হাত তুলবে, শুধু তারাই বলতে পারবে। লক্ষণীয় বিষয়, শিক্ষার্থীদের প্রশ্নগুলো ছিল বুদ্ধিদীপ্ত। বাংলা ভাষা কীভাবে এল, বাংলা বানান কেন বদলে যাচ্ছে, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছিলেন—শিক্ষার্থীদের এমন অনেক প্রশ্নের উত্তর এ সময় ব্যাখ্যাসহকারে বুঝিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ আজম, তারিক মনজুর, তাশরিকি হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রাহেল রাজিব এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহজাহান আলী। যারা ভালো প্রশ্ন করছিল, তাদের জন্য বরাবরের মতোই ছিল বই। তবে সবাই প্রশ্ন করার সুযোগ না পেলেও মজার মজার প্রশ্নের জন্য ছিল সবার হাততালি।এক ফাঁকে মঞ্চ থেকে জানানো হলো, এবার প্রতি অঞ্চলের ভালো ভালো প্রশ্ন নিয়ে একটি বই তৈরি করা হবে, আর যাদের প্রশ্ন ভালো হবে, তাদের প্রশ্নগুলো তাদের নামেই ছাপানো হবে। এ কথার পরে যারা প্রশ্ন বলতে পারেনি, তারাও হাতে লিখে তাদের প্রশ্ন স্যারের কাছে জমা দিয়েছে। জমা পড়া প্রশ্ন থেকেও স্যারেরা উত্তর দিয়েছেন। মাঝেমধ্যে শিক্ষার্থীদের মাঝ থেকে বেছে নেওয়া হচ্ছিল যারা ভালো গান, আবৃত্তি করতে পারে, তাদের। ‘ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া’ গানের সুরে একজন শিক্ষার্থী মনে করিয়ে দিল আমাদের ভাওয়াইয়ার সৌন্দর্য।প্রশ্নোত্তর পর্বের মধ্যেই মঞ্চে আসেন ক্লোজআপ ওয়ান শিল্পী আতিক। ‘তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না’ এই গানের সুর মূর্ছনায় মুগ্ধ হয় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তার পরে গান পরিবেশন করেন কুষ্টিয়ার বাউলশিল্পী সালেহ। এর পর পরই শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। তার আগে প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ধন্যবাদ দিলেন অনুষ্ঠানে আসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। এরপর নীলফামারী বন্ধুসভার পক্ষে আবদুল হাদী অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতার কথা জানান। সবশেষে সঞ্চালক বিশ্বজিৎ চৌধুরী বলেন, তিনি কখনোই উত্তরাঞ্চলে আসেননি, তাই এ অঞ্চলের ঐতিহ্য আর মানুষের কৃষ্টি তাঁর কাছে ছিল সম্পূর্ণ অপরিচিত। তিনি তাঁর চট্টগ্রামের ভাষায় সবাইকে ধন্যবাদ জানান। এরপর নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরীর হাতে অনুষ্ঠানের ভেন্যু স্মারক তুলে দেন তিনি। ফলাফল পর্বে বিজয়ীর হাতে বই, সনদ ও মেডেল তুলে দেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। ফলাফলে সবার সেরা হয়েছে ডিমলা উপজেলার রানী বৃন্দারানী সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জলেনুর রহমান। এরপর বিজয়ীদের নিয়ে ছবি তোলা। কেউ গলায় ঝোলানো মেডেল কামড়িয়ে আবার কেউ দুই হাত তুলে চিৎকার করে জানান দিল বাংলাদেশের আগামী দিনের ভাষাবিদদের দলে সেও আসছে।